অধ্যায়-১৮প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজের ১৮ নং অধ্যায় থেকে আলোচনা করব। প্রশ্ন: জাতিসংঘের বিভিন্ন সংস্থার নাম ও তাদের কার্যাবলি লিখো।উত্তর: ছয়টি সংস্থা নিয়ে জাতিসংঘ গঠিত। সংস্থাগুলো হচ্ছে—সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অছি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘ সচিবালয়। নিচে এই সংস্থাসমূহের কার্যাবলি তুলে ধরা হলো:সাধারণ পরিষদ: সাধারণ পরিষদের কাজ হচ্ছে, জাতিসংঘ মহাসচিব নিয়োগ, নতুন রাষ্ট্রকে সদস্য করা বা কোনো সদস্য রাষ্ট্রকে বাদ দেওয়া, জাতিসংঘের বিভিন্ন সংস্থার সদস্য নির্বাচন ইত্যাদি।নিরাপত্তা পরিষদ: বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার অন্যতম প্রধান দায়িত্ব নিরাপত্তা পরিষদের হাতে ন্যস্ত। বিশ্বের কোনো অঞ্চলে বা কোনো রাষ্ট্রে বিরোধ দেখা দিলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে এই নিরাপত্তা পরিষদ। আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান না হলে সামরিক শক্তি ব্যবহারের মাধ্যমে শান্তি নিশ্চিত করা হয়। বিশ্বের যেকোনো অঞ্চলে বা দেশে শান্তি নিশ্চিত করার জন্য নিরাপত্তা পরিষদ জাতিসংঘ সদস্য দেশগুলোর সামরিক শক্তি ব্যবহার করে থাকে।অর্থনৈতিক ও সামাজিক পরিষদ: এই পরিষদের মূল কাজ হচ্ছে বিশ্বের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যার সমাধান করা, শিক্ষার প্রসার বিস্তার, শিশু অধিকার ও মানবাধিকার সংরক্ষণ ইত্যাদি।অছি পরিষদ: পৃথিবীর অনুন্নত অঞ্চলের অধিবাসীদের স্বাধীনতা দেওয়া এবং দেশ শাসনের উপযুক্ত করে গড়ে তোলাই এই পরিষদের মূল কাজ।জাতিসংঘ সচিবালয়: জাতিসংঘের মহাসচিবসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিয়ে জাতিসংঘ সচিবালয় পরিচালিত হয়। জাতিসংঘ সচিবালয়ের প্রধান কর্মকর্তা হলেন জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের প্রায় সব প্রশাসনিক কাজই তাঁর মাধ্যমে হয়ে থাকে।প্রশ্ন: খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব ব্যাংক সম্পর্কে আলোচনা কর।উত্তর: খাদ্য ও কৃষি সংস্থা: খাদ্য হচ্ছে মানুষের প্রধান মৌলিক অধিকার ও চাহিদা। খাদ্যের অভাবেই পৃথিবীতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিশ্বকে খাদ্য সমস্যা থেকে মুক্ত করার লক্ষ্যে ১৯৪৫ সালের ১৬ অক্টোবর খাদ্য ও কৃষি সংস্থা গঠিত হয়। ইতালির রাজধানী রোমে এই সংস্থার প্রধান কার্যালয়। খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশে খাদ্য দুর্যোগ মোকাবিলা করে আমাদের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশে প্রতিষ্ঠিত ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র’ এই সংস্থার উদ্যোগে সম্ভব হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশসহ সব দেশেই এই সংস্থা খাদ্য সরবরাহ করে থাকে।বিশ্বব্যাংক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন শহরে বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত। ১৯৪৬ সালে বিশ্বব্যাংক তার চলার পথ শুরু করে। এই সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়ন ও কারিগরি ক্ষেত্রে সহায়তা করে থাকে। দরিদ্র দেশগুলোর উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্পে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে ঋণ ও সহায়তা দিয়ে থাকে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছ থেকে উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অনেক আর্থিক সহায়তা পেয়ে আসছে।পরিশেষে বলা যায় যে এই সংস্থা দুটির সহায়তা ও সেবা সমগ্র পৃথিবীর মানুষের উন্নয়ন ও কল্যাণার্থে অসীম ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।ইউনিসেফের কাজ কী? ইউনিসেফ বাংলাদেশে কী ধরনের ভূমিকা রাখছে?উত্তর: ইউনিসেফ মূলত শিশুদের প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, টিকা দান কর্মসূচিসহ নানা ধরনের কাজ করে থাকে। বিশ্বের কোথাও শিশুদের অধিকার যাতে লঙ্ঘিত না হয় সেদিকে ইউনিসেফ সর্বদা জাগ্রত দৃষ্টি রাখে। এই উদ্দেশ্যে ১৯৫৯ সালে ইউনিসেফ শিশু অধিকারসংক্রান্ত একটি ঘোষণা প্রচার করে এবং একই উদ্দেশ্যে ১৯৭৯ সালকে আন্তর্জাতিক শিশুবর্ষ হিসেবে ঘোষণা করে। বিশ্বের সব শিশুর সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো ১৯৯০ সালের জাতিসংঘের ‘শিশু অধিকার সনদ।’বাংলাদেশে ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় শিশুকল্যাণমূলক অনেক কাজ পরিচালিত হচ্ছে। মা ও শিশুর স্বাস্থ্যসেবা, শিশুর পুষ্টিহীনতা দূর করা এবং বাংলাদেশের সব শিশুর শিক্ষা যাতে নিশ্চিত হয় সে লক্ষ্যে সরকারের সঙ্গে ইউনিসেফ কাজ করে যাচ্ছে। কাজেই আমরা বুঝতে পারছি যে ইউনিসেফ শুধু আমাদের দেশেই নয়, বরং বিশ্বের সব অনুন্নত বা উন্নয়নশীল দেশের মা ও শিশুদের অবস্থার উন্নয়নে সার্বিক গুরুত্বপূর্ণ অবদান রাখছে।