আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, অনেক প্রীতি ও শুভেচ্ছাসহ তোমাদের স্বাগত জানাচ্ছি ধারাবাহিক পাঠ আলোচনায়। বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে ‘আমরা তাঁদের ভুলব না’ প্রবন্ধ।প্রশ্ন: ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটিতে কে সুরারোপ করেছেন?উত্তর: ভাষা শহীদদের স্মরণে রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি এক ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ। আবদুল গাফ্ফার চৌধুরী রচিত এই কালজয়ী গানটিতে সুরারোপ করেছেন প্রখ্যাত সংগীতজ্ঞ ও সুরস্রষ্টা আলতাফ মাহমুদ। পাকিস্তানি সেনাদের নীলনকশার শিকার শহীদ আলতাফ মাহমুদ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটিতে সুর দিয়ে অমর হয়েছেন।প্রশ্ন: পাকিস্তানি সৈন্যরা কখন কোণঠাসা হয়ে পড়ল?উত্তর: পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে এ দেশের বহু মানুষ শহীদ হয়। কিন্তু রণে ভঙ্গ দেয় না। বরং তাদের উল্টো মার দেয় বীর মুক্তিযোদ্ধারা। দেখতে দেখতে যুদ্ধের প্রায় নয় মাস কেটে যায়। শেষের দিকে মুক্তিবাহিনীর সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানি সেনারা বিপাকে পড়ে যায়। মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তানি সেনারা কোণঠাসা হয়ে পড়ল।প্রশ্ন: তিনজন শহীদ সাংবাদিকের নাম কী কী?উত্তর: পাকিস্তানি সৈনিক ও তাদের দোসররা জানত সাংবাদিকেরাও তাদের জন্য বিপজ্জনক। তাই তারা খ্যাতনামা বেশ কয়েকজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করেছিল। তাঁদের মধ্যে তিনজন শহীদ সাংবাদিকের নাম হলো:(১) শহীদ সাবের (২) সিরাজুদ্দিন হোসেন(৩) সেলিনা পারভীন।প্রশ্ন: কোন সাংবাদিক-সাহিত্যিক সংবাদ অফিসে অগ্নিদগ্ধ হয়ে মারা যান?উত্তর: পাকিস্তানি সৈনিক আর তাদের দোসররা জানত সাংবাদিকেরাও তাদের জন্য বিপজ্জনক। তাই তারা কয়েকটি সংবাদপত্র অফিসেও আগুন লাগিয়ে দেয়। প্রতিভাবান সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাবের সে সময সংবাদ অফিসে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। যে রাতে পাকিস্তানি সৈনিক ও তাদের দোসররা সংবাদ অফিসে আগুন ধরিয়ে দেয়, সে রাতে শহীদ সাবের দৈনিক সংবাদ কার্যালয়ে ঘুমিয়েছিলেন। আগুনের লেলিহান শিখায় রাতে সেখানেই দগ্ধ হয়ে মারা যান তিনি।প্রশ্ন: মুনীর চৌধুরী কেন বিখ্যাত ছিলেন?উত্তর: মুক্তিযুদ্ধের শেষের দিকে এ দেশের স্বাধীনতাবিরোধী কিছু মানুষের সহায়তায় পাকিস্তানি সেনারা গোপন হত্যার নীলনকশা অনুযায়ী দেশের যে কয়জন বিশিষ্ট ও প্রতিভাবান ব্যক্তিকে তাঁদের ঢাকার বাড়ি থেকে তুলে নিয়ে যায় তাঁদেরই একজন মুনীর চৌধুরী। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক। কৃতী শিক্ষক মুনীর চৌধুরী বিখ্যাত ছিলেন নাটক রচনার জন্য। একজন প্রগতিশীল বস্তুনিষ্ঠ সমালোচক হিসেবেও তিনি সুপরিচিত।প্রশ্ন: শহীদ বুদ্ধিজীবী বলতে আমরা কাদের বুঝি?উত্তর: জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে বুদ্ধিচর্চার মধ্য দিয়ে সৃজনশীল কর্মকাণ্ড দ্বারা যাঁরা দেশ ও জাতির সেবা করে থাকেন তাদের বলা হয় বুদ্ধিজীবী। জাতীয় অগ্রগতি ও উন্নতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাকিস্তানি সেনা এবং তাদের দোসররা মুক্তিযুদ্ধের সময় এ দেশের বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক ও আইনজীবীসহ অনেক বুদ্ধিজীবীকে হত্যা করে। দেশ ও জাতির জন্য প্রাণদান করা এসব বরেণ্য ব্যক্তিই শহীদ বুদ্ধিজীবী। শহীদ বুদ্ধিজীবী বলতে আমরা মুক্তিযুদ্ধে শহীদ এসব জ্ঞানী, গুণী ব্যক্তিকেই বুঝে থাকি।প্রশ্ন: কোন দিন কেন আমরা ‘শহীদ বুদ্ধিজীবী’ দিবস পালন করি?উত্তর: মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি সেনারা কোণঠাসা হয়ে পড়ে। বুঝতে পারে তাদের খুব শিগগির পরাজয় ঘটবে। পরাজয় সুনিশ্চিত জেনে তারা বাংলাদেশের অপূরণীয় ক্ষতি করার ষড়যন্ত্র করে। তারা গোপন হত্যার পথ বেছে নেয়। তাদের নীলনকশা অনুযায়ী ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে ঢাকার বাড়ি বাড়ি থেকে দেশের বিশিষ্ট ও প্রতিভাবান ব্যক্তিদের তুলে নিয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর তাঁদের কারও ক্ষতবিক্ষত লাশ পাওয়া গিয়েছিল মিরপুর বধ্যভূমিতে, কারও কারও লাশও পাওয়া যায়নি। তাঁদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বরকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে আমরা পালন করি।প্রশ্ন: ‘আমরা তাঁদের ভুলব না’—কাদের ভুলব না, কেন ভুলব না?উত্তর: বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের চরম মূল্য দিতে হয়েছে। প্রায় নয় মাসের মুক্তিযুদ্ধে প্রাণদান করেছে এ দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ নানা পেশার মানুষ। মুক্তিযুদ্ধের শুরুতে এবং মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দেশের খ্যাতনামা বরেণ্য ব্যক্তিদের। পাকিস্তানি সেনারা এ দেশের মুক্তিযুদ্ধবিরোধী দোসরদের সহযোগিতায় নির্মমভাবে হত্যা করেছে দেশের বুদ্ধিজীবীদের। তাই যাঁদের মহান ত্যাগ ও প্রাণদান আমাদের স্বাধীনতার সঙ্গে মিশে আছে, আমরা তাঁদের ভুলব না। কারণ, তাঁদের মূল্যবান প্রাণের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি প্রিয় স্বাধীনতা।