যোগাযোগের সেকাল একালপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আলোচ্যসূচিতে আজ রয়েছে ‘যোগাযোগের সেকাল একাল’। এসো, তাহলে শুরু করা যাক। # নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।প্রশ্ন: যোগাযোগের আধুনিকতম উপায়ের শুরু কখন থেকে। উত্তর: যোগাযোগের আধুনিকতম উপায় শুরু হয়েছে রেডিও বা বেতার উদ্ভাবনের পর থেকে। যোগাযোগের ক্ষেত্রে বেতারের ভূমিকা ব্যাপক। এখন যে আধুনিক মোবাইল ফোন রয়েছে, তাও একধরনের বেতারযন্ত্র। যোগাযোগের আর একটি আধুনিক মাধ্যম হচ্ছে টেলিভিশন। প্রশ্ন: ওয়েবের পুরো নাম কী? উত্তর: যোগাযোগ ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে এখন সারা বিশ্বের জ্ঞানসম্পদের বিপুল তথ্য সংরক্ষণ করা হচ্ছে। একে সংক্ষেপে বলা হয় ওয়েব। ওয়েবের পুরো নাম হচ্ছে: ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা www. অর্থাৎ বিশ্বব্যাপী যোগাযোগ তরঙ্গ। ওয়েবের জ্ঞানভান্ডার থেকে যে কোনো বিষয়ে ইচ্ছেমতো তথ্য আহরণ করা যায়। প্রশ্ন: সংকেতের মাধ্যমে মানুষ কীভাবে যোগাযোগ করে উদাহরণসহ লেখো। উত্তর: যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর উপায়সমূহকেই বোঝায়। মানুষ সাধারণত বলে বা লিখে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকে। এ ছাড়া মানুষ সংকেতের মাধ্যমেও যোগাযোগ করে থাকে। যেমন, সড়কে লালবাতি দেখে চালক গাড়ি থামিয়ে দেন। রেফারি হুইসেল দিলেই ফুটবল খেলা শুরু হয়ে যায়। আম্পায়ার আঙুল তুললেই ব্যাটসম্যান মাঠ ছেড়ে চলে যান। এসবই হলো সংকেতের মাধ্যমে যোগাযোগ। প্রশ্ন: কত বছর আগে কোন রাজা দূর-দূরান্তরে যোগাযোগের জন্য নতুন উপায় বের করেন? উপায়টি কী? উত্তর: হাজার হাজার বছর ধরে মানুষ ধ্বনির সাহায্যেও যোগাযোগের কাজ করেছে। চিৎকার খুব বেশি দূরে শোনা যেত না বলে মানুষ অন্য উপায়ও বের করেছিল। প্রায় আড়াই হাজার বছর আগে পারস্যের সম্রাট (রাজা) সাইরাস তাঁর রাজ্যে কিছুটা দূরে দূরে অনেক টাওয়ার বসিয়ে দূর-দূরান্তরে যোগাযোগের জন্য নতুন উপায় বের করেন। এই উপায়ে টাওয়ারগুলোতে প্রহরী রাখা হতো। আর যারা প্রহরী থাকত, তারা চিৎকার করে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে সংবাদ পাঠাত। প্রশ্ন: যোগাযোগের ক্ষেত্রে মুদ্রণযন্ত্র ও ছাপাখানার ভূমিকা কী? উত্তর: যোগাযোগের অগ্রগতির ক্ষেত্রে মুদ্রণযন্ত্র আবিষ্কার ও ছাপাখানা প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ছাপাখানা যোগাযোগব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন ঘটায়। বই ও পত্রপত্রিকা প্রকাশের মাধ্যমে হাজার হাজার লোকের সঙ্গে যোগাযোগের রাস্তা খুলে যায়। বই ও পত্রপত্রিকা একদিকে মানুষের জ্ঞান সংরক্ষণ করার সুযোগ এনে দেয়, অন্যদিকে এককাল থেকে অন্যকালে জ্ঞান বিস্তার করাও সম্ভব হয়ে ওঠে। বইয়ের সম্ভার নিয়ে এরপর গড়ে ওঠে অনেক পাঠাগার। রবীন্দ্রনাথ ঠাকুর, লিউ তলস্তয়, শেক্সপিয়ারের মতো মহৎ লেখকদের লেখার সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে বইয়ের মাধ্যমেই। আর এই বই ছাপা সম্ভব হয়েছে মুদ্রণযন্ত্র ও ছাপাখানা আবিষ্কারের ফলেই। কাজেই জ্ঞান-সাধনা ও জ্ঞানবিস্তারে মুদ্রণযন্ত্র ও ছাপাখানার ভূমিকা অপরিসীম। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল