প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবন্ধ রচনাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয় থেকে ‘সততা’ প্রবন্ধ নিয়ে আলোচনা করবো।সততাভূমিকা: মানব চরিত্রের অন্যতম একটি মহৎ গুণ সততা। এই গুণ অর্জনের চেষ্টা ও চর্চা মানুষকে পৌঁছে দিতে পারে মর্যাদা এবং গৌরবের শ্রেষ্ঠতম স্থানে। নিষ্ঠার সঙ্গে নিরলস অনুশীলনের মাধ্যমে এই গুণ অর্জন করা যায়। আর যিনি এই মহৎ গুণ অর্জন করতে পারেন, তিনিই সমাজে আদর্শ ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে থাকেন। সততাকে তাই মানব চরিত্রের অলংকার বলা হয়ে থাকে।সততার বৈশিষ্ট্য: সততা বলতে সৎ থাকার গুণকে বোঝানো হয়। সত্যের অনুসারী মানুষের সৎ থাকার প্রবণতার মধ্য দিয়ে সততার প্রকাশ ঘটে। অন্যায়, অবৈধ কাজ না করে ন্যায় ও সত্যের পথে জীবন পরিচালনা করাই সততার অন্যতম বৈশিষ্ট্য। জীবনকে সফল ও সার্থক করে তোলার প্রধান উপায় হলো সততা। সৎ চিন্তা ও সৎ কাজের মধ্য দিয়েই বিকাশ ঘটে সততার মতো মহৎ গুণ। তাই আদিকাল থেকে মানুষ সততার চর্চা করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করে আসছে। সততার গুণে সমৃদ্ধ মানুষ সমাজের আদর্শ মানুষ।সততার সুফল: সততার সুফল শত ধারায় বিকশিত। জীবনকে সুন্দর, সফল ও সার্থক করে তুলতে হলে সৎ থাকার অভ্যাস অর্জন করতে হয়। সৎ গুণসম্পন্ন মানুষ কখনো অসৎ কিংবা মন্দ কাজে লিপ্ত থাকতে পারে না। সৎ লোক মাত্রই চরিত্রবান ও মহৎ হয়ে থাকে। সৎ লোক সমাজে সবার বিশ্বাসভাজন হয়ে থাকে। সততা মানুষকে নৈতিক শক্তিতে বলীয়ান করে থাকে। সৎ ব্যক্তি কখনো অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করে না। সততা ও সত্যবাদিতার গুণেই আমাদের মহানবী (সা.) তৎকালীন আরব সমাজের কাছ থেকে আল-আমিন উপাধি পেয়েছিলেন। মানব জীবনে তাই সততার গুরুত্ব অপরিসীম।সততার প্রভাব: সৎ লোকের সততার প্রভাবে প্রভাবান্বিত হয়ে অসৎ-মন্দ লোকও জীবনের গতি পরিবর্তন করতে পারে। আমাদের বড় পীর হজরত আবদুল কাদের জিলানী (র.) বাল্যকাল থেকেই সততা ও সত্যবাদিতার জন্য সবার প্রিয়পাত্র ছিলেন। ডাকাত দলের হাতে ধরা পড়েও তিনি মিথ্যার আশ্রয় নেননি। ফলে বালক আবদুল কাদের জিলানীর সততায় মুগ্ধ হয়ে ডাকাত দল ডাকাতি ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে যায়। কাজেই সুখী, সমৃদ্ধ ও সুন্দর জীবনযাপনের জন্য আমাদেরও সততা অর্জনে ব্রতী হতে হবে।উপসংহার: সততা সুন্দর, সততা মহান। আমাদের চরিত্রকে মহিমান্বিত করার জন্য, জীবনকে সফলতায় ভরে দেওয়ার জন্য সততার চর্চা অপরিহার্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের সততার পরিচয় দেওয়া একান্ত দরকার। আর এ জন্য ছেলেবেলা থেকেই আমাদের সৎ থাকার অভ্যাস গঠন করতে হবে। সততার অনুশীলন করতে হবে।