অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-১২ থেকে গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করব। সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: মধ্যযুগে বাংলার ধর্মীয় অবস্থা কীরূপ ছিল?উত্তর: মধ্যযুগে বাংলার ধর্মীয় অবস্থা: মুসলমান সুফিসাধক ও শাসকদের দৃষ্টিভঙ্গি এবং বৈষ্ণব আন্দোলন বাংলায় এক উদার ধর্মীয় পরিবেশ সৃষ্টি করে। সমাজে সব ধর্মের মানুষের সমান সুযোগ-সুবিধা ছিল। সুলতানি আমলে নানা ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় ছিল। শ্রীচৈতন্যের নব্যবৈষ্ণব ধর্ম স্বাধীনভাবে পালন করা হতো। মুসলমান শাসকদের দরবারে অনেক হিন্দু উচ্চ রাজপদে কাজ করতেন। মুসলমান সমাজে প্রধান ধর্মীয় উৎসব ছিল ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এ ছাড়া হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন্নবী ও লাইলাতুল বরাত আড়ম্বরের সঙ্গে পালিত হতো। হিন্দু সম্প্রদায়ের নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠানাদি পূজা-পার্বণ জাঁকজমকের সঙ্গে পালন করা হতো। অন্যদিকে মোগল আমলেও ধর্মীয় স্বাধীনতা অব্যাহত থাকে। রাষ্ট্র প্রশাসনে অংশগ্রহণের ক্ষেত্রে ধর্ম তেমন কোনো বাধা সৃষ্টি করেনি। বৈষ্ণব আন্দোলন মোগল যুগেও প্রবল ছিল। এ যুগে ধর্মীয় ইমারতের মধ্যে মসজিদ, মন্দির, সমাধি, ঈদগাহ ছিল উল্লেখযোগ্য।প্রশ্ন: ইবনে বতুতার বিবরণ থেকে কী জানা যায়? উত্তর: বাংলা সম্পর্কে ইবনে বতুতার বিবরণ: সুলতানি আমলে বাংলা সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক ইবনে বতুতা। তাঁর বিবরণ থেকে এ আমলে বাংলার মানুষের পোশাক, অলংকার ও খাদ্য সম্পর্কে জানা যায়। পোশাক: মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের নর-নারীরা বিভিন্ন ধরনের পোশাক পরতেন। নিচে সে সম্পর্কে আলোচনা করা হলো:মুসলমান পুরুষদের পোশাক—ধনী মুসলমান পরিবারের পুরুষদের পোশাক ছিল ইজার (পায়জামা) ও লম্বা জামা। জামায় থাকত গলাবন্ধ এবং কোমরে বাঁধা থাকত উজ্জ্বল ফিতা। মাথায় পাগড়ি পরার রেওয়াজ ছিল। পায়ে ব্যবহার করতেন কারুকাজখচিত চামড়ার জুতা ও মোজা। মধ্যবিত্ত মুসলমান পুরুষেরা পায়জামা, জামা, পাগড়ি ও জুতা ব্যবহার করতেন। সাধারণ মুসলিম পুরুষদের পরিধান ছিল লুঙ্গি ও ফতুয়া ধরনের জামা এবং তাঁরা মাথায় টুপি পরতেন।মুসলমান নারীদের পোশাক—কামিজ, সালোয়ার এবং কখনো কখনো দামি শাড়ি ছিল অভিজাত মুসলিম মহিলাদের পোশাক। দামি ওড়না তাঁরা ব্যবহার করতেন। স্বল্প আয়ের সাধারণ মহিলারা শাড়ি পরতেন। হিন্দুদের পোশাক—অভিজাত হিন্দু পুরুষ ও রমণীরা জাঁকজমকপূর্ণ ও রুচিসম্মত পোশাক পরতেন। সাধারণ হিন্দুরা ধুতি ও চাদর ব্যবহার করতেন। হাঁটু পর্যন্ত একধরনের লম্বা জামাও পরতেন। এর নাম ছিল অঙ্গরাখি। জুতার বদলে তাঁরা পায়ে খড়ম ব্যবহার করতেন। নিম্নশ্রেণীর হিন্দুরা শুধু ধুতি পরতেন। হিন্দু মহিলাদের সাধারণ পোশাক ছিল শাড়ি। অলংকার: পুরুষ-মহিলা সবাই অলংকার পছন্দ করতেন। তবে অলংকার বেশি প্রিয় ছিল মহিলাদের। সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের অলংকার ব্যবহূত হতো। খাদ্য: ভাত, মাছ, তরকারি, ডাল ছিল জনপ্রিয় খাবার। উৎসব অনুষ্ঠানে মাংস পরিবেশনের রেওয়াজ ছিল। তা ছাড়া দুধ, দই, ছানা, মিষ্টি, পায়েস, ক্ষীর খেতে লোকে ভালোবাসত। খাওয়া শেষে পান খাওয়ার চল ছিল। মোগল আমলে এই খাদ্যাভ্যাসেও যথেষ্ট পরিবর্তন আসে। ভাত, মাছ, তরকারির পাশাপাশি কাবাব, রেজালা, কোরমা এবং ঘি সহযোগে রান্নার যাবতীয় মোগলাই খাবার জায়গা করে নেয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল