প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৪প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১৪ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: শিক্ষা বিস্তার ও সাহিত্যে বেগম রোকেয়ার অবদান সম্পর্কে লেখো। উত্তর: ১৮৯৮ সালে উচ্চ শিক্ষিত সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে বেগম রোকেয়ার বিয়ে হয়। তিনি ছিলেন বিহার রাজ্যের ভাগলপুরের অধিবাসী। বিয়ের পর বেগম রোকেয়ার লেখাপড়ার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাঁর স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন আনন্দিত হন। তিনি বেগম রোকেয়াকে লেখাপড়ার প্রতি উৎসাহিত করেন। স্বামীর কাছ থেকে তিনি ভালোভাবে উর্দু ও ইংরেজি শিক্ষা লাভ করেছিলেন। বিয়ের মাত্র নয় বছর পর স্বামীর মৃত্যু হলে বেগম রোকেয়া ভাগলপুরে একটি মুসলিম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন । তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন, শিক্ষা ছাড়া নারী জাতির দুঃখ-দুর্দশা দূর হবে না। তিনি মাত্র পাঁচজন ছাত্রী নিয়ে ভাগলপুরের স্কুল আরম্ভ করেন। স্কুলের নাম রাখেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে ভাগলপুরের স্কুলটি বন্ধ হয়ে যায়। তিনি ভাগলপুর থেকে স্কুলটি কলকাতায় স্থানান্তর করেন এবং মাত্র আটজন ছাত্রী নিয়ে স্কুলটি আবার শুরু করেন। নারী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা বলে তিনি বাড়ি বাড়ি ঘুরে ছাত্রী জোগাড় করার কাজে লেগে গেলেন। মেয়েদের মা-বাবা ও অভিভাবকদের অনুরোধ করতে লাগলেন। মেয়েরা কঠোর পর্দা মেনে চলত বলে তিনি পর্দাঘেরা গাড়ির ব্যবস্থা করলেন। প্রথমে ঘোড়ার গাড়ি, পরে মোটরগাড়ির ব্যবস্থা করলেন। আস্তে আস্তে তাঁর স্কুলে ছাত্রীর সংখ্যা বাড়তে থাকল। মা-বাবাসহ অভিভাবকেরাও তাঁদের মেয়েদের স্কুলে পাঠাতে রাজি হলেন। বেগম রোকেয়া মুসলিম নারীদের জন্য মুসলিম মহিলা ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করলেন। সেখানে নারীদের সেলাই, রান্না, সন্তান প্রতিপালনসহ বিভিন্ন বিষয় শেখানোর ব্যবস্থা ছিল। বেগম রোকেয়া শিক্ষা বিস্তারের পাশাপাশি সাহিত্যচর্চাও করেছেন। তাঁর উল্লেখযোগ্য বই হচ্ছে —মতিচুর, সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী প্রভৃতি। এসব বইয়ে তিনি মেয়েদের দুঃখ-কষ্টের কথা লিখেছেন। এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি মেয়েদের লেখাপড়ার ওপর জোর দিয়েছেন।প্রশ্ন: বেগম রোকেয়া ও ঈশ্বরচন্দ্র আজীবন কী করেছেন? উত্তর: সমাজে মানুষের সেবা করার জন্য আমাদের মধ্যে অনেক মহান মানুষ জন্মগ্রহণ করেছেন। মানবতাবোধে উদ্বুদ্ধ হয়ে তাঁরা দুস্থ, দরিদ্র, অসহায়, অসুস্থ, দীন-দুঃখী মানুষের কল্যাণে এগিয়ে আসেন। পুরাতন সমাজব্যবস্থা ভেঙে নতুন সমাজ গড়ে তোলেন। বেগম রোকেয়া ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুজন মহান ব্যক্তি। এঁরা মানবকল্যাণ ও সমাজ-সংস্কারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা, সমাজ-সংস্কার, সমাজসেবা, নারীমুক্তি, সাহিত্য ইত্যাদিতে অবদান রাখেন। সমাজসেবায় তিনি দুহাতে টাকা দান করতেন। দীন-দুঃখী, গরিব, অসহায়, দুর্দশাগ্রস্ত, রুগ্ণ, অক্ষম, বিপদগ্রস্ত মানুষকে তিনি সেবা ও অকাতরে সাহায্য করতেন। ১২৭২ বাংলা সনে বাংলায় দুর্ভিক্ষ হয়। এ সময় তিনি নিজ গ্রামের মানুষের সাহায্যের জন্য ছয় মাস ধরে খাদ্য, কাপড় ইত্যাদি বিতরণ করেন। বেগম রোকেয়া নারী জাগরণে বিশেষ অবদান রাখেন। তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন, শিক্ষা ছাড়া নারী জাতির দুঃখ-দুর্দশা দূর হবে না। তিনি নারীদের শিক্ষিত করার জন্য নানা কর্মকাণ্ডে লেগে পড়েন। বেগম রোকেয়া মুসলিম নারীদের জন্য ‘মুসলিম মহিলা ট্রেনিং স্কুল’ প্রতিষ্ঠা করেন। সেখানে নারীদের সেলাই, রান্না, সন্তান প্রতিপালনসহ বিভিন্ন বিষয় শেখানোর ব্যবস্থা করেন। তিনি সাহিত্যচর্চাও করেন। সামাজিক ও জাতীয় জীবনের কল্যাণে বেগম রোকেয়ার চিন্তা ও কাজ অতুলনীয়। তাঁর কাজের জন্য তাঁকে ‘নারী জাগরণের অগ্রদূত’ বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বেগম রোকেয়া আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন।