অধ্যায়-৬শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায়-৬ থেকে আজ গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরপ্রশ্ন: বিভিন্ন দুর্যোগে শিশুদের লেখাপড়ার কী কী সমস্য হয়?উত্তর: দুর্যোগ হচ্ছে একটি মারাত্মক পরিস্থিতি। দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতিবছর অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও খরা ইত্যাদি ঘটছে। এসব দুর্যোগে আমাদের শিশুরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় মানুষ আশ্রয়, পানি, খাদ্য, চিকিৎসা, কর্মসংস্থানের অভাবসহ বিভিন্ন সংকটে পড়ে। শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না। ফলে তাদের লেখাপড়ার ক্ষতি হয়।নদী ভাঙনের কারণে লাখ লাখ মানুষ গৃহহীন হয়। সামাজিক জীবন ব্যাহত হয়। এতে শিশুদের শিক্ষাজীবনেরও ক্ষতি হয়।খরা উত্তরাঞ্চলের জন্য একটি মারাত্মক দুর্যোগ। অত্যধিক গরমে শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না বা ঠিকমতো পড়ালেখা করতে পারে না। অনেকে জ্বর, ডায়রিয়া, হাম, ইনফ্লুয়েঞ্জা, আমাশয়সহ নানা অসুখে ভোগে।প্রশ্ন: ভূমিকম্প মোকাবিলায় কোন কোন বিষয় মনে রাখতে হবে?উত্তর: সাম্প্রতিককালে বাংলাদেশে প্রায়ই মৃদু ও মাঝারি ধরনের ভূমিকম্প হচ্ছে। বিজ্ঞানীদের মতে, ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস। ভূমিকম্পের সময় আমাদের করণীয়:১. পুরোপুরি শান্ত থাকতে হবে। ২. আতঙ্কিত হয়ে ছুটোছুটি করা যাবে না। ৩. বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে দিতে হবে। ৪. কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে। ৫. বারান্দা, আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে। ৬. পাকা দালানে থাকলে বিমের পাশে দাঁড়াতে হবে। ৭. প্রথম ভূমিকম্প থেমে যাওয়ার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিতে হবে। ৮. প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা বাড়িতেই রাখতে হবে। ৯. বন্ধু, সহপাঠী, সমবয়সী, শিক্ষক ও অভিভাবক সবার সঙ্গে ভূমিকম্পের ঝুঁকি ও করণীয় বিষয়গুলো আলোচনা করতে হবে।প্রশ্ন: নদী ভাঙনের কারণগুলো কী?উত্তর: বাংলাদেশে অসংখ্যা নদী ও তাদের শাখা-প্রশাখা রয়েছে। বিভিন্ন কারণে নদীগুলোর পাড় ভেঙে যায়। এগুলোর মধ্যে রয়েছে প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে প্রধান হলো জোয়ারভাটা, ভূমিকম্প ইত্যাদি। অন্যদিকে মানুষের সৃষ্ট কারণের মধ্যে রয়েছে অপরিকল্পিত নদী খনন, বালু উত্তোলন, নদী তীরবর্তী গাছাপালা কাটা ইত্যাদি। বন্যা প্রাকৃতিক নিয়মে হলেও মানুষের কর্মকাণ্ড এর তীব্রতা বাড়িয়ে দেয়। মারাত্মক বন্যা নদী ভাঙনের অন্যতম কারণ। বন্যার সময় নদীভাঙন মারাত্মক রূপ ধারণ করে। এর ফলে কৃষিজমি, ঘরবাড়ি, জনবসতি এমনকি পুরো গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাংলাদেশে প্রতিবছর প্রায় ১০ হাজার হেক্টর জমি নদী ভাঙনের শিকার হয়।প্রশ্ন: সমাজ ও পরিবেশের ওপর দুর্যোগের প্রভাব আলোচনা করো।উত্তর: মানুষের অপরিনামদর্শী কর্মকাণ্ডের ফলে প্রকৃতি ও জলবায়ুর পরিবর্তন ঘটছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতিবছর অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি ঘটছে। পরিবেশেরও ক্ষতি হচ্ছে। যেমন বন ধ্বংস হচ্ছে, পানি ও বাতাস দূষিত হচ্ছে।জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে ও কোটি কোটি মানুষ গৃহহীন হবে। জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন দুর্যোগ যেমন আইলা, সিডরের মতো ঘূর্ণিঝড় ঘন ঘন আঘাত হানছে। মানুষ ঘরবাড়ি হারাচ্ছে। বন্যা ও ঘূর্ণিঝড়ে মানুষ, পশুপাখি, মাছসহ অন্যান্য প্রাণী, ফসল, ঘরবাড়ি, গাছপালা, রাস্তাঘাট সবকিছুরই ক্ষতি হয়। খাদ্যাভাব, বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া, আমাশয়, চর্ম রোগ ইত্যাদি দেখা দেয়। দুর্যোগের ফলে মানুষ সর্বস্ব হারিয়ে গ্রাম থেকে শহরে ভাসমান জনগোষ্ঠী হিসেবে জীবন যাপন করতে বাধ্য হয়।