প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলপরী ও কাঠুরের গল্পপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ধারাবাহিক পাঠ আলোচনায় রয়েছে বাংলা বিষয়ের ‘জলপরী ও কাঠুরের গল্প’। গল্পটি ছোটদের বিশ্বসাহিত্য থেকে সংকলিত। প্রশ্ন: কাঠুরিয়ার সততা দেখে জলপরী কী করল? উত্তর: গল্পে বর্ণিত কাঠুরিয়া তার রোজগারের একমাত্র সম্বল কুড়ালটি নদীর গভীর পানিতে হারিয়ে গাছের গোড়ায় বসে কাঁদছিল। কাঠুরিয়ার কান্না দেখে জলপরী তাকে তার কুড়ালটি এনে দেওয়ার আশ্বাস দিয়ে নদীতে ডুব দেয়। জলপরী একে একে একটি সোনার কুড়াল ও একটি রুপার কুড়াল পানির মধ্য থেকে এনে কাঠুরিয়াকে দেখাল। কাঠুরিয়া জলপরীকে জানায়, এই সোনার কুড়াল, রুপার কুড়াল কোনোটিই তার নয়। তারপর জলপরী আবার পানিতে ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে তাকে দেখাল। কাঠুরিয়া এতক্ষণ পরে সানন্দে স্বীকার করল, এই লোহার কুড়ালটিই তার জলপরী কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো। সে কাঠুরিয়াকে তার নিজের কুড়ালটি তো ফিরিয়ে দিলই, উপরন্তু সোনা ও রুপার কুড়াল দুটিও উপহার দিল। তারপর জলপরী পানির মধ্যে অদৃশ্য হয়ে গেল। প্রশ্ন: কীভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো? উত্তর: গল্পে বর্ণিত কাঠুরিয়া ছিল খুবই গরিব। দৈনিক কাঠ বিক্রি করে যা রোজগার হতো, তাই দিয়ে কোনো রকমে তার দিন চলত। একদিন নদীর ধারে কাঠ কাটতে গেলে হাত ফসকে তার কুড়ালটি কুমিরে ভরা খরস্রোতা নদীর গভীর পানিতে পড়ে যায়। নিরুপায় কাঠুরিয়া গাছের গোড়ায় বসে কাঁদতে থাকে। এমন সময় এক জলপরী নদীর মধ্য থেকে উঠে দাঁড়িয়ে কাঠুরিয়ার কান্নার কারণ জানতে চাইল। কাঠুরিয়া জলপরীর কাছে তার কুড়াল হারিয়ে যাওয়ার ঘটনা বর্ণনা করলে জলপরী নদীতে ডুব দিয়ে প্রথমে একটি সোনার কুড়াল ও পরে একটি রুপার কুড়াল এনে কাঠুরিয়াকে দেখাল। কাঠুরিয়া গরিব হলেও সৎ ছিল। অকপটে জানিয়ে দিল, এগুলো তার নয়। তারপর জলপরী আবার ডুব দিয়ে একটি লোহার কুড়াল এনে কাঠুরিয়াকে দেখালে সে বলল, এটিই তার কুড়াল। জলপরী কাঠুরিয়ার সততায় মুগ্ধ হয়ে তাকে তার নিজের কুড়ালটি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সোনার ও রুপার কুড়াল দুটিও উপহার দিল। এতখানি সোনা ও রুপা পেয়ে কাঠুরিয়ার অবস্থা বেশ ভালো হয়ে গেল। কেননা সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে সে অনেক টাকা পেল। এভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো এবং সুখে-শান্তিতে তার দিন কাটতে লাগল। প্রশ্ন: লোভী কাঠুরিয়া কী করল? উত্তর: সৎ কাঠুরিয়ার মুখ থেকে তার অবস্থার পরিবর্তনের গল্প শুনে আর একজন কাঠুরিয়ার মনে বড় লোভ জন্মাল। লোভী কাঠুরিয়া একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করেই তার কুড়ালটা নদীর পানির মধ্যে ফেলে দিল। তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগল। প্রশ্ন: লোভী কাঠুরিয়া কেন হায় হায় করতে লাগল?উত্তর: সৎ কাঠুরিয়ার মুখ থেকে তার সুখ ও স্বচ্ছন্দ জীবনের গল্প শোনার পর আরেকজন কাঠুরিয়ার মনে বড় লোভ জন্মাল। লোভী কাঠুরিয়া একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিয়ে সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগল। তার কান্না শুনে আবার সেই জলপরী সেখানে আবির্ভূত হলো। আগের মতো এবারও জলপরী প্রথমে একটি সোনার কুড়াল তুলে লোভী কাঠুরিয়াকে জিজ্ঞেস করল, এটি তার কি না। লোভী কাঠুরিয়া সঙ্গে সঙ্গে ওই সোনার কুড়ালটি তার বলে দাবি করল। এ রকম মিথ্যাবাদিতায় জলপরীর মন খারাপ হয়ে গেল। সে তৎক্ষণাৎ ঝুপ করে ডুব দিয়ে চলে গেল পানির গভীরে। আর উঠল না। লোভী কাঠুরিয়া এ অবস্থা দেখে নিজের কপালে নিজে চড় মারতে লাগল। মিথ্যা বলার কারণে তার এই শাস্তি হলো।