অধ্যায়-১৫ আমাদের মুক্তিযুদ্ধের নয় মাসপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিত সমাজ বিষয়ের ১৫ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের ভূমিকা সম্পর্কে লেখো।উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তাঁরা নগদ অর্থ, খাদ্য, ওষুধ প্রভৃতি সংগ্রহ করে যুদ্ধ পরিচালনায় ও বিপন্ন শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসেন। তা ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতেও তাঁরা অবদান রাখেন। পাকিস্তানি কূটনৈতিক মিশনের অনেক বাঙালি কূটনীতিক পাকিস্তান সরকারের চাকরি ছেড়ে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন।প্রশ্ন: হানাদার বাহিনী কর্তৃক বুদ্ধিজীবী হত্যার কারণ উল্লেখ করো।উত্তর: পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাকিস্তান শাসক চক্র বাংলাদেশকে চিরতরে মেধাশূন্য করার এক ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হয়। তারা ভেবেছিল, এ দেশকে মেধাশূন্য করা গেলে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে যাবে। আমরা কোনো দিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। তাই তারা বুদ্ধিজীবী নিধনের ষড়যন্ত্র করে। মুক্তিযুদ্ধের শুরু থেকেই নানাভাবে বুদ্ধিজীবী হত্যায় লিপ্ত হয়। তবে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে এই বর্বরতা ও হত্যাযজ্ঞ ভয়াবহ রূপ ধারণ করে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্দেশনা ও মদদে রাজাকার, আলবদর, আলশামসসহ এ দেশি একশ্রেণীর দালালরা এই হত্যাযজ্ঞ ঘটায়। তারা সন্তোষ চন্দ্র ভট্টাচার্য, মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদুল্লা কায়সার, ডা. ফজলে রাব্বীসহ এ দেশের প্রথম সারির অনেক বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে। পরে ঢাকার মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে তাঁদের অনেকের বিকৃত লাশ পাওয়া যায়। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি।প্রশ্ন: মুক্তিযুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো।উত্তর: বহু ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। মুক্তিযুদ্ধের নয় মাস ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমরা সবাই একত্রে শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। এভাবে মুক্তিযুদ্ধে আমাদের দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে আমরা স্বাধীন জাতি হিসেবে পরিচিতি পেয়েছি। বিশ্বসভায় পেয়েছি মর্যাদার আসন। সুযোগ পেয়েছি নিজেদের দেশ গড়ার। আধুনিক উন্নত বাংলাদেশ গড়তে হলে আমাদের এই জাতীয় ঐক্য ও দেশপ্রেম সব সময় প্রয়োজন। আমরা মুক্তিযুদ্ধের উদার মনোভাব ও গণতান্ত্রিক চেতনা সর্বদা লালন করব। স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপনে অংশগ্রহণ করব। আমরা দেখতে চাই, যাতে বাংলাদেশ একদিন বিশ্বের উন্নত দেশের সারিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।