প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১৩ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: ভারত শাসন আইন পাসের ফলে কী হয়?উত্তর: ১৮৫৭ সালে সবচেয়ে বড় বিপ্লব হয়েছিল, যার নাম সিপাহি বিপ্লব। তবে ইংরেজ কর্তৃপক্ষ এই বিপ্লব কঠোরভাবে দমন করে। সিপাহি বিপ্লবের পর ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ পাস হয়। এই আইন এ দেশে পাস করে কোম্পানির শাসনের অবসান ঘটায়। তখন থেকে ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়ার নামে ইংরেজ সরকার সরাসরি উপমহাদেশ শাসন করতে থাকে। ইংরেজ সরকারের যে প্রতিনিধি উপমহাদেশ শাসন করেন, তাঁকে বলা হতো ভাইসরয়। তাঁকে পরামর্শ দেওয়ার জন্য একটি কাউন্সিল গঠন করা হয়। এভাবে ভারতবর্ষ ব্রিটিশ সরকারের অধীনে চলে যায়। অতঃপর ভারতবর্ষে প্রায় ৯০ বছর তাদের শাসন চলে। এ সময় ইংরেজদের শোষণ, নির্যাতন ও ভেদনীতির কারণে বাংলা ও ভারতের আগের অবস্থা পাল্টে যেতে থাকে। ইংরেজি শিক্ষায় শিক্ষিত বেশ কয়েকজন হিন্দু ও মুসলমান মনীষীর প্রচেষ্টায় এ দেশে নবজাগরণ ঘটে। রাজনৈতিক-সচেতন হয়ে ওঠেন এ দেশের অনেক মানুষ। এ ক্ষেত্রেও মুসলমান রাজনৈতিক নেতারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ব্রিটিশদের বিরুদ্ধে তাঁরা নানা রকম আন্দোলন পরিচালনা করেন। শাসন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেও ইংরেজ শাসকেরা আন্দোলন একেবারে থামাতে পারেনি। অবশেষে আন্দোলনের চাপে ১৯৪৭ সালে তারা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়। প্রশ্ন: বঙ্গভঙ্গ সম্পর্কে যা জান লেখো।উত্তর: ১৯০৫ সালে পূর্ব বাংলা ও আসাম নিয়ে ইংরেজ সরকার নতুন একটি প্রদেশ গঠন করে। ঢাকা হয় এর রাজধানী। এই ঘটনাকে বলা হয় বঙ্গভঙ্গ। পূর্ব বাংলায় মুসলমানেরা ছিল সংখ্যাগরিষ্ঠ। নতুন প্রদেশ হওয়ায় এখানে তাদের শিক্ষা, চাকরি ও ব্যবসায়ের সুযোগ বাড়ে। নবাব স্যার সলিমুল্লাহসহ মুসলমান সমাজের ব্যাপক অংশ বঙ্গভঙ্গকে স্বাগত জানান। অপরদিকে কংগ্রেস, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ ব্যানার্জিসহ অধিকাংশ হিন্দু নেতা ও তাঁদের বিভিন্ন পত্রপত্রিকা বঙ্গভঙ্গের বিরোধিতা করেন। ফলে ১৯০৬ সালে ঢাকায় মুসলমানদের রাজনৈতিক সংগঠন মুসলিম লীগের জন্ম হয়। বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের একটি ধারা হিসেবে সারা ভারতে ছড়িয়ে পড়ে। প্রবল বিরোধিতার মুখে শেষ পর্যন্ত ১৯১১ সালে বঙ্গভঙ্গ বাতিল হয়। ফলে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।প্রশ্ন: ফরায়েজি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?উত্তর: ফরায়েজি আন্দোলনের উদ্দেশ্য মূলত ছিল ইসলামের শিক্ষা ও আদর্শ প্রচার এবং সাধারণ মানুষকে রক্ষা করা। ইসলাম আদর্শ প্রচার এবং সাধারণ মানুষকে রক্ষা করতে বৃহত্তর ফরিদপুরের হাজি শরিয়তউল্লাহ ও তাঁর মৃত্যুর পরে তাঁর ছেলে মহসিন উদ্দিন দুদু মিয়া ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন।উদ্দেশ্য: এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল মুসলমানদের ইসলামের প্রকৃত শিক্ষা ও অনুশাসন পালনের জন্য উদ্বুদ্ধ করা। পাশাপাশি জমিদার, নীলকর, মহাজন ও স্থানীয় প্রশাসনের শোষণ ও অত্যাচার থেকে মুক্ত করারও ছিল এই আন্দোলনের উদ্দেশ্য। সাধারণ দৃষ্টিতে এসব আন্দোলন ব্যর্থ মনে হলেও এ সবের মধ্যে দিয়ে বাংলার মানুষের অধিকার-সচেতনতা প্রকাশ পায়।