অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা,আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ৮ নম্বর অধ্যায় থেকে নমুনা রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কী কী? কৃষিজ সম্পদ ও মৎস্যসম্পদের বর্ণনা দাও।উত্তর: আমাদের জীবন ও জীবিকা নির্বাহের জন্য প্রকৃতি থেকে আমরা যেসব দ্রব্য পাই, সেগুলো প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে কৃষিজ সম্পদ, মৎস্যসম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ ইত্যাদি।কৃষিজ সম্পদের বর্ণনা: আমাদের কৃষিজ সম্পদের মধ্যে খাদ্যশস্য ও অর্থকরী ফসল প্রধান।ক. খাদ্যশস্য: খাদ্যশস্যের মধ্যে উল্লেখযোগ্য ধান, গম, ডাল, তৈলবীজ, মসলা, শাকসবজি, ফলমূল ইত্যাদি। এগুলোর মধ্যে ধান, গম, ডাল, তৈলবীজ ইত্যাদি বাংলাদেশে জন্মে। বাংলাদেশে একসময় অসংখ্য প্রজাতির ধানের সমৃদ্ধ ভান্ডার ছিল। বর্তমানে অনেক ধরনের প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। আমাদের দেশে প্রধানত তিন ধরনের ধান ব্যাপকভাবে চাষ হয়। এগুলো হলো—আউশ, আমন ও বোরো। এই তিন প্রকার ধানের প্রতিটির আবার উচ্চফলনশীল জাত রয়েছে। ধান আমাদের দেশের প্রধান শস্য। বাংলাদেশের সব অঞ্চলেই কম-বেশি ধান জন্মে। তাই ভাত আমাদের প্রধান খাদ্য।খ. অর্থকরী ফসল: অর্থকরী ফসলের মধ্যে চা, পাট, তামাক, ইক্ষু, তুলা, রেশম ইত্যাদি প্রধান। অর্থকরী ফসল বলতে যেসব ফসলের বিনিময়ে অর্থ উপার্জন করা হয়, সেসব ফসলকে বোঝায়।বাংলাদেশে পাট একসময় প্রধান অর্থকরী ফসল ছিল। বর্তমানে বাংলাদেশে পাটের উৎপাদন কমে গেছে। এখন চা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।মৎস্যসম্পদের বর্ণনা: বাংলাদেশ মাছে সমৃদ্ধ। আমাদের দেশে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। যেমন: রুই, কাতলা, ইলিশ, চিতল, চিংড়ি, কই, মাগুর, শিং ইত্যাদি। বাংলাদেশে নদীনালা, খালবিল, পুকুর, সমুদ্র ইত্যাদি জলাশয়ের পানির বৈশিষ্ট্য অনুসারে মাছের পাঁচটি ক্ষেত্র রয়েছে। দু-একটি ক্ষেত্রে কিছু ভিন্ন ধরনের মাছ পাওয়া গেলেও বাংলাদেশের প্রধান মাছগুলো সাধারণত সব উপযুক্ত মৎস্য ক্ষেত্রেই পাওয়া যায়।প্রশ্ন: বাংলাদেশের মৎস্য ক্ষেত্রগুলোর নাম লেখো। এদের বর্ণনা দাও।উত্তর: বাংলাদেশের মৎস্য ক্ষেত্রগুলো হলো: ক. নদী বা প্রাকৃতিক জলাশয়ের মাছ খ. কৃত্রিম জলাশয়ের মাছ গ. বাংলাদেশের মোহনা বা খড়ির মাছ ঘ. উপকূলীয় অঞ্চলের নোনা পানির মাছ ঙ. সামুদ্রিক মাছএই মৎস্য ক্ষেত্রগুলোর বর্ণনা তুলে ধরা হলো: ক. নদী বা প্রাকৃতিক জলাশয়ের মাছ: এসব জলাশয়ের মধ্যে রয়েছে নদী, খালবিল, ঝিল, হাওর-বাঁওড় ইত্যাদি। এ ধরনের জলাশয়ের মাছকে মিঠা পানির মাছ বলে। বাংলাদেশের সব নদীতেই কম-বেশি মাছ পাওয়া যায়। মিঠা পানির মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, বাউশ, কালবাউশ, আড়, বোয়াল, চিতল, বাটা, চিংড়ি প্রভৃতি।খ. কৃত্রিম জলাশয়ের মাছ: এসব জলাশয়ের মধ্যে রয়েছে পুকুর, দিঘি, হ্রদ ইত্যাদি। যেমন: কাপ্তাই হ্রদ, সেচ খাল ইত্যাদি। কৃত্রিম জলাশয়ে রুই, কাতলা, মৃগেল, বাউশ, কালবাউশ, শোল, গজার ইত্যাদি মাছ পাওয়া যায়। গ. মোহনা বা খাড়ির মাছ: বাংলাদেশের মোহনায় চিংড়ি, ইলিশ, তপসে, ভেটকি, কুড়াল, ফাইসা, বাঁশপাতা, চেলা ইত্যাদি মাছ পাওয়া যায়। ঘ. উপকূলীয় অঞ্চলের নোনা পানির মাছ: বাংলাদেশের দক্ষিণে উপকূলীয় অঞ্চলে চিংড়ি মাছের ব্যাপক চাষ হয়। উৎপাদিত চিংড়ি বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। ঙ. সামুদ্রিক মাছ: সামুদ্রিক মাছের মধ্যে ভেটকি, লইট্টা, চেলা, পোয়া, রূপচাঁদা, ভারতীয় স্যামন, ছুরিমাছ উল্লেখযোগ্য। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল