অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-১২ থেকে গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করব। সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: বাংলায় কে এবং কীভাবে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? উত্তর: বাংলায় স্বাধীন সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। তিনি দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলায় স্বাধীন সুলতানি আমলের সূচনা করেন। ১৩৩৮ সালে তিনি সোনারগাঁয়ের ক্ষমতা গ্রহণ করে নিজেকে সোনারগাঁয়ের স্বাধীন শাসক ঘোষণা করেন। তাঁর প্রকৃত নাম ছিল ফখরা। তিনি একজন দক্ষ সুশাসক ছিলেন। প্রশ্ন: বার ভূঁইয়া বলতে কী বোঝায়? বাংলায় বার ভূঁইয়াদের কয়েকজনের নাম লেখো। উত্তর: ঐতিহাসিকগণ মনে করেন, বার ভূঁইয়া বলতে মূলত ১২ জন জমিদারকে বোঝায় না, বরং ভূঁইয়া ও তাঁদের নেতাসহ ১৩ জন ভূঁইয়াকেই বোঝানো হয়ে থাকে। মোগল শাসনামলে পূর্ববঙ্গ ও পশ্চিম-উত্তরবঙ্গের বিশাল অঞ্চল একশ্রেণীর জমিদারের অধিকারে ছিল। তাঁদের অনেকেই মোগল শাসনকে মেনে নেননি। তাঁরা নিজ নিজ অঞ্চলে স্বাধীনভাবে জমিদারি পরিচালনা করতেন। তাঁদের শক্তিশালী সেনাবাহিনী ও নৌবাহিনী ছিল। ইতিহাসে তাঁরাই বার ভূঁইয়া নামে পরিচিত। বার ভূঁইয়াদের কয়েকজনের নাম: ঈসা খান, রাজা প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, মুসা খান, ফতেহ খান প্রমুখ। তাঁদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন সোনারগাঁয়ের ঈসা খান ও তাঁর পুত্র মুসা খান। প্রশ্ন: সুবাদার শায়েস্তা খানের গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ করো। উত্তর: শায়েস্তা খানের গৃহীত পদক্ষেপ: ১৬৬৪ সালে সম্রাট আওরঙ্গজেব শায়েস্তা খানকে বাংলার সুবাদার হিসেবে নিয়োগ দেন। ১৬৮৮ সাল পর্যন্ত তিনি বাংলার সুবাদার ছিলেন। রাজ্যে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য তিনি কতকগুলো পদক্ষেপ গ্রহণ করেন। এসব পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য ছিল:১. শায়েস্তা খান ১৬৬৬ সালে চট্টগ্রাম দখল করেন। ২. শায়েস্তা খান তাঁর সুবাদারির শেষ দিকে ইংরেজদের বাংলা সুবা থেকে বিতাড়িত করেন। ৩. শায়েস্তা খান সব জিনিসপত্রের দাম সস্তা রাখার ব্যবস্থা করেন। ৪. সুবাদার শায়েস্তা খান পার্শ্ববর্তী রাজ্যের আক্রমণ থেকে বাংলাকে রক্ষার পদক্ষেপ নেন। ৫. বাংলায় শান্তি প্রতিষ্ঠা, মানুষের জানমাল রক্ষা এবং রাজ্যসীমা অক্ষুণ্ন রাখতে যোগ্য সেনাপতি নিয়োগ করেন। প্রশ্ন: মধ্যযুগে বাংলায় বিনোদনের কী কী ব্যবস্থা ছিল? উত্তর: মধ্যযুগে বাংলার বিনোদনের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা প্রচলিত ছিল। যেমন চৌগান খেলা, পাশা খেলা, তাস খেলা ইত্যাদি। বাজিকরদের খেলা বেশ জনপ্রিয় ছিল। এ ছাড়া পায়রা ওড়ানো, সাঁতার কাটা, নৌকাবাইচ ইত্যাদি ছিল তখনকার জনপ্রিয় বিনোদনমাধ্যম। পালাগান খুব জনপ্রিয় ছিল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল