প্রিয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শুভেচ্ছা রইলো। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের বেশ কিছু দরকারি বিষয়ের ওপর কথা বলবো। শিক্ষকতা পেশাটা অনেকটা কারিগরের মতো। কোনো দ্রব্য উৎপাদনে কারিগর যদি উন্নতমনস্ক হন, তবে তার উৎপাদিত দ্রব্যটিও উন্নত মানের হবে নিঃসন্দেহে। সেরূপ শিক্ষকও যদি উন্নতমনস্ক হন, তবে তাঁর সৃজনশীলতায় শিশুরাও সৃজনশীল হয়ে উঠবে। বিদ্যালয় নামক আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোতে হাজারো শিশু আসে শিক্ষা লাভের আশায়। যেখানে শিশুরা তাদের মেধার স্ফুরণ ঘটিয়ে হয়ে উঠতে চায় উচ্চ মানের মানবজাতিরূপে। শিক্ষকমণ্ডলীর অক্লান্ত প্রচেষ্টায় তারা কেউ কেউ সঠিক স্থানে সঠিক মানে পৌঁছেও যায়। আমরা শিক্ষকমণ্ডলীর কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। বর্তমানে নতুন সিলেবাসের আলোকে আরও ভালোভাবে দিতে গেলে অবশ্যই শিক্ষকদের মেধা ও মননকে কাজে লাগিয়ে শিক্ষকতা কাজটি শৈল্পিকভাবে করতে হবে। শিল্পী যেমন রং-তুলির ব্যঞ্জনায় তাঁর শিল্পিত রূপকে ফুটিয়ে তোলেন সাদা ক্যানভাসে, সেরূপ শিক্ষকেরাও বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর প্রতি থাকতে হবে দায়িত্বশীল মনোভাব।আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কথাই লিখছি।আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুরা আসে প্রাথমিক অবস্থায় আনুষ্ঠানিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে। তাই শিক্ষাটা হবে তাদের চাহিদা ও পারগতা অনুযায়ী। এই শিশুদের চাহিদা ও পারগতার প্রতিই যথেষ্ট যত্নবান হতে হবে শিক্ষকদের। বিশেষভাবে যেসব বিষয়ের প্রতি শিক্ষকদের নজর দেওয়ার প্রয়োজন:১. বিষয়বস্তুর প্রতি সুস্পষ্ট ধারণা রাখা।২. কোন শিক্ষার্থীর মেধা কোন বিষয়বস্তু গ্রহণ করার ক্ষমতা রাখে, তা জানা ও পর্যবেক্ষণ করা।৩. শিক্ষকদের শিশু মনোবিজ্ঞান সম্পর্কে সঠিক ধারণা থাকা।৪. শিক্ষা মনোবিদদের ধ্যানধারণা সম্পর্কে অবহিত হওয়া।৫. শিখন-শেখানো কৌশল ও পদ্ধতি সম্পর্কে যথার্থ জ্ঞান ও প্রয়োগের দক্ষতা থাকা।৬. সঠিক উপকরণের ব্যবহার ও প্রয়োগের দক্ষতা থাকা।৭. শিক্ষার্থীর আচরণ, শিক্ষার্থীর আবেগ-অনুভূতির প্রতি যত্নশীল হওয়া।৮. শিশুর সব প্রশ্নের উত্তর দেওয়া।৯. প্রশ্ন করার দক্ষতা তৈরি করা।১০. পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠ-সহায়ক বই পড়ানোতে উৎসাহিত করা।১১. আনন্দদানের মাধ্যমে শিক্ষার্থীর শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা করা।১২. শিখন-শেখানো কার্যক্রম এমনভাবে পরিচালনা করা, যা শিক্ষার্থীর তার বাস্তব জীবনে কাজে লাগাতে পারে।ওপরের বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে সত্যিকার অর্থেই যদি শিক্ষকেরা মনপ্রাণ ঢেলে শিক্ষকতার কাজটি করতে চান, তবে অফুরন্ত কাজ রয়েছে শিক্ষকদের।আমাদের সময় আমরা একটি ছড়া কাটতাম, বুদ্ধদেব বসুর লেখা। ‘কাকাতুয়ার মাথায় ঝুঁটি, / খেঁকশেয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, / ঘুঘু পাখি ডাকছে গাছে।’আমার শিক্ষক যখন তার বর্ণনার ছটায় ছড়াটি পড়তেন, তখন মনটা কেমন করে উঠত। ছড়ার সুরের রেশের মধ্য দিয়ে উপলব্ধি করতাম গ্রামবাংলার রূপটি। আর এর সবটুকু কৃতিত্বই শিক্ষকের।আমরা এমন শিক্ষকই চাই, যাঁর চেষ্টায় শিশুর মন দুলে উঠবে, নড়ে উঠবে। সেখানে শিক্ষকের ভূমিকা হবে অনেকটা সৌন্দর্যের সোনার কাঠি ছুঁইয়ে দেওয়ার মতো, যাদের কোমল পরশে শিক্ষার্থীরা গড়ে উঠবে শৈল্পিক প্রজন্মরূপে।