প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম), এনসিটিবিতোমাদের সামনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এটি তোমাদের প্রথম চূড়ান্ত পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা। পরীক্ষা এলে তো ভয় ভয় লাগে। তোমরা কি ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই। পরীক্ষা তো আগেও দিয়েছ। এ পরীক্ষা সে রকমই। তবে পার্থক্য এই যে, এ পরীক্ষা দেশব্যাপী একসঙ্গে একই প্রশ্নপত্রের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা দিতে হয় নিজের স্কুলে নয়, নির্ধারিত অন্য স্কুলকেন্দ্রে। এতে একরকম মজাও আছে। পরিচয় হয় নতুনের সঙ্গে, দেখা হয় অনেকের সঙ্গে। এ জাতীয় পরীক্ষায় উৎসবের আনন্দও পাওয়া যায়। কিন্তু পরীক্ষা দিতে হবে সাবধানে। কারণ চূড়ান্ত পরীক্ষা! এ পরীক্ষার মাধ্যমে পাওয়া যায় একটি সনদপত্র। জীবনের প্রথম সনদপত্র। শিক্ষার পরবর্তী স্তরে ও সারা জীবন ধরে এ সনদপত্রের মূল্য অনেক। মনে রেখো, তোমাদের পাঠ্যবই ও বইয়ের বিষয়বস্তু বেশি। প্রশ্নপত্র ভালোভাবে মন দিয়ে পড়বে। পড়ে বুঝতে হবে। জেনে রাখা ভালো, প্রশ্নপত্রে তোমাদের অজানা কিছুই থাকবে না। বিদ্যালয়ে যা পড়েছ, স্যার-ম্যাডামের কাছে যা শুনেছ, তার ভেতরেই আছে প্রশ্নের উত্তর। দরকার শুধু একটু ভেবে ঠান্ডা মাথায় দ্রুত উত্তর লেখা। দ্রুত এ জন্য যে, পরীক্ষার সময় নির্দিষ্ট। তা ছাড়া এটি প্রতিযোগিতামূলক পরীক্ষাও বটে। এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তিও দেওয়া হয়। তাই দ্রুত ও নির্ভুল উত্তর লিখতে হবে। অনেক সময় প্রশ্নের ভেতরেই উত্তরের কিছু কথা থাকে। একটি উদাহরণ দেখা যাক।প্রশ্ন: ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন?উত্তর: ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে দেখা যাচ্ছে উত্তরের কিছু কথা প্রশ্ন থেকেই চয়ন করা হয়েছে। এভাবে উত্তর লিখলে পরীক্ষা কঠিন মনে হবে না। উত্তর লিখতে হবে ভেবেচিন্তে। উত্তরপত্র হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। উত্তরপত্রের ডানে- ওপরে জায়গা রাখতে হবে সমান্তরাল। নম্বরের মান অনুসারে উত্তরের পরিধি নির্ধারিত হবে। ১০ নম্বরের জন্য উত্তরের পরিধি যা হবে, ৫ নম্বরের জন্য হবে তার অর্ধেক। প্রশ্নপত্রের নম্বরের ক্রমানুসারে (যেমন—১, ২, ৩, ৪...) উত্তর লিখতে পারাটা মেধার পরিচায়ক। তোমাদের পাঠ্যবইয়ের ভাষায় লিখতে হবে। ভাষারীতি ভালোভাবে বুঝবে ওপরের শ্রেণীতে। শব্দের বানান শুদ্ধ করে লিখতে হবে। যারা শিক্ষার্থীর অভিভাবক, তাদের জন্যও রয়েছে আমার কিছু কথা। আমরা নিজের সন্তানকে সবাই শতভাগ ভালোবাসি। এ ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আমরা শুধু বলতে চাই, আমাদের ভালোবাসার মাত্রাটা যেন অস্বাভাবিক না হয়। কারণ মাত্রাতিরিক্ত ভালোবাসা অনেক সময় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, চলার পথে বাধার সৃষ্টি করে। আপনার সন্তানের জন্য এত বেশি দুুশ্চিন্তা না করলেও চলবে। আপনারা সচেতন হবেন, কিন্তু অতি সচেতনতা যেন আপনাদের মনের মধ্যে বাসা না বাঁধে। কেননা আপনার অতি সচেতনতা শিশুর মনে ভীতির সঞ্চার করতে পারে। শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দিন। ওরা ছোট বটে, ওরা কিন্তু সব বোঝে, শুধু বলতে পারে না। একটি অনুরোধ, সন্তানের পরীক্ষার জন্য দুশ্চিন্তা থেকে বিরত থাকুন। এবার খারাপ করলে আগামীতে ভালো করবে।