ফেব্রুয়ারির গান প্রিয় শিক্ষার্থী। বাংলা বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আলোচ্যসূচিতে আজ রয়েছে কবিতা ‘ফেব্রুয়ারির গান’। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:প্রশ্ন: গ্রীষ্ম-বর্ষা শীতের বাতাসে কিসের প্রতিধ্বনি ছড়ায়?উত্তর: প্রতিধ্বনি বলতে আমরা বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে বুঝে থাকি। রূপে-অপরূপা বাংলাদেশের প্রকৃতিতেও প্রতিনিয়ত চলছে প্রতিধ্বনির আনাগোনা। প্রকৃতির বিভিন্ন উপাদান বিভিন্নভাবে তাদের সৌন্দর্য বিতরণ করে থাকে। পাহাড়ও তার সুরের সৌন্দর্য বিকশিত করে ঝরনার ছন্দে। কবির দৃষ্টিতে গ্রীষ্ম, বর্ষা ও শীত ঋতুর বাতাসে পাহাড়ের সেই সুর- সৌন্দর্যের প্রতিধ্বনি ছড়ায়। প্রশ্ন: পাতা মুগ্ধ হচ্ছে, স্বর্ণলতা মুগ্ধ হচ্ছে কিসের গানে?উত্তর: ‘মুগ্ধ’ শব্দটির অর্থ বিমোহিত বা আনন্দিত। প্রকৃতির সব কিছুরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কবির দৃষ্টিতে বাংলাদেশের প্রকৃতির প্রতিটি উপাদান নানাভাবে নিজেকে প্রকাশিত করে চলেছে। সাগর, নদী, পাহাড়, ঝরনা, পাখি যে মন-ভোলানো সুর আর গানে প্রকৃতিকে বিমোহিত করছে ঠিক একইভাবে পাতা ও স্বর্ণলতাও মুগ্ধ হচ্ছে গাছের গানে।প্রশ্ন: আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি?উত্তর: ফুল, পাখি, পাহাড়, ঝরনা ও সাগর নিজস্ব অভিব্যক্তি প্রকাশ করছে তাদের নিজেদের মতো করে। তাদের নিজস্ব ভাষা, বৈচিত্র্য ও বৈশিষ্ট্যে তারা গরীয়ান্। আমরা ফুল-পাখি নই। কিংবা পাহাড় ঝরনা-সাগরও নই। আমরা মানুষ। বাংলাদেশের বাঙালি, আমাদের মায়ের মুখের ভাষা বাংলা। আর মায়ের মুখের এই মধুর ভাষা বাংলা ভাষাতেই আমরা আমাদের মনের কথা বলি।প্রশ্ন: ‘শহীদ ছেলের দান’ হিসেবে আমরা কী পেয়েছি?উত্তর: বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। এই ভাষাতে আমরা মাকে মা বলে ডাকতে শিখেছি। এই বাংলা ভাষাতেই আমাদের সকল চাওয়া আর সকল পাওয়া এবং স্বপ্ন-আশা বাস্তবায়িত হয়। অথচ এই ভাষার ওপর আঘাত হেনেছিল পশ্চিমা শাসকগোষ্ঠী। চাপিয়ে দিতে চেয়েছিল তাদের উর্দু ভাষা। কিন্তু বাংলা মায়ের দামাল ছেলেরা তা হতে দেয়নি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি তারিখে বুকের রক্ত দিয়ে শহীদ হয়ে এ ভাষার মর্যাদা রক্ষা করেছে। একুশে ফেব্রুয়ারির সেই সব শহীদ ছেলের দান হিসেবে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার। পেয়েছি রাষ্ট্রভাষা বাংলা ভাষা।