অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: কে সূর্য সৃষ্টি করেছেন? সূর্য আমাদের কী কাজে লাগে?উত্তর: পবিত্র কোরআনে আছে, ‘আকাশ ও পৃথিবী এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে সবই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।’ কাজেই সূর্যও সৃষ্টি করেছেন মহাবিজ্ঞানী ও মহাশক্তির অধিকারী মহান আল্লাহ তাআলা।আমাদের জীবন যাপনের জন্য অনেক রকমের কাজ করতে হয়। কাজ করতে শক্তির প্রয়োজন। পানি ও তাপ থেকেই আমরা এই শক্তি পেয়ে থাকি। আরও নানা জিনিস থেকে আমরা শক্তি পেয়ে থাকি। এসব শক্তির মূল উৎস হলো মহান আল্লা তাআলার সৃষ্টি সূর্য। সূর্যের আলো ছাড়া কোনো প্রাণীই বাঁচতে পারে না। কোনো প্রাণী শক্তি পায় না। যেমন, একটি গাছের চারাকে একটি পাতিল বা ঢাকনা দিয়ে কয়েক দিন ঢেকে রাখলে দেখা যাবে চারাটি সাদাটে বা নিস্তেজ হয়ে গেছে। আলো না পাওয়ার জন্য এমনটি হয়েছে বোঝা যায়। আলো না পেলে শক্তির অভাবে চারাটি একদিন মরে যাবে। কাজেই মানুষ, পশুপাখি, গাছপালা, তৃণলতা ইত্যাদি সূর্যের আলো ছাড়া বাঁচতে পারে না। তা ছাড়া সূর্য তাপের প্রভাবেই পানিচক্র সংগঠিত হয়ে থাকে। আর এই পানিচক্রের মাধ্যমেই এ বিশাল পৃথিবীর সঙ্গে কোটি মানুষ, জীবজন্তু, পশুপাখি, পোকামাকড়, গাছপালা, তৃণলতা ইত্যাদি বেঁচে আছে। সুতরাং সূর্যই এই পৃথিবীর সবকিছুর বেঁচে থাকার প্রধান উৎস।প্রশ্ন: পানি কার দান? কীভাবে আমরা পানি পাই তার বর্ণনা দাও।উত্তর: আমরা জানি, পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো জীব বা প্রাণী বেঁচে থাকতে পারে না। গাছপালা, লতাপাতাও পানি ছাড়া বাঁচতে পারে না। আমাদের বাঁচার জন্য প্রতিদিন প্রায় সব সময় অনেক পানির প্রয়োজন হয়। এই পানি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলারই দান।আমরা যেন সহজে ও সব সময় পানি পেতে পারি, তার জন্য আল্লাহ তাআলা এক বিশেষ পদ্ধতি সৃষ্টি করেছেন। প্রতি দিন সূর্যের প্রখর তাপে নদনদী, খালবিল, সাগর-মহাসাগরে প্রচুর পানি জলীয়বাষ্পে পরিণত হয়। এ বাষ্প শূন্যে বাতাসে ভেসে বেড়ায়। পরে তা আস্তে আস্তে ঘনীভূত হতে থাকে এবং মেঘে পরিণত হয়। মেঘ একপর্যায়ে ভারী হয়ে বৃষ্টির আকারে ঝরে পড়ে। এ পানির কিছু অংশ মাটির নিচে জমা হয়। আর কিছু অংশ নদনদী, খালবিল, সাগর-মহাসাগরে জমা থাকে। এভাবে পানি চক্রাকারে বাষ্প হয়ে পুনরায় পানিতে পরিণত হয়। এ চক্রকে পানিচক্র বলা হয়ে থাকে। মহান আল্লাহ তাআলা পানিচক্রের মাধ্যমে এ বিশাল পৃথিবীর লাখো কোটি মানুষ, জীবজন্তু, পশুপাখি, পোকামাকড়, গাছপালা, তৃণলতা ইত্যাদি বাঁচিয়ে রাখে। ফসলের খেতে নিয়মিত এ পানি দিয়ে তিনি আমাদের সবাইকে লালন-পালন করেন। কাজেই পানিচক্রের একটি চিত্র মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায়, আল্লাহ তাআলা কত মহান ও দয়াময়। তিনি কীভাবে এ পানিচক্রের মাধ্যমে প্রতিনিয়ত বিশাল পৃথিবীর সবকিছুকে পানি সবরাহ করছেন। আল্লাহ তাআলার অপার মহিমার কারণেই আমরা নদী, খালবিল, পুকুর, সাগর ও নলকূপের মাধ্যমে মাটির নিচ থেকেও পানি পাই।প্রশ্ন: আল্লাহ তাআলা ক্ষমাশীল—এর ব্যাখ্যা করো।উত্তর: মানুষ পথ চলতে গিয়ে মনের অজান্তে ভুল করে। মন্দ কাজ করে। আল্লাহ তাআলার হুকুম অমান্য করে। এমনকি শয়তানের প্ররোচনায় এবং কু-রিপুর তাড়নায়ও অনেক সময় অন্যায় ও পাপ কাজ করে থাকে। এভাবে কোনো ব্যক্তি যখন তার পাপ কাজের জন্য অনুতপ্ত হয় এবং ভবিষ্যতে পাপ কাজ না করার সংকল্প করে, আগের সব অন্যায় ও ভুল সে বুঝতে পেরে স্বীয় ভুল স্বীকার করে তখন তার মনে অনুশোচনা হয়, দুঃখ হয়। এ অবস্থায় সে যদি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায় এবং অনুতাপে চোখের পানি ফেলে কাঁদে, তখন আল্লাহ তাআলা তাকে নিজ গুণে ক্ষমা করে দেন। কারণ, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। কোরআন মাজিদে আছে: ‘ইন্নাল্লাহ গাফুরুর রাহিম’। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল