প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৫প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১৫ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। অধ্যায়: ১৫প্রশ্ন: অপারেশন সার্চলাইট কী? ১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতকে কালরাত বলা হয় কেন? উত্তর: ১৯৭১ সালের সাতই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন। তাঁর নির্দেশে পূর্ব পাকিস্তানের সব প্রশাসনিক কর্মকাণ্ড চলতে থাকে। সমস্যা সমাধানের নামে আলোচনা করতে ঢাকায় আসেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। পরে এসে যোগ দেন পশ্চিম পাকিস্তানি পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো। ১০ দিন ধরে আলোচনার নামে চলে প্রহসন। এ সময় পশ্চিম পাকিস্তান থেকে সুকৌশলে সেনাবাহিনী ও অস্ত্রশস্ত্র এনে বাঙালিদের দমন করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। এরপর পঁচিশে মার্চ সন্ধ্যায় কোনোরূপ ঘোষণা ছাড়াই ইয়াহিয়া খান ও ভুট্টো ঢাকা ত্যাগ করেন। যাওয়ার আগে ইয়াহিয়া খান গণহত্যার নির্দেশ দেন। পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধীনতার স্বপ্নকে চিরদিনের জন্য থামিয়ে দিতে এই গণহত্যার পরিকল্পনা করা হয়। পাকিস্তানি কর্তৃপক্ষ এই পরিকল্পনার নাম দেয় অপারেশন সার্চলাইট। এই অপারেশনের সার্বিক দায়িত্বে থাকেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান।কালরাত বলার কারণ: পাকিস্তানি সেনারা পঁচিশে মার্চের মধ্যরাতে নিরীহ ও নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা ট্যাংক, ভারী কামান ও নানা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞে মেতে ওঠে। তারা রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল আক্রমণ করে। এ ছাড়া হলসংলগ্ন শিক্ষকদের বাসগৃহে, কর্মকর্তা-কর্মচারীদের বাসস্থানে, বিভিন্ন দলীয় কার্যালয়ে তারা এই বর্বরোচিত হামলা চালায়। এসব স্থানে বাঙালি পুলিশ, ইপিআর বাহিনীর বাঙালি সদস্য, ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নির্বিচারে হত্যা করা হয়। অন্যান্য স্থানেও তারা নির্মম হত্যাকাণ্ড শুরু করে। বাড়িঘর, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেয় এবং লুটপাট করে। বিদেশে সংবাদ প্রেরণের ওপর কড়াকড়ি আরোপ করে। ঢাকা শহর বধ্যভূমি ও ধ্বংসস্তূপে পরিণত হয়। এ জন্য ১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতকে কালরাত বলা হয়। প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশ সরকারের ভূমিকা কী ছিল? উত্তর: মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশ সরকারের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭০ সালের নির্বাচিত গণপ্রতিনিধিদের সমন্বয়ে ১৯৭১ সালের ১০ এপ্রিল আগরতলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়। এ সরকার ছিল অস্থায়ী প্রবাসী সরকার। তাজউদ্দীন আহমদ এ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। ১৭ এপ্রিল এই সরকার মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (মুজিব নগর) গ্রামের আমবাগানে শপথ নেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআরের বাঙালি সদস্য, পুলিশ, আনসার, ছাত্র, যুবক, নারী, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী নিয়ে গড়ে ওঠে মুক্তিবাহিনী। জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়। মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনা করা, দেশের জনগণের সমর্থন আদায় করা এবং বিদেশে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সরকার ও জনগণের সমর্থন পাওয়ার জন্য এই সরকার গঠন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কথায় বলতে গেলে মুক্তিযুদ্ধ পরিচালনা, অস্ত্র সংগ্রহ, অর্থ সংগ্রহ, বিদেশের সমর্থন আদায় ইত্যাদি ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল