অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বিজ্ঞান বিষয়ের ২য় অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রশ্ন: পরিবেশদূষণ কী?উত্তর: আমাদের চারপাশের পরিবেশকে আমরা নানাভাবে ব্যবহার করি। যে কারণে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এসব পরিবর্তন যখন আমাদের জন্য ক্ষতির কারণ হয়, তখন তাকে পরিবেশদূষণ বলে।প্রশ্ন: পরিবেশদূষণের উৎস কী?উত্তর: যে কারণগুলো পরিবেশের ক্ষতি করে, সেগুলোই পরিবেশদূষণের উৎস। যেমন: বায়ুদূষণের উৎস শিল্পকারখানা, যানবাহন, ইটের ভাটা ইত্যাদি। পানিদূষণের উৎস: রাসায়নিক সার, কীটনাশক, কলকারখানার বর্জ্য। আবার মাটিদূষণের উৎস প্লাস্টিক, পলিথিন ইত্যাদি।প্রশ্ন: বায়ুদূষণ কী?উত্তর: অপরিকল্পিতভাবে বাসগৃহ নির্মাণ, শিল্পকারখানা স্থাপন, যানবাহন চালানো, ভাটায় ইট পোড়ানো ইত্যাদি কারণে বায়ুর উপাদানগুলোর পরিবর্তন ঘটে। ফলে বায়ু আমাদের জন্য ক্ষতির কারণ হয়। একে বায়ুদূষণ বলে।প্রশ্ন: পানিদূষণ কী? উত্তর: জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ, জলাশয়ের ওপর কাঁচা পায়খানা তৈরি, কলকারখানার বর্জ্য পানিতে ফেলা ইত্যাদি কারণে পানির গুণগত পরিবর্তন ঘটে। এ পানি মানুষ, জলজ প্রাণী ও উদ্ভিদের জন্য ক্ষতিকর হয়। একে পানিদূষণ বলে।প্রশ্ন: মাটি দূষণ হয় কীভাবে?উত্তর: নিম্নলিখিত উপায়ে মাটি দূষিত হয়—১. কৃষিক্ষেতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ।২. হাসপাতালের বর্জ্য, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি মাটিতে ফেলা।প্রশ্ন: শব্দদূষণ কী?উত্তর: হঠাৎ উচ্চ আওয়াজ, গোলমাল বা বিভিন্ন উচ্চমাত্রার শব্দের কারণে মানুষের মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি হয়। শব্দের এ আধিক্যই শব্দদূষণ নামে পরিচিত।প্রশ্ন: পরিবেশে পানিদূষণের প্রভাবে কী কী ঘটতে পারে, লেখো।উত্তর: পানিদূষণের প্রভাবে পরিবেশে যেসব ঘটনা ঘটতে পারে, তা হলো—১. দূষিত পানি ব্যবহারের কারণে মানুষ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হবে। যেমন: ডায়রিয়া, আমাশয়, জন্ডিস ইত্যাদি।২. জলজ উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটবে।৩. পরিবেশের ভারসাম্য নষ্ট হবে।প্রশ্ন: পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লেখো।উত্তর: পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় হলো—১. অপরিকল্পিতভাবে বাড়িঘর ও কলকারখানা তৈরি না করা।২. বনজঙ্গল কাটাসহ নদীনালা ভরাট বন্ধ করা।৩. কলকারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নেওয়া।৪. প্লাস্টিক ও পলিথিন যেখানে-সেখানে না ফেলা।৫. মরা জীবজন্তু ও জৈব আবর্জনা মাটিতে গর্ত করে মাটি চাপা দিয়ে রাখা।