অধ্যায়-১৫ প্রিয় সমাপনী পরীক্ষার শিক্ষার্থীরা আদর ও ভালোবাসা নিয়ো। ২০১১ সালের সমাপনী পরীক্ষার আলোকে আজ অধ্যায়-১৫-এর আমাদের মুক্তিযুদ্ধের নয় মাস নিয়ে আলোচনা করছি। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্ন: মুক্তিযুদ্ধে সামরিক-বেসামরিক বাহিনীর ভূমিকা লেখো।উত্তর: মুক্তিযুদ্ধে সামরিক ও বেসামরিক জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে বেশ কিছু বাহিনী গড়ে উঠেছিল। তারা বিভিন্নভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে। মুক্তিযুদ্ধে কার্যকরভাবে পরিচালনার জন্য সারা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত পূর্ব বাংলার অফিসার, সৈনিক, পুলিশ, ইপিআর, নৌ, বিমান বাহিনীর সদস্যরা এসব বাহিনীর গঠন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধারা এতে যোগদান করেন। এদের মুক্তিবাহিনী ও মুক্তিফৌজ বলা হতো। দেশের কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে বেশ কিছু বাহিনী গড়ে তোলা হয়। ভারতে প্রশিক্ষণ শেষে তারাও দেশের ভেতরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দেশের অভ্যন্তরেও অনেক ছোট ছোট বাহিনী গড়ে তুলে পাকিস্তানি বাহিনী ও রাজাকার বাহিনীকে আক্রমণ করে। যুদ্ধের সময় নয় মাস বাংলাদেশের এসব মুক্তিবাহিনী স্থল, জল এবং আকাশপথে আক্রমণ করে পাকিস্তান বাহিনীকে কাবু করে। এ ছাড়া গ্রামাঞ্চলে সংগ্রাম কমিটি গঠন করে মানুষ মুক্তিবাহিনীকে থাকা, খাওয়া ও যুদ্ধে সাহায্য করে।প্রশ্ন: হানাদার বাহিনী কর্তৃক বুদ্ধিজীবী হত্যার কারণ উল্লেখ করো।উত্তর: পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাকিস্তান শাসকচক্র বাংলাদেশকে চিরতরে মেধাশূন্য করার জন্য ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হয়। তারা ভেবেছিল, এ দেশকে মেধাশূন্য করা গেলে বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে যাবে। আমরা কোনো দিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব না। তাই তারা বুদ্ধিজীবী নিধনের ষড়যন্ত্র করে। মুক্তিযুদ্ধের শুরু থেকেই নানাভাবে বুদ্ধিজীবী হত্যায় লিপ্ত হয়। তবে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে এই বর্বরতা ও হত্যাযজ্ঞ ভয়াবহ রূপ ধারণ করে। পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্দেশনা ও মদদে রাজাকার, আলবদর, আল শামস্সহ এ দেশীয় একশ্রেণীর দালালরা এই হত্যাযজ্ঞ ঘটায়। তারা সন্তোষচন্দ্র ভট্টাচার্য, মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, ডা. ফজলে রাব্বীসহ দেশের প্রথম সারির অনেক বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে। পরে ঢাকার মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে তাঁদের অনেকের বিকৃত লাশ পাওয়া যায়। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি।প্রশ্ন: মুক্তিযুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর: বহু ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। মুক্তিযুদ্ধের নয় মাস ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে আমরা সবাই একত্রে শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। এভাবে মুক্তিযুদ্ধে আমাদের দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ করেছিল। মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে আমরা স্বাধীন জাতি হিসেবে পরিচিতি পেয়েছি। বিশ্বসভায় পেয়েছি মর্যাদার আসন, সুযোগ পেয়েছি নিজেদের দেশ গড়ার। আধুনিক উন্নত বাংলাদেশ গড়তে হলে আমাদের এই জাতীয় ঐক্য ও দেশপ্রেম সব সময় প্রয়োজন। আমরা মুক্তিযুদ্ধের উদার মনোভাব ও গণতান্ত্রিক চেতনা সর্বদা লালন করব। স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপনে অংশগ্রহণ করব। আমরা দেখতে চাই, যাতে বাংলাদেশ একদিন বিশ্বের উন্নত দেশের সারিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।