অধ্যায়-১৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১২ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: ইংরেজ শাসনের বিরুদ্ধে মুসলমানদের আন্দোলনের বর্ণনা দাও। উত্তর: ইংরেজ শাসনের শুরু থেকেই এ দেশের মানুষের মধ্যে ইংরেজবিরোধী মনোভাব তৈরি হয়েছিল। পলাশীর যুদ্ধে মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার পর মুসলমানেরা ইংরেজদের প্রতি বেশ ক্ষুব্ধ ছিল। তারা শুরুতে ইংরেজদের সহযোগিতা করেনি। অনেক দিন পর্যন্ত তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করেনি। ধর্মীয় কারণেও তারা ইংরেজদের বিরোধিতা করেছে। শুরুর দিকে হিন্দু সম্প্রদায় নতুন শাসকদের সহযোগিতা করে কিছুটা উন্নতি করেছিল। কিন্তু একপর্যায়ে ইংরেজদের শোষণ ও বৈষম্য নীতির বিরুদ্ধে তারাও ক্ষুব্ধ হয়ে ওঠে। ফলে বাংলায় বেশ কিছু আন্দোলন সংঘটিত হয়। নিচে এসব আন্দোলন সম্পর্কে আলোচনা করা হলো: # ওহাবী আন্দোলন বা জিহাদ বা ধর্মযুদ্ধ: ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেন মুসলমানেরা এবং এ আন্দোলনের পুরোধা ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দেস দেহলভী (রহ.) এবং সৈয়দ আহমদ শহীদ বেরলভী (রহ.)। ইংরেজরা এ আন্দোলনকে ওহাবী আন্দোলনরূপে আখ্যা দিয়েছিল। কিন্তু মুসলমানদের কাছে তা ছিল জিহাদ বা ধর্মযুদ্ধ।# তিতুমীরের বাঁশের কেল্লা আন্দোলন: সৈয়দ আহমদ শহীদের শিক্ষা ও আদর্শে ভারতের বিভিন্ন স্থানে অসংখ্য সংগ্রামী অনুসারীর জন্ম দেয়। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বাংলার মীর নেসার আলী ওরফে তিতুমীর এবং হাজি শরিয়তউল্লাহ। বাংলার কৃষক, তাঁতি ও সাধারণ মানুষকে ইংরেজ ও জমিদারদের শোষণের হাত থেকে রক্ষা করতে বড় রকমের বিদ্রোহের সূচনা করেন তিতুমীর। ইংরেজদের বন্দুক-কামানের বিরুদ্ধে তিতুমীর পশ্চিম বাংলার চব্বিশ পরগণা জেলার নারিকেলবাড়িয়ায় একটি বাঁশের কেল্লা নির্মাণ করে যুদ্ধ শুরু করেন। ১৮৩১ সালে ইংরেজদের সঙ্গে যুদ্ধরত অবস্থায় তিনি শহীদ হন। # ফরায়েজি আন্দোলন: প্রায় একই সময় ধর্ম সংস্কার এবং সাধারণ মানুষকে রক্ষা করতে বৃহত্তর ফরিদপুরের হাজি শরিয়তউল্লাহ ও তাঁর মৃত্যুর পরে তাঁর ছেলে মহসিন উদ্দিন দুদু মিয়া ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন। এ আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল মুসলমানদের ইসলামের প্রকৃত শিক্ষা ও অনুশাসন পালনের জন্য উদ্বুদ্ধ করা। পাশাপাশি জমিদার, নীলকর, মহাজন ও স্থানীয় প্রশাসনের শোষণ ও অত্যাচার থেকে মুক্ত করাও ছিল এই আন্দোলনের উদ্দেশ্য। সাধারণ দৃষ্টিতে ওপরে বর্ণিত আন্দোলন ব্যর্থ মনে হলেও এসবের মধ্য দিয়ে বাংলার মানুষের অধিকার-সচেতনতা প্রকাশ পায়। প্রশ্ন: বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হওয়ার উদ্দেশ্য কী ছিল?উত্তর: কংগ্রেস নেতা চিত্তরঞ্জন দাস ছিলেন একজন বাস্তববাদী রাজনীতিবিদ। তিনি অনুভব করছিলেন, বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দাবি অগ্রাহ্য করে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব নয়, এ জন্য তিনি মুসলমানদের সমর্থন লাভের ও হিন্দু-মুসলমানদের ঐক্য স্থাপনের চেষ্টা করেন। তাই স্বরাজ পার্টি বাংলার আইন পরিষদে দ্বৈত শাসনব্যবস্থা অচল করার জন্য নির্বাচিত মুসলমান সদস্যদের সমর্থন আদায়ের চেষ্টা করে। চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে বঙ্গীয় কংগ্রেস কমিটি বাংলার মুসলমান নেতাদের সঙ্গে ১৯২৩ সালে একটি সমঝোতায় পৌঁছান। এই সমঝোতা বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত। বেঙ্গল প্যাক্ট ছিল বাংলার হিন্দু-মুসলমানদের মিলনের জন্য একটি বলিষ্ঠ পদক্ষেপ। এই চুক্তিতে স্বরাজ প্রতিষ্ঠার পর মুসলমানদের বিভিন্ন সুবিধা প্রদান করার শর্ত ছিল। এই চুক্তিতে প্রতিশ্রুতি দেওয়া হয়, স্বরাজ অর্জনের পর সব প্রশাসনিক পদের শতকরা ৫৫ ভাগ পাবে মুসলমানরা। এ ছাড়া মসজিদের সামনে বাদ্য-বাজনা বন্ধ করা হবে এবং গরু কোরবানিতে বাধা দেওয়া হবে না। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল