শহীদ তিতুমীরপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে শফিউল আলম রচিত ‘শহীদ তিতুমীর’। এসো তাহলে আজকের পাঠ শুরু করা যাক।প্রশ্ন: হিন্দু-মুসলমান সবাইকে তিনি কী বলে একতাবদ্ধ করতে চাইলেন?উত্তর: তিতুমীর জানতেন এ দেশ থেকে ইংরেজদের তাড়াতে হলে সবাইকে একতা বদ্ধ হতে হবে। ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু-মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই তিনি হিন্দু-মুসলমান সবাইকে একতাবদ্ধ করার জন্য মুসলমানদের সত্যিকার মুসলমান হতে আহ্বান জানালেন, আর হিন্দুদের বললেন অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তাঁর এই কথায় হিন্দু মুসলমান সবাই সাড়া দিয়েছিল। প্রশ্ন: ইংরেজদের পাশাপাশি কারা এ দেশের মানুষের ওপর অত্যাচার চালাত? উত্তর: একসময় আমাদের বাংলাদেশসহ পুরো ভারতবর্ষে ছিল ইংরেজ রাজত্ব। এ দেশের সর্বত্র ইংরেজ কর্মচারীরা দারুণ দাপটে ঘোড়া ছুটিয়ে চলত। আর চালাত অত্যাচার। ইংরেজদের পাশাপাশি দেশি জমিদাররা এ দেশের মানুষের ওপর অত্যাচার চালাত। দেশি জমিদারদের জুলুম-নির্যাতন আর ইংরেজদের শোষণ অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এই দেশের জনজীবন। প্রশ্ন: তিতুমীর কার শিষ্য হলেন? উত্তর: ১৮২২ সালে ৪০ বছর বয়সে তিতুমীর হজ পালন করতে মক্কায় যান। সেখানে পরিচয় ঘটে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হযরত শাহ সৈয়দ আহমদ বেরলভীর সঙ্গে। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ এবং ধর্মপ্রাণ। তিতুমীর তাঁরই শিষ্য হলেন। প্রশ্ন: তিনি কাদের বিরুদ্ধে সংগঠিত হতে বললেন?উত্তর: তিতুমীর ১৮২২ সালে মক্কায় হজ পালন করতে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে পরিচয় ঘটে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভীর। ধর্মপ্রাণ সংগ্রামী পুরুষ সৈয়দ আহমদ বেরলভীর শিষ্যত্ব গ্রহণ করে দেশে ফিরে আসনে তিতুমীর। দেশে ফিরে তিনি ইংরেজদের বিরুদ্ধে নীলকরদের রুখতে সবাইকে সংগঠিত হতে বললেন এবং স্বাধীনতার ডাক দেন। প্রশ্ন: নারকেলবাড়িয়া কোথায়? এখানে তিতুমীর কী তৈরি করলেন? উত্তর: নারকেলবাড়িয়া বারাসাতে অবস্থিত। ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের শুরুতে তিতুমীরের ওপর অত্যাচার শুরু হয়। নিজ গ্রাম ছেড়ে তিনি বারাসাতের নারকেলবাড়িয়ায় চলে যান। নারকেল বাড়িয়ার লোকজন তাঁকে সাদরে গ্রহণ করেন। হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এখানে তিতুমীর এক দুর্ভেদ্য বাঁশের দুর্গ তৈরি করলেন। এই দুর্গ নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা নামে পরিচিত। প্রশ্ন: কত খ্রিষ্টাব্দে তিতুমীরের কাছে ইংরেজ শক্তি পরাজিত হয়? উত্তর: নারিকেলবাড়িয়ায় তিতুমীরের বাঁশের কেল্লা তৈরি এবং সেখানে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার কৌশল ও প্রস্তুতির খবর ইংরেজ শাসকরা জেনে যায়। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয় তিতুমীরকে দমন করার জন্য। ১৮৩০ খ্রিষ্টাব্দে আলেকজান্ডার তার সিপাহি বাহিনী নিয়ে তিতুমীরের কাছে পরাজিত হয়। ১৮৩০ খ্রিষ্টাব্দে তিতুমীরের কাছে ইংরেজ শক্তি পরাজিত হওয়ার পর তিতুমীর কয়েকটি নীলকুঠি দখল করে নেন। প্রশ্ন: তিতুমীর কীভাবে শহীদ হলেন? উত্তর: ১৮৩১ সালের ১৯ নভেম্বর ভারতবর্ষের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক তিতুমীরকে শায়েস্তা করার জন্য এক বিরাট সেনাবহর এবং গোলন্দাজ বাহিনী পাঠান। এর নেতৃত্বে ছিল সেনাপতি কর্নেল স্টুয়ার্ড। ভোর হওয়ার আগেই স্টুয়ার্ড বাহিনী তিতুমীরের বাঁশের কেল্লা আক্রমণ করে। স্টুয়ার্ডের ছিল হাজার হাজার প্রশিক্ষিত সেনা আর অজস্র গোলাবারুদ। তিতুমীরের ছিল মাত্র চার-পাঁচ হাজার স্বাধীনতাপ্রিয় সৈনিক। এদের কাছে কামান- গোলাবারুদ কিছুই ছিল না। তবে মনে ছিল তাদের পরাধীন দেশকে স্বাধীন করার অমিত তেজ। তিতুমীর আর তাঁর বীর সৈনিকেরা প্রাণপণ যুদ্ধ করলেন। কিন্তু ইংরেজ বাহিনীর সামনে টিকতে পারলেন না। কিছুক্ষণের মধ্যেই ইংরেজ সৈনিকদের গোলার আঘাতে ছারখার হয়ে গেল নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। শহীদ হলেন অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক। শহীদ হলেন বীর তিতুমীর। আজ থেকে প্রায় পৌনে ২০০ বছর আগে তিতুমীর পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে বীর তিতুমীরই হলেন বাংলার প্রথম শহীদ।