অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৩ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: আর্সেনিক দূষণের কারণ কী?উত্তর: প্রাকৃতিক কারণে আর্সেনিক দূষণ হয়ে থাকে। মাটির নিচে আর্সেনিকের খনিজ থাকে। এ খনিজ ভূগর্ভের পানির স্তরের সংস্পর্শে এলে তা পানিতে মিশে পানিকে দূষিত করে। এভাবে আর্সেনিক দূষণ ঘটে।প্রশ্ন: দূষিত পানি পান করলে কী কী রোগ হতে পারে?উত্তর: দূষিত পানি পান করলে নিম্নলিখিত রোগ হতে পারে—১. কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস।২. পেটের পীড়া ও চর্মরোগ।৩. আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাত-পায়ে একধরনের ক্ষত বা ঘা তৈরি হয়, যা আর্সেনোকোসিস রোগ নামে পরিচিত।প্রশ্ন: চিত্রসহ পানিচক্র ব্যাখ্যা করো।উত্তর: পুকুর, খাল, বিল, নদী ও সাগরের পানি সূর্যতাপে বাষ্প হয়ে আকাশে উঠে যায়। আকাশে তা ঠান্ডা হয়ে ছোট ছোট পানিকণায় পরিণত হয়। ছোট ছোট পানিকণা আকাশে ভেসে বেড়ায়। এটাই মেঘ। ছোট ছোট পানিকণা একসঙ্গে হয়ে বড় পানিকণা হয়। বড় পানিকণা আকাশে ভেসে থাকতে পারে না। ফোঁটা ফোঁটা পানি হয়ে নিচে নেমে আসে। এটিই বৃষ্টি।বৃষ্টির পানি গড়িয়ে গিয়ে নদীর পানির সঙ্গে মেশে। নদীর পানি প্রবাহিত হয়ে সমুদ্রের পানিতে মেশে। এভাবে ভূপৃষ্ঠের পানি থেকে জলীয় বাষ্প, জলীয় বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টিরূপে পানি আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। পৃথিবীতে পানি তার এক উৎস থেকে অন্য উৎসে এভাবে চক্রাকারে ঘোরে। পানির এই চক্রাকারে ঘুরে আসাকে পানিচক্র বলে।প্রশ্ন: বায়ুতে সব সময়ই কিছু জলীয় বাষ্প থাকে, তা কীভাবে প্রমাণ করবে?উত্তর: বায়ুতে সব সময়ই কিছু জলীয় বাষ্প থাকে। নিচের পরীক্ষাটির সাহায্যের সহজেই তা প্রমাণ করা যায়।একটি কাচের গ্লাসে কয়েক টুকরা বরফ নিই। তারপর কিছুক্ষণ রেখে দিই। লক্ষ করলে দেখব, গ্লাসের বাইরের গায়ে পানি জমে আছে। হাত দিয়ে গ্লাস ধরলে হাতে পানি লাগবে এবং গ্লাসটি ঠান্ডা অনুভূত হবে। গ্লাসের বাইরের গায়ের এ পানি বরফ থেকে আসেনি। আসলে গ্লাসের চারপাশের বায়ুতে যে জলীয় বাষ্প ছিল, তা-ই ঠান্ডা হয়ে পানিতে পরিণত হয়েছে। এ থেকেই প্রমাণিত হয় যে বায়ুতে সব সময়ই কিছু জলীয় বাষ্প থাকে।প্রশ্ন: পানিদূষণের প্রধান কারণগুলো লেখো।উত্তর: পানিদূষণের প্রধান কারণগুলো নিচে উল্লেখ করা হলো:১. পানিতে বাসনকোসন মাজা, গোসল করা, ময়লা কাপড় কাচা, গরু-মহিষ গোসল করানো, পায়খানা-প্রস্রাব করা, প্রাণীর মৃতদেহ ফেলা প্রভৃতি উপায়ে নদী-নালা, খাল-বিল ও পুকুরের পানি দূষিত হয়।২. কলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মলমূত্র, বিছানাপত্র ও জামা-কাপড় পুকুর, খাল-বিল বা নদীর পানিতে ধুলে রোগের জীবাণু মিশে পানি দূষিত করে।৩. কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে ফেললে পানি দূষিত হয়।৪. কৃষিকাজে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে তা বৃষ্টির পানিতে ধুয়ে খাল-বিল ও নদীর পানিতে মিশে পানিকে দূষিত করে।৫. বন্যা ও জলোচ্ছ্বাসের সময় গ্রাম-শহরাঞ্চল পানিতে ডুবে যায়। এতে মানুষ ও গৃহপালিত পশু-পাখির মলমূত্র পানিতে মিশে পানিকে দূষিত করে।৬. এ ছাড়া প্রাকৃতিক কারণে আর্সেনিক দূষণ হয়ে থাকে। মাটির নিচে আর্সেনিকের খনিজ থাকে। আর্সেনিক ভূগর্ভের পানির স্তরের সংস্পর্শে এলে তা পানিতে মিশে পানিকে দূষিত করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল