অল্প কথায় উত্তর অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নটি থাকে। সে আলোকে ধারাবহিকভাবে অধ্যায়ভিত্তিক ‘অল্প কথায় উত্তর’ প্রশ্নটি আলোচনা করা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-২। অধ্যায়-১# অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: নিরাপদ পানি বা বিশুদ্ধ পানি বলতে কী বুঝি?উত্তর: যে পানি পান বা ব্যবহার করলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, তাকে আমরা নিরাপদ পানি বা বিশুদ্ধ পানি বলি।প্রশ্ন: কী কারণে নলকূপের পানি দূষিত হতে পারে?উত্তর: নলকূপের গোড়া অপরিচ্ছন্ন থাকলে নলকূপের পানি দূষিত হতে পারে।প্রশ্ন: আর্সেনিক বলতে কী বোঝায়?উত্তর: আর্সেনিক এক ধরনের বিষাক্ত পদার্থ, যা মাটির নিচে থাকে এবং পানির সঙ্গে মিশে পানি দূষিত করে। এই পানি নলকূপের মাধ্যমে ওপরে উঠে আসে।প্রশ্ন: আর্সেনিকযুক্ত নলকূপ চেনার উপায় কী?উত্তর: সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি সংস্থা আর্সেনিকযুক্ত নলকূপগুলো লাল রং দিয়ে চিহ্নিত করে দেয়।প্রশ্ন: কীভাবে দরিদ্র লোকজনকে স্বনির্ভর করে তোলা যায়?উত্তর: ফল, ফুল, শাকসবজি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজন। এগুলো উৎপাদনের মাধ্যমে এলাকার দরিদ্র লোকজনকে স্বনির্ভর করে গড়ে তোলা যায়।প্রশ্ন: কীভাবে আমরা মশা-মাছি নিধনের ব্যবস্থা করতে পারি?উত্তর: আমরা পুকুরের কচুরিপানা, ঝোপঝাড় ও নর্দমার ময়লা পরিষ্কার করে মশা-মাছি নিধনের ব্যবস্থা করতে পারি।প্রশ্ন: কী উপায়ে মানুষের আয়-উপার্জন ও পুষ্টির চাহিদা পূরণ করা যায়?উত্তর: এলাকায় সমবায় পদ্ধতিতে মাছের চাষ, হাঁস-মুরগির চাষ করে মানুষের আয় উপার্জন ও পুষ্টির চাহিদা পূরণ করা যায়। অধ্যায়-২ প্রশ্ন: সম্পদ কাকে বলে?উত্তর: জীবনযাপন ও জীবিকা নির্বাহের জন্য আমরা বিভিন্ন দ্রব্য ব্যবহার করি। সাধারণভাবে এসব দ্রব্য ও প্রতিষ্ঠানকে সম্পদ বলে।প্রশ্ন: পারিবারিক সম্পদ কী কী?উত্তর: পারিবারিক সম্পদের মালিক ব্যক্তি বা পরিবার। ব্যক্তি বা পরিবারের সম্পদ হলো ব্যক্তির বাড়ি, গাড়ি, জমিজমা, পুকুর, বাগান, কারখানা, যন্ত্রপাতি ইত্যাদি।প্রশ্ন: ব্যক্তিগত ও পারিবারিক সম্পত্তি কীভাবে পাওয়া যায়?উত্তর: ব্যক্তিগত ও পারিবারিক সম্পত্তি নিজের চেষ্টায় ক্রয় করে বা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়।প্রশ্ন: সম্পদের মালিক কাকে বলে?উত্তর: প্রকৃতপক্ষে সম্পদের ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও হস্তান্তর করার ক্ষমতার অধিকারীকেই আইনগতভাবে সম্পদের মালিক বলে।প্রশ্ন: সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ বলতে কী বোঝ?উত্তর: ব্যক্তি ও পরিবারের বাইরে যে সম্পদ আছে, সবই সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ। যেমন-খাসজমি, মসজিদ, মন্দির, নদী, খাল, বিল, বনভূমি, খনিজ সম্পদ, রাস্তাঘাট, সেতু, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ইত্যাদি।প্রশ্ন: রাষ্ট্রীয় সম্পদকে জনসম্পদ বলা হয় কেন?উত্তর: রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করার অধিকার রাষ্ট্রের সব মানুষের রয়েছে। রাষ্ট্র সমাজ ও মানুষের কল্যাণে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে। এ জন্য রাষ্ট্রীয় সম্পদকে জনসম্পদ বলা হয়।প্রশ্ন: বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতি গঠনের কারখানা কেন বলা হয়?উত্তর: আমাদের এলাকার বিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের সামাজিক সম্পদ। বিদ্যালয় আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। বিদ্যালয়ে শিক্ষালাভ করে আমরা জীবনে প্রতিষ্ঠিত হই। এ জন্য বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতি গঠনের কারখানা বলা হয়।প্রশ্ন: খোলা মাঠ, পার্ক আমাদের কী কী কাজে লাগে?উত্তর: খোলা মাঠ, পার্ক প্রভৃতি আমাদের সামাজিক সম্পদ। আমাদের সুস্থ জীবনের জন্য আলো, বাতাস ও বিনোদনের প্রয়োজন। এ জন্য দরকার খোলা জায়গা, অর্থাৎ পার্ক, মাঠ ইত্যাদি। এগুলো আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল