অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ ইসলাম শিক্ষা বিষয়ের ২ নম্বর অধ্যায় থেকে নমুনা রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: ইবাদত কাকে বলে? উত্তর: ইবাদত আরবি শব্দ। ইবাদত শব্দের আভিধানিক অর্থ দাসত্ব, উপাসনা, বন্দেগি, আনুগত্য ইত্যাদি। পারিভাষিক অর্থে ইবাদত হচ্ছে ইসলামের আবশ্যকীয় অনুষ্ঠানাদি— ঈমান, সালাত, সাওম, জাকাত ও হজ ইত্যাদি পালন করা। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করা এবং যা নিষেধ করেছেন তা না করাই হলো ইবাদত। আমাদের কাজ হলো আল্লাহ তাআলার হুকুম মানা, বন্দেগি করা। মানুষ আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা মানুষের একমাত্র মাবুদ। ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হন। নিজেদের সুখ-শান্তির জন্য আল্লাহ তাআলা প্রদত্ত ও রাসূল (সা.)-এর প্রদর্শিত পন্থায় জীবন অতিবাহিত করাকেই ইবাদত বলে। প্রশ্ন: আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন? উত্তর: ইসলামের লক্ষ্য হলো, মানুষকে ইবাদতে অভ্যস্ত বান্দা হিসেবে তৈরি করা। ইবাদত করলে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন শুধু তাঁরই ইবাদতের জন্য। তাঁরই আদেশ-নিষেধ মেনে চলার জন্য। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ‘ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লিইয়াবুদুন।’ অর্থাৎ, ‘আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।’ সুতরাং, আমাদের উচিত, আল্লাহ তাআলার নির্দেশিত পথে থেকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করা। প্রশ্ন: সালাত আদায়কারীকে আল্লাহ তাআলা কী পুরস্কার দেবেন? উত্তর: সালাত আরবি শব্দ। সালাতকে ফারসি ভাষায় নামাজ বলা হয়। ঈমানের পরই সালাতের স্থান। সালাত সবচেয়ে বড় ইবাদত। এর গুরুত্ব এবং ফজিলতও সবচেয়ে বেশি। সালাতের মাধ্যমেই আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। সালাত আদায়কারী ব্যক্তি আল্লাহ তাআলার খুব প্রিয় বান্দা। সালাত আদায়কারীকে আল্লাহ তাআলা যেসব পুরস্কার দেবেন। সেগুলো হচ্ছে— ১. তার জীবিকার অভাব দূর করবেন। ২. কবরের আজাব থেকে মুক্তি দেবেন। ৩. হাশরে আমলনামা ডান হাতে দেবেন। ৪. পুলসিরাত পুল বিজলির মতো তাড়াতাড়ি পার করাবেন। অতএব, আমাদের আত্মিক, শারীরিক, জাগতিক ও পারলৌকিক উন্নতি ও সুখের জন্য যথাযথভাবে সালাত আদায় করা উচিত। প্রশ্ন: সালাতের আহকাম বলতে কী বোঝো? আহকাম কয়টি এবং কী কী? উত্তর: সালাতের মধ্যে কয়েকটি ফরজ কাজ রয়েছে। এগুলো অবশ্যই পালন করতে হবে। এর যেকোনো একটি ছুটে গেলে সালাত হয় না। যে ফরজ কাজগুলো সালাত শুরু করার আগেই করতে হয়, সেগুলোকে সালাতের আহকাম বা শর্তাবলি বলা হয়। সালাতের আহকাম সাতটি। যথা—১. শরীর পাক। ২. কাপড় পাক। ৩. জায়গা পাক। ৪. সতর ঢাকা। ৫. কিবলামুখী হওয়া। ৬. ওয়াক্ত হওয়া। ৭. নিয়ত করা।প্রশ্ন: সালাতের ওয়াজিব কী? যেকোনো ৭টি ওয়াজিবের বর্ণনা দাও। উত্তর: সালাতের ফরজের পরই ওয়াজিবের স্থান। সালাতের ওয়াজিব মানে অবশ্যকরণীয়। সালাতের মধ্যে কয়েকটি ওয়াজিব কাজ রয়েছে। ইচ্ছা করে এর যেকোনো একটি বাদ দিলে সালাত আদায় হয় না। সালাতের সাতটি ওয়াজিবের বর্ণনা: ১. সূরা ফাতিহা পড়া। ২. সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা বা কোরআনের কিছু অংশ পড়া। ৩. রুকু করার পর সোজা হয়ে দাঁড়ানো। ৪. দুই সিজদাহর মাঝখানে সোজা হয়ে বসা। ৫. তিন বা চার রাকাতবিশিষ্ট সালাতে দ্বিতীয় রাকাতের পর বসে তাশাহহুদ পড়া। ৬. সালাতের শেষ বৈঠকে তাশাহহুদ পড়া। ৭. বিতর সালাতে দোয়া কুনুত পড়া। প্রশ্ন: সিজদা সাহু বলতে কী বোঝো?উত্তর: ‘সাহু’ আরবি শব্দ। এর অর্থ ‘ভুল’। সালাতের মধ্যে ভুল হলে সেই ভুল সংশোধনের জন্য যে সিজদা করা হয়, তারই নাম সিজদা সাহু।অন্যভাবে বলা যায়, ভুলক্রমে সালাতের ওয়াজিব কাজগুলোর যেকোনো একটি বাদ পড়লে সে ভুল সংশোধনের উপায় আছে। এই ভুল সংশোধনের উপায়ই হলো সিজদা সাহু।প্রশ্ন: সিজদা সাহু আদায় করার নিয়ম লেখো।উত্তর: সালাতের মধ্যে ভুল হলে সেই ভুল সংশোধনের জন্য যে সিজদা করা হয়, তারই নাম সিজদা সাহু। নিচে সিজদা সাহু আদায় করার নিয়ম বর্ণনা করা হলো—১. সালাতের শেষ রাকাতে বসে ‘আত্তাহিয়্যাতু’ পড়তে হবে।২. তারপর শুধু ডান দিকে সালাম ফিরিয়ে ‘আল্লাহু আকবার’ বলে দুটি সিজদা করতে হবে।৩. এরপর বসে আবার আত্তাহিয়্যাতু, দরুদ এবং দোয়া মাসুরা পড়তে হবে।৪. পরে ডানে ও বাঁয়ে সালাম ফিরিয়ে সালাত শেষ করতে হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল