প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি
যোগ্যতাভিত্তিক প্রশ্ন
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৩৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্নের মধ্যে ১ নং প্রশ্নের নৈর্ব্যক্তিক অংশে ৪০টি বহুনির্বাচনি প্রশ্নের ২০টি হবে যোগ্যতাভিত্তিক এবং ৪ নং প্রশ্নের ক, খ ও গ অর্থাৎ প্রথম ৩টি প্রশ্ন হবে কাঠামোবদ্ধ যোগ্যতাভিত্তিক। যেমন: বহুনির্বাচনি যোগ্যতাভিত্তিক প্রশ্ন যদি এমন হয়:
# তোমার বিদ্যালয়ে প্রবেশের রাস্তায় অনেক ছেঁড়া কাগজ ও আবর্জনা পড়ে রয়েছে এবং ছাত্রছাত্রীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, সে ক্ষেত্রে তুমি কী করবে?
ক. আমি একাই ওই আবর্জনা পরিষ্কার করব
খ. বড়দের সহায়তায় আবর্জনা পরিষ্কার করব
গ. বিষয়টি আমার শ্রেণিশিক্ষককে জানাব
ঘ. আমি অন্য রাস্তা দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করব
এই প্রশ্নটি মন দিয়ে পড়লে উত্তরটি খুব সহজেই তোমার মনে এসে যাবে। কারণ, একা এই আবর্জনা পরিষ্কার করা তোমার পক্ষে সম্ভব নয়। অন্য রাস্তা দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করাটাও যথার্থ নয়, শ্রেণিশিক্ষকও এই কাজে একা কিছুই করতে পারবেন না, তাহলে?
নিশ্চয় বুদ্ধি খাটিয়ে বড়দের সহায়তায় সবাই মিলে ওই আবর্জনা পরিষ্কার করতে হবে।
এখন তো খুব সহজেই তুমি উত্তরটা পেয়ে গেলে। অর্থাৎ সঠিক উত্তরটি হবে: (খ) বড়দের সহায়তায় আবর্জনা পরিষ্কার করব। ৪ নং কাঠামোবদ্ধ উত্তর প্রশ্নে ১০টির মধ্যে ৮টির উত্তর লিখতে হবে। এই ১০টি প্রশ্নের মধ্যে ৩টি প্রশ্ন্ন যোগ্যতাভিত্তিক হবে, যা অবশ্যই লিখতে হবে। এই ৩টি প্রশ্ন যদি এমন থাকে—
৪. (ক) বাংলাদেশে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল? মুক্তিযুদ্ধের দুটি কারণ ও তিনটি ফলাফল লেখো।
(খ) মনে করো তোমার পার্শ্ববর্তী গ্রামটি টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায় তোমার পাঁচটি করণীয় লেখো।
(গ) এলাকার জলাবদ্ধতা নিরসনে তোমার পাঁচটি করণীয় লেখো।
আদর্শ নমুনা উত্তর:
৪ নং প্রশ্নের উত্তর (ক)
বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের দুটি কারণ:
১। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক চরম বৈষম্য, শোষণ ও নির্যাতন থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) জনগণকে মুক্ত করা।
২। ১৯৭০ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করলেও পাকিস্তানের শাসকগোষ্ঠী কর্তৃক সরকার গঠন করতে না দেওয়া।
মুক্তিযুদ্ধের তিনটি ফলাফল:
১। বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
২। এ দেশবাসী স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজের মতামত প্রকাশ করার অধিকার অর্জন করেছে।
৩। পাকিস্তানিদের শোষণ ও নির্যাতন থেকে মুক্তিলাভ করে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ার সুযোগ পেয়েছে।
[অনুরূপ নিয়ম অনুসরণ করে তুমি খুব সহজইে ‘খ’ ও ‘গ’ নং প্রশ্নের উত্তর লিখতে পারো।]
বিজ্ঞান ও ধর্মশিক্ষা: ঠিক একইভাবে জ্ঞান, অনুধাবন ও প্রয়োগ-দক্ষতা যাচাই করার জন্য বিজ্ঞান, ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়েও ১ নং প্রশ্নের ৪০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে ২০টি থাকবে যোগ্যতাভিত্তিক। আর ৪ নং প্রশ্নে কাঠামোবদ্ধ ১০টি প্রশ্নের মধ্যে ৮টির উত্তর দিতে হবে, যার ক, খ ও গ নং প্রশ্ন থাকবে যোগ্যতাভিত্তিক এবং আবশ্যিক। আশা করি অনুশীলন ও চর্চার মধ্য দিয়ে তোমরা যোগ্যতাভিত্তিক প্রশ্নের যথার্থ উত্তর লিখতে পারবে।
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা