উপাধ্যক্ষ (দিবা শাখা-জুনিয়র)ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকাপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী শুভেচ্ছা নিও। পরীক্ষা নিয়ে তোমরা একটুও চিন্তা করো না। এত দিন নিজের স্কুলে পরীক্ষা দিয়েছ। এখন অন্য একটি স্কুলের কেন্দ্রে সবাই একত্রে পরীক্ষা দেবে। ২৩ নভেম্বর তো কাছে এসে গেল। খাওয়া-দাওয়া ঠিকমতো করো, শরীরটা সুস্থ রেখো। এ সময় অল্পতেই ঠান্ডা লাগে। একটু সাবধান থেকো। আম্মুকে লুকিয়ে অনেকক্ষণ ধরে গোসল করো না, কয়েকটা দিন আইসক্রিম না খেলেই ভালো। পরে সর্দি-কাশিতে কাবু হবে। প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধ খেয়ো। এতে শরীর ভালো থাকবে, ঘুম হবে ভালো। জানোই তো, ভালো ঘুম হলে স্মরণশক্তি তরতাজা থাকে।পরীক্ষার হলে যা যা নিয়ে যাবে, তা আগের দিন রাতে গুছিয়ে রেখো। সবার আগে নিয়ো প্রবেশপত্র। আর শোনো, প্রবেশপত্র ফটোকপি করে বাসায় ফটোকপিটা রেখে দিয়ো। বলা তো যায় না, দুর্ঘটনাক্রমে মূল প্রবেশপত্র হারিয়ে গেলে কাজে লাগবে। সব বিষয়ে অপেক্ষাকৃত সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নগুলো প্রথমে লিখবে। বড় উত্তরের প্রশ্নগুলোর মধ্যে যেগুলো তোমার কাছে সহজ বলে মনে হয়, সেগুলো আগে লিখবে। কঠিনগুলো পরে লেখার চেষ্টা করবে। যেটা পারবে না সেটার কথা ভুলে যাবে। বোর্ডের পরীক্ষার প্রশ্ন সব সময় একটু সহজ হয়। পরীক্ষার খাতাটি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুন্দর রাখার চেষ্টা করবে। বেড়াতে গেলে আমরা একটু পরিপাটি হয়ে সেজেগুজে যাই না, সে রকম আর কি! কোনো অচেনা পরীক্ষক তোমার খাতা মূল্যায়ন করবেন আর ভাববেন, ‘বেশ ভালো ছাত্র।’ খুব ধীরেসুস্থে লিখবে, আবার খুব তাড়াহুড়ো করবে না। এতে যেমন হাতের লেখা খারাপ হবে, তেমনি ভুল করারও আশঙ্কা আছে। অঙ্ক পরীক্ষা দেবে খুবই ঠান্ডা মাথায়। রিভিশনের জন্য সময় রাখবে অন্তত ১০ মিনিট।মা-বাবার কাছে একটি অনুরোধ জানাচ্ছি, আপনাদের ছোট্ট সন্তানটির মাথায় দুশ্চিন্তার বোঝা চাপিয়ে দেবেন না। ওরা পরীক্ষাকে একটা উৎসবের মতো ভাবুক। ওরা যেন সুস্থদেহে, নিশ্চিন্ত মনে পরীক্ষা দিতে পারে, সেদিকে লক্ষ রাখুন। ওদের উৎফুল্ল রাখুন, ওদের আত্মবিশ্বাস জাগ্রত রাখুন, মনোবল অটুট রাখুন। কোনো বিষয়ে পরীক্ষা একটু খারাপ হলেও বকাঝকা করবেন না। বরং ভাবুন ও বলুন যে, জীবনে এর চেয়ে অনেক বড় পরীক্ষা আছে, এ পরীক্ষা খারাপ হওয়ার কোনো ব্যাপারই নয়। পৃথিবীর বড় মনীষীরা খুব কমই স্কুল-কলেজের পরীক্ষাগুলো পাস করেছেন। কিন্তু মহাজীবনের পরীক্ষায় তাঁরা উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার হলে যাঁরা পরিদর্শনের দায়িত্ব পালন করবেন, তাঁদের প্রতি আমার সবিনয় অনুরোধ, এই যে খুদে শিক্ষার্থীরা আপনাদের স্কুলে পরীক্ষা দিচ্ছে তাদের প্রতি বন্ধু ভাবাপন্ন থাকুন। তারা সবাই প্রতিভার অধিকারী। তারাই দেশের আগামী দিনের ভরসা। তাদের মধ্যে যে সম্ভাবনা আছে, তা বিকশিত হলেই আপনার, আমার, পুরো দেশবাসীর স্বপ্ন পূরণ হবে।