প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা 
প্রিয় শিক্ষার্থী, নতুন প্রশ্নকাঠামো অনুসারে ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৩৫ নম্বর যোগ্যতাভিত্তিক প্রশ্ন থাকছে। আর ৬৫ নম্বর থাকছে গতানুগতিক ধারায়। আজ রয়েছে বাংলা বিষয়ের যোগ্যতাভিত্তিক ৩৫ নম্বরের নমুনা প্রশ্ন ও কিছু নমুনা উত্তর। নমুনা প্রশ্ন ও নমুনা উত্তর ভালোভাবে যদি বুঝে নিতে পারো তাহলে যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তর নিয়ে তোমাকে আর দুশ্চিন্তা করতে হবে না।
বাংলা বিষয়ের যোগ্যতাভিত্তিক প্রশ্ন:
প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ে ৩৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্নের আওতায় রয়েছে পাঠ্যবইবহির্ভূত অনুচ্ছেদ বা কবিতাংশ। প্রদত্ত এই অনুচ্ছেদ বা কবিতাংশ থেকে প্রশ্ন থাকবে ৫টি। এই ৫টি প্রশ্নই হবে যোগ্যতাভিত্তিক। প্রদত্ত অনুচ্ছেদের আলোকে ১ নম্বর প্রশ্নটি হবে বহুনির্বাচনি। ২ নম্বর প্রশ্নে থাকবে শূন্যস্থান পূরণ, ৩ নম্বর প্রশ্নে যাচাই করা হবে যুক্তবর্ণের বিভাজন, শব্দগঠন, বাক্যে প্রয়োগের দক্ষতা। ৪ নম্বর প্রশ্নে থাকবে ৩টি বর্ণনামূলক প্রশ্ন এবং ৫ নম্বর প্রশ্নে থাকবে অনুচ্ছেদ বা কবিতাংশ, সংশ্লিষ্ট চিঠি আবেদনপত্র লিখন।
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো।
সংগীতের দুটো ক্ষেত্র আছে—এক. কণ্ঠসংগীত, দুই. যন্ত্রসংগীত। সচরাচর কণ্ঠসংগীতের পরিপূরক হিসেবে ব্যবহূত হয় যন্ত্রসংগীত। তবে শুধু কণ্ঠসংগীত যেমন সম্ভব, তেমনি শুধু যন্ত্রসংগীতও সম্ভব। বাঁশি, ঢোল, তবলা, করতাল, খোল, খঞ্জনি, হারমোনিয়াম, মাদল, একতারা, দোতারা, সেতার, সরোদ—এই রকম অনেক বাদ্যযন্ত্র ব্যবহূত হয় কণ্ঠসংগীতের সহযোগী হিসেবে। যাঁরা এসব যন্ত্র ব্যবহার করেন তাঁদের ভিন্ন ভিন্ন নাম আছে। বাঁশি বাজান যিনি, তিনি বংশীবাদক; ঢোল বাজান যিনি, তিনি ঢুলি এবং তবলা বাজান যিনি, তিনি তবলচি। গ্রামবাংলার বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের মধ্যেও সংগীতচর্চার ঐতিহ্য আছে। এসব গানকে সাধারণভাবে লোকসংগীত বলা হয়। লোকসংগীত সাধারণ মানুষের বাক্প্রতিভার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। লোকসংগীত সমৃদ্ধ আমাদের দেশের কোনো অঞ্চলে আছে ভাওয়াইয়া, কোনো অঞ্চলে ভাটিয়ালি, কোনো অঞ্চলে বাউল গান আবার কোনো অঞ্চলে আছে মাইজভান্ডারি। এসব আঞ্চলিক গানের মধ্যে নারী শিল্পীদেরও অবদান আছে। এগুলোকে বলা হয় মেয়েলি গীত। বাংলাদেশের মানুষ মনের নানা ভাব সংগীতের মাধ্যমে প্রকাশ করে। ধান উৎপাদন করে আমরা জীবন রক্ষা করি আর গানের মাধ্যমে আমরা অন্তরের আবেগ ও প্রাণের উল্লাস প্রকাশ করি। তাই বলা হয় ‘ধানের দেশ, গানের দেশ, এই আমাদের বাংলাদেশ’।
১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১–৫=৫
১. ওপরের অনুচ্ছেদটি মূলত যে বিষয় নিয়ে লেখা তা হলো—
(ক) ছড়া (খ) নাটক (গ) সংগীত (ঘ) কবিতা
২. লোকসংগীতকে বলা হয়—
(ক) শহরের লোকদের গান (খ) গ্রামবাংলার গান (গ) আধুনিক গান (ঘ) বিদেশি গান
৩, খঞ্জনি শব্দটির ‘ঞ্জ’ যুক্ত বর্ণটিতে আছে—
ক) জ+ঞ (খ) ঞ+জ (গ) ণ+জ (ঘ) ন+ছ
৪. গ্রামবাংলার মানুষ ‘লোকসংগীত’ পছন্দ করে, কারণ—
(ক) লোকসংগীত গাওয়া সহজ
(খ) লোকসংগীত সাধারণ মানুষ গায়
(গ) লোকসংগীত ছাড়া অন্য গান শুনতে পায় না
(ঘ) লোকসংগীত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি
৫. গ্রাম্য মেলার অনুষ্ঠানে কী ধরনের গান উপযুক্ত?
(ক) রবীন্দ্রসংগীত (খ) নজরুলসংগীত
(গ) বাউলসংগীত (ঘ) ব্যান্ড সংগীত
২. নিচের কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। ১–৫=৫
শব্দ শব্দার্থ
পরিপূরক— পরিপূর্ণকারী/সম্পূর্ণ করে এমন
লোকসংগীত— গ্রামের সাধারণ মানুষের গান
বাক্প্রতিভা— কথা বলার অনন্যসাধারণ বুদ্ধি
স্বতঃস্ফূর্ত— সহজ ও স্বাভাবিকভাবে প্রকাশিত
উল্লাস— পরম আনন্দ
অভিব্যক্তি— প্রকাশ
(ক) অভিনয়ের মাধ্যমে মনের — ঘটে।
(খ) এত ছোট মেয়ের — দেখে আমি মুগ্ধ।
(গ) রুটি ভাতের — হিসেবে খাওয়া যায়।
(ঘ) বৈশাখী মেলায় — এর আসর বসে।
(ঙ) তিন্নি — ভাবে নাচতে রাজি হয়েছে।
৩. নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ দিয়ে তৈরি তা লেখো এবং প্রদত্ত যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো: ক্ত, ক্ষ, ল্ল, ল্প, স্ক ১–৫=৫
৪. প্রশ্নের উত্তর লেখো: ৫–৩=৫
(ক) লোকসংগীতকে গ্রামবাংলার ঐতিহ্য বলা হয়েছে কেন? এর পাঁচটি কারণ লেখো।
(খ) ‘ধানের দেশ, গানের দেশ, এই আমাদের বাংলাদেশ’—এই বাক্যটি দিয়ে কী বোঝানো হয়েছে? ৫টি বাক্যে উত্তর লেখো।
(গ) তোমার জানা ৫ জন প্রখ্যাত সংগীতশিল্পীর নাম লেখো।
৫. মনে করো তোমার নাম রোহান। তুমি ঢাকায় থাক। তমাল তোমার বন্ধু। সে রাজশাহী থাকে। এখন তোমার বিদ্যালয়ের বার্ষিক সংগীত প্রতিযোগিতার বর্ণনা দিয়ে তোমার বন্ধু তমা অথবা তমালের কাছে একখানা পত্র লেখো। ১–৫=৫
অথবা,
মনে করো, তোমার নাম অপু অথবা দিলরুবা। তুমি শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ো। তুমি নতুন কুড়ি সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এখন প্রত্যয়নপত্রের জন্য ... একটি আবেদনপত্র লেখো।
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা