প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবন্ধ রচনা  প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ে ‘শহীদ বুদ্ধিজীবী’ নিয়ে একটি প্রবন্ধ রচনা দেওয়া হলো।শহীদ বুদ্ধিজীবীবাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। প্রায় নয় মাসের মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন এ দেশের অনেক মানুষ। তাঁদের মধ্যে যেসব খ্যাতনামা বরেণ্য ব্যক্তি শহীদ হয়েছেন, তাঁরাই হলেন শহীদ বুদ্ধিজীবী। এই সব শহীদ বুদ্ধিজীবীর মধ্যে রয়েছেন শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, সংগীতজ্ঞ ও সমাজসেবক।নীল নকশা পাকিস্তানি সৈন্যরা ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওরা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞের পাশাপাশি পরিকল্পিতভাবে হত্যা করে এ দেশের বরেণ্য ব্যক্তিদের। ঢাকা ও ঢাকার বাইরে সারা দেশের নানা পেশার মেধাবী মানুষকে হত্যা করার জন্য তারা তালিকা তৈরি করে। এ দেশের স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর, আল-শামস বাহিনীর সহায়তায় তারা নিষ্ঠুরভাবে হত্যার এই নীল নকশা বাস্তবায়ন করে। শহীদ শিক্ষক১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনারা বুদ্ধিজীবী হত্যার প্রথম ধাপে আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মুনিরুজ্জামান। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন শরিফ পড়তে বসেছিলেন। ওই অবস্থা থেকেই তাঁকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। ওই বাড়িতেই নিচতলায় থাকতেন ইংরেজির অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা। হানাদার বাহিনী ঘর থেকে তাঁকেও ধরে নিয়ে যায়। তারপর দুজনকেই নিচের সিঁড়িতে নিয়ে গুলি করে। এই বাড়ির খুব কাছেই থাকতেন দর্শনের অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব। নিরহংকার, সহজ-সরল এই জ্ঞানী মানুষটির মুখে হাসি লেগেই থাকত সব সময়। একই রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ডক্টর গোবিন্দদেবসহ আরও কয়েকজন শিক্ষক। শহীদ সাংবাদিকপাকিস্তানি সেনাবাহিনী আর তাদের দোসররা জানত, সাংবাদিকেরাও তাদের জন্য বিপজ্জনক। তাই তারা কয়েকটি সংবাদপত্র অফিসে ওই রাতে আগুন লাগিয়ে দেয়। সাংবাদিক শহীদ সাবের সেই রাতে ঘুমিয়ে ছিলেন দৈনিক সংবাদ কার্যালয়ে। আগুনের লেলিহান শিখায় সেই রাতে দগ্ধ হয়ে মারা যান তিনি। শহীদ হন সম্পাদিকা সেলিনা পারভীন। প্রতিভাময়ী কবি ছিলেন মেহেরুন্নেসা। মাত্র ২৫ বছর বয়সেই তিনি শহীদ হন। শহীদ রাজনীতিবিদমুক্তিযুদ্ধের পুরো সময়টাতেই চলে এমন অনেক নির্মম হত্যার ঘটনা। ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী। ১৯৪৮ সালে পাকিস্তান গণপরিষদে তিনিই প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি করেছিলেন। ৮৫ বছরের বৃদ্ধ ধীরেন্দ্রনাথ দত্তকে তাঁর কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে পাকিস্তানিরা।৮৪ বছর বয়সের বৃদ্ধ সমাজসেবক যোগেশ চন্দ্র ঘোষ। জীবনের বেশির ভাগ সময় তিনি রসায়নের অধ্যাপনা করেছেন। ৭৮ বছর বয়সী রণদা প্রসাদ সাহা জন্মেছিলেন গরিবের ঘরে। নিজের চেষ্টায় অনেক বড় হয়েছিলেন। জনহিতকর অনেক কাজ করেছিলেন বলে তাঁকে বলা হতো দানবীর। চট্টগ্রামের কুণ্ডেশ্বরীর প্রতিষ্ঠাতা বিখ্যাত সমাজসেবক নূতন চন্দ্র সিংহ। তাঁরা সবাই নির্মম হত্যার শিকার। শহীদ সংগীতজ্ঞ‘আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটির সুরকার আলতাফ মাহমুদ। প্রখ্যাত এই সুরসাধক ও সংগীতজ্ঞও পাকিস্তানিদের হাতে নির্মমভাবে শহীদ হন।যুদ্ধের শেষের দিকে শহীদ বুদ্ধিজীবীমুক্তিযুদ্ধের শেষ দিকে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি শাসকরা বাংলাদেশকে মেধাশূন্য করার এক ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হয়। তারা স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সহায়তায় এ দেশের সৃজনশীল ব্যক্তিদের হত্যা করার জন্য নতুনভাবে পরিকল্পনা করে। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে তারা ঢাকার বিভিন্ন স্থান থেকে তুলে নিয়ে যায় দেশের বিশিষ্ট ও প্রতিভাবান মানুষকে। এঁদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী ও আনোয়ার পাশা, ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও গিয়াসউদ্দীন আহমদ, ইংরেজির অধ্যাপক রাশীদুল হাসান। আরও ছিলেন প্রখ্যাত সাহিত্যিক-সাংবাদিক শহীদুল্লা কায়সার, সাংবাদিক সিরাজউদ্দীন হোসেন, নিজামউদ্দীন আহমদ ও আ ন ম গোলাম মোস্তফা, খ্যাতনামা চিকিৎসক ফজলে রাব্বী, আবদুল আলীম চৌধুরী ও মোহাম্মদ মোর্তজা। দেশ স্বাধীন হওয়ার পর এঁদের অনেকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গিয়েছিল মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে। আবার কারও কারও লাশও পাওয়া যায়নি। তাঁদের স্মরণে আমরা প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে থাকি।