অধ্যায়-১৮ প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের ১৮ অধ্যায় ‘বিশ্বশান্তি ও জাতিসংঘ’ নিয়ে আলোচনা করছি। প্রশ্ন: জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য বর্ণনা কর।উত্তর: পৃথিবীর কোনো রাষ্ট্র বা মানুষ একে অন্যের সহযোগিতা ছাড়া টিকে থাকতে পারে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার বিশ্বের সব রাষ্ট্রের মানুষকে ভীত করে তোলে। এর ভয়াবহতা মনে করে বিশ্ববাসী মানবজাতিকে রক্ষা করা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ১৯৪৫ সালে জাতিসংঘ গঠন করে। প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘের উদ্দেশ্য একে একে বিস্তৃত হতে থাকে। তবে এর মূল উদ্দেশ্যসমূহ অতীব বাঞ্ছনীয় এবং গুরুত্বপূর্ণ। নিচে এর উদ্দেশ্য তুলে ধরা হলো:১. বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা।২. মানবজাতিকে যুদ্ধের হাত থেকে রক্ষা করা।৩. দুটি বা অধিক রাষ্ট্রের মধ্যকার বিরোধ নিষ্পত্তিতে শান্তিপূর্ণ সমাধানের উপায় খুঁজে বের করা।৪. বিশ্বের সব রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পরিবেশ সৃষ্টি করা।৫. জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, শিশু, নারী ও পুরুষ সবার মানবিক ও মৌলিক অধিকার রক্ষা ও নিশ্চিত করা।এসব উদ্দেশ্য সাধন ছাড়া বিভিন্ন ধরনের সেবামূলক ও কল্যাণকর কার্যক্রম পরিচালনা করাও জাতিসংঘের অন্যতম উদ্দেশ্য।প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনেসকো সম্পর্কে আলোচনা কর।উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থা: ১৯৪৮ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে গঠিত হয়, যার মূল কাজই হচ্ছে বিশ্বের সব মানুষের স্বাস্থ্যের সর্বোচ্চ উন্নতি সাধন। প্রতিবছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। স্বাস্থ্য ও রোগ-ব্যাধি সম্পর্কে দরিদ্র দেশের মানুষকে সচেতন করা, স্বাস্থ্যবিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া এ সংস্থার কাজ। ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করার পর থেকে অদ্যাবধি মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, রোগ-ব্যাধি ইত্যাদি ক্ষেত্রে এই সংস্থা কাজ করে যাচ্ছে। এই সংস্থার অক্লান্ত প্রয়াসের কারণে বিশ্ব থেকে গুটি বসন্তের মতো মরণ-ব্যাধি নির্মূল করা সম্ভব হয়েছে।ইউনেসকো: শিশুসহ সব মানুষের উন্নতি সাধনের জন্য জাতিসংঘের যে প্রতিষ্ঠানটি কাজ করে, তার নাম ইউনেসকো। তবে এর মূল কাজই হলো শিশুদের সার্বিক উন্নয়ন সাধন। ১৯৪৬ সালের ৪ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে এই সংস্থার সদর দপ্তর প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশসহ জাতিসংঘের সব রাষ্ট্রই এর সদস্য। মানবজাতির শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক উন্নতি এবং বিকাশ সাধন করাই এর মূল কাজ। আমাদের দেশসহ অন্য সব পিছিয়ে পড়া দেশগুলোকে শিক্ষার উপকরণ, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষাবিষয়ক গবেষণা, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা ইত্যাদি বিষয়ে সাহায্য-সহযোগিতা দেয় ইউনেসকো।প্রশ্ন: নিরাপত্তা পরিষদের কাজ বর্ণনা কর।উত্তর: বিশ্বে শান্তি নিশ্চিত করা নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও গণচীন এই পাঁচটি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ভেটো ক্ষমতার অধিকারী। এ ছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভিত্তিতে প্রতি দুই বছরের জন্য আরও দশটি দেশকে এই পরিষদের সদস্য নির্বাচন করা হয়। বাংলাদেশ ১৯৭৯-৮০ এবং ২০০০-২০০১ সালে দুবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে। বিশ্বের কোথাও রাষ্ট্রে রাষ্ট্রে বিরোধ বা বিগ্রহ দেখা দিলে নিরাপত্তা পরিষদ আলোচনার মাধ্যমে শান্তি নিশ্চিত করে। জাতিসংঘের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই। জাতিসংঘ বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি নিশ্চিত করার জন্য সদস্য দেশগুলোর সামরিক শক্তি ব্যবহার করে। বর্তমানে বাংলাদেশ জাতিসংঘে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। শান্তিমিশনে বাংলাদেশের সশস্ত্রবাহিনীর অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। ১৯৮৮ সালে বিশ্ব শান্তিরক্ষীগণকে প্রদত্ত নোবেল পুরস্কারের অংশীদার হিসেবে বাংলাদেশের শান্তিরক্ষীগণই বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী। বাংলাদেশের সশস্ত্রবাহিনী বসনিয়া, কুয়েত, সিয়েরালিয়ন এবং কঙ্গোতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। বিভিন্ন দেশে শান্তি বজায় রাখতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর ৮০ জন বীরসেনা জীবন উৎসর্গ করেছেন। বিশ্বশান্তি রক্ষায় জীবন দান আমাদের সেনাবাহিনীর জন্য অত্যন্ত গৌরবের। বিশ্ববাসী চিরদিন তাঁদের অবদান মনে রাখবে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল