অধ্যায়-১৭ ও ১৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১৭ ও ১৮ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। অধ্যায়-১৭ প্রশ্ন: ফরাসিরা কী কী খাবার খায়? ফ্রান্সের পুরুষ ও মহিলাদের পোশাকের বর্ণনা করো।উত্তর: ফরাসিরা খাবারদাবারে খুবই রুচিশীল। এ জন্য ফ্রান্সের রান্নাকে এক ধরনের শিল্প বলা হয় এবং তা পৃথিবীতে খুবই বিখ্যাত। ফ্রান্সের মানুষ ‘খাদ্যরসিক’ হিসেবে পরিচিত। বিভিন্ন আকার ও স্বাদের রুটির জন্য ফ্রান্স বিখ্যাত। গমের রুটি এদের প্রধান খাবার। খাবারের তালিকায় রয়েছে শূকর, গরু, ভেড়া, মুরগি ও সামুদ্রিক মাছ। ফরাসিরা বিভিন্ন সবজির সালাদ খুব পছন্দ করে। আঙুরজাতীয় ফল ও শস্য থেকে বিভিন্ন স্বাদ ও রঙের মদ তৈরির জন্য ফ্রান্স বিখ্যাত। এ ছাড়া মাশরুম, এসকারগট, রকফোর্ট পনির (ভেড়া ও ছাগলের দুধ দিয়ে তৈরি এক বিশেষ ধরনের পনির) গরু, ভেড়া ইত্যাদি পশুর ভুঁড়ির অংশবিশেষ ‘ট্রিপ’, মাটির নিচের ছত্রাক ‘ট্রুফল’, পশুর মগজ, উটের পা ইত্যাদি ফ্রান্সের মানুষের অত্যন্ত পছন্দের খাবার।ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সে পুরুষেরা সাধারণত প্যান্ট, শার্ট, কোট, টাই, মোজা ইত্যাদি এবং মহিলারা ব্লাউজ, প্যান্ট, শার্ট ও স্কার্ট পরে। বিশেষ কোনো অনুষ্ঠানে মহিলারা গাউন পরিধান করে।অধ্যায়-১৮প্রশ্ন: জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য বর্ণনা করো। উত্তর: পৃথিবীর কোনো রাষ্ট্র বা মানুষ একে অন্যের সহযোগিতা ব্যতীত টিকে থাকতে পারে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার বিশ্বের সব রাষ্ট্রের মানুষকে ভীত করে তোলে। এর ভয়াবহতা মনে করে বিশ্ববাসী মানবজাতিকে রক্ষা করার জন্য, বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য ১৯৪৫ সালে জাতিসংঘ গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘের উদ্দেশ্য একে একে বিস্তৃত হতে থাকে। তবে এর মূল উদ্দেশ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। নিচে এর উদ্দেশ্য তুলে ধরা হলো: ১. বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা।২. মানবজাতিকে যুদ্ধের হাত থেকে রক্ষা করা। ৩. দুটি বা অধিক রাষ্ট্রের মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে শান্তিপূর্ণ সমাধানের উপায় খুঁজে বের করা। ৪. বিশ্বের সব রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পরিবেশ সৃষ্টি করা। ৫. জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, শিশু, নারী ও পুরুষ সবার মানবিক ও মৌলিক অধিকার রক্ষা এবং নিশ্চিত করা। এসব উদ্দেশ্য সাধন ব্যতীত বিভিন্ন ধরনের সেবামূলক ও কল্যাণকর কার্যক্রম পরিচালনা করাও জাতিসংঘের অন্যতম উদ্দেশ্য। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল