অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইসলাম শিক্ষা বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: আখিরাতের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর নাম লেখো।উত্তর: মৃত্যুর পর থেকে মানুষের যে জীবন শুরু হয় তাকে আখিরাত বা পরকালীন জীবন বলা হয়। আখিরাত বা পরকালীন জীবন অনন্তকালের জীবন। এ জীবনের কোনো শেষ নেই। এ জীবন সীমাহীন। আখিরাতের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর নাম নিচে দেওয়া হলো।১। কবরে সাওয়াল-জওয়াব ২। কবরে আরাম অথবা আজাব ৩। কিয়ামত ৪। হাশর ৫। মিজান ৬। জান্নাত অথবা জাহান্নাম।প্রশ্ন: কবরে সাওয়াল ও জওয়াব সম্পর্কে কী জানো লেখো।উত্তর: সাওয়াল-জওয়াব মানে প্রশ্ন ও উত্তর। আমাদের মৃত্যুর পর প্রত্যেককেই কবরে সাওয়াল-জওয়াবের সম্মুখীন হতে হবে। মুনকার ও নাকির নামক দুজন ফেরেশতা প্রত্যেক মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করেন। তাঁরা তখন সদ্য-জীবিত করা মানুষকে নিম্নে বর্ণিত তিনটি সাওয়াল বা প্রশ্ন করেন: ১. প্রথম সাওয়াল: মান রাব্বুকা? অর্থ: তোমার রব কে? ২. দ্বিতীয় সাওয়াল: মা দিনুকা? অর্থ: তোমার দীন বা জীবন ব্যবস্থা কী?৩. তৃতীয় সাওয়াল: মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে দেখিয়ে প্রশ্ন করা হবে: মান হাযার রাজুল? অর্থ: এ ব্যক্তি কে?আমাদের মহানবী (সা.) কবরের এই সাওয়াল বা প্রশ্নগুলোর সঠিক জবাব বা উত্তর আমাদের শিখিয়ে গেছেন। নিচে মহানবী (সা.) এর শেখানো কবরের সাওয়ালগুলোর জবাব লেখা হলো:১। প্রথম সাওয়ালের জবাব হলো: রাব্বি আল্লাহ।অর্থ: আমার রব আল্লাহ।২। দ্বিতীয় সাওয়ালের জবাব হলো: দীনি আল-ইসলাম অর্থ: আমার দীন ইসলাম।৩। তৃতীয় সাওয়ালের জবাব হলো: হাযা রাসূলুল্লাহ অর্থ: ইনি আল্লাহর রাসূল।যেসব ব্যক্তি সাওয়ালের সঠিক জবাব দিতে পারবে, তারা কবরে সুখে থাকবে। আর যারা সাওয়ালগুলোর সঠিক জবাব দিতে পারবে না, তারা কবরে দুঃখ-কষ্টে থাকবে।প্রশ্ন: জান্নাত ও জাহান্নামের বিবরণ দাও।উত্তর: আখিরাত বা পরকালীন জীবনের ছয়টি স্তরের সর্বশেষ স্তর হলো জান্নাত ও জাহান্নাম। নিম্নে জান্নাত ও জাহান্নামের বিবরণ দেওয়া হলো:জান্নাত: জান্নাত বা বেহেশত হলো চির শান্তির স্থান। দুনিয়ায় যারা আল্লাহ ও নবী-রাসূলের কথামতো চলে, আল্লাহর ইবাদত-বন্দেগি করে, পাপ কাজ থেকে বিরত থাকে, তারা জান্নাতে যাবে। সেখানে সুখ-শান্তি ও আরামের সব রকম ব্যবস্থা থাকবে। সেখানে খুব সুস্বাদু খাদ্য, পানীয় ও সুন্দর সুন্দর বাগান থাকবে। অতি মনোরম বালাখানা ও ছোট ছোট নহর থাকবে। জান্নাতবাসী যা চাবে তারা সঙ্গে সঙ্গে তাই পাবে। সেখানে কোনো অভাব থাকবে না। কোনো অশান্তি থাকবে না। কোনো দুঃখ-বেদনাও থাকবে না।জাহান্নাম: জাহান্নাম বা দোজখ হলো চিরস্থায়ী দুঃখ-কষ্ট ও যন্ত্রণার স্থান। জাহান্নামের মধ্যে সব স্থানে থাকবে বিভিন্ন রকমের শাস্তি। দুনিয়ায় যারা ঈমান আনেনি, আল্লাহর আদেশ অমান্য করেছে, পাপ কাজ করেছে, শয়তানের অনুসারী হয়েছে, তারা জাহান্নামে যাবে। সেখানে তারা চিরকাল শাস্তি ভোগ করবে। জাহান্নামে শুধু দুঃখ আর দুঃখ। সেখানে থাকবে ভীষণ শাস্তি।