পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, ২০১১ সালের পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। বছরের পর বছর পেরিয়ে তোমরা এখন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং একই সঙ্গে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী। প্রাথমিক বিদ্যালয়ের সর্বশেষ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে তোমাদের এ বছরের শিক্ষাজীবন খুবই গুরুত্বপূর্ণ। এ বছর তোমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বছর। মনে রাখবে, যে যত বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, সাফল্যের সম্ভাবনা তার থাকবে তত বেশি। এই সময়ে প্রাথমিক করণীয় কী কী হতে পারে তা একটু জেনে নিই। রুটিন তৈরি করা: ‘রুটিন’ কথাটির আভিধানিক অর্থ নিত্য কর্ম বা কর্তব্য কর্মের ধারা। আমাদের প্রাত্যহিক জীবন সুন্দর করার জন্য যেমন রুটিনের প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি পড়াশোনার ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। কাজেই বছরের শুরুতেই এমন একটি রুটিন তৈরি করে নেওয়া দরকার, যা তোমার পড়াশোনার অগ্রগতিতে সহায় ভূমিকা রাখবে। স্কুলে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘরে পড়ার জন্য একটি প্রাত্যহিক রুটিন যত শিগগির সম্ভব তৈরি করে নাও। লক্ষ রাখতে হবে এই রুটিনে যেন প্রতিদিন প্রতিটি বিষয় অন্তর্ভুক্ত থাকে। নিয়মিত পড়াশোনা করা: যেকোনো বিষয়ে সাফল্যের পূর্বশর্ত চর্চা ও অনুশীলন। বিষয়ভিত্তিক চর্চা ও অনুশীলন গতিশীল করার জন্য তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। আর এই পড়াশোনা সঠিক ও তথ্যনির্ভর হবে তখনই, যখন পাঠ্যবইয়ের ওপর তোমার পূর্ণ ধারণা থাকবে। পাঠ্যবইয়ের বিকল্প হিসেবে কখনো গাইড বই নির্বাচন করা ঠিক হবে না। পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের প্রতিটি লাইন আয়ত্তে থাকলে সাফল্যের পথ সুগম হবে, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। পাঠ্যবইকে প্রাধান্য দিয়ে বিষয়ভিত্তিক নোট নিজে নিজেই তৈরি করার চেষ্টা করবে। কোনো সমস্যা হলে তোমার শিক্ষক কিংবা অভিভাবকের সাহায্য নেবে। পড়া তৈরি করা: রুটিন অনুযায়ী নিয়মিত পড়াশোনা তখনই ফলপ্রসূ হবে, যখন পড়া তৈরি হবে মনোযোগের সঙ্গে। হালকাভাবে শুধু চোখ দিয়ে ভাসা ভাসাভাবে পড়লে পড়া তৈরি পূর্ণতা পায় না। নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে মনোযোগ দিয়ে পড়লে পড়া মনে থাকে। যে বইয়ের যে অধ্যায় পড়ার জন্য নির্বাচন করবে, পড়া তৈরির আগে সেই অধ্যায় সম্পর্কে প্রথমেই ধারণা নিয়ে নেবে। অধ্যায়ভিত্তিক মূল ভাব জানা থাকলে প্রশ্নের উত্তর তৈরি করার কাজ অনেকটা সহজ হয়ে আসে। যে পড়াটি তৈরি করবে সেটি বারবার পড়তে হবে এবং যা পড়ছ তা মনে রাখার মতো করে পড়তে হবে। একটি পড়া তৈরি হয়ে গেলে সেটি মনে আছে কি না তা মূল্যায়ন করে নেবে। প্রতিদিনের রুটিন অনুযায়ী প্রতিটি বিষয়ের কোনো না কোনো পড়া যেন তৈরি হয়, সেদিকে অবশ্যই লক্ষ রাখতে হবে। মনে রেখো, বিষয়বস্তু বুঝে পড়লে পড়া বেশি মনে থাকে। যা পড়েছ, শিখেছ তা লেখার অভ্যাস করা: পরীক্ষায় সাফল্যের একটি বিশেষ অংশ লেখা। শুধু পড়ে গেলেই চলবে না, পড়া মুখস্থ হলেই কেবল হবে না। পঠিত অংশ শেখা বা মুখস্থ করার পর তা অবশ্যই না দেখে বারবার লেখার অভ্যাস করতে হবে। কারণ পরীক্ষা মৌখিক হয় না, হয় লেখার মাধ্যমে। তাই তোমার শেখা পড়া বা প্রশ্নের উত্তর যদি সঠিক বানানে স্পষ্ট করে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে না পারো, তবে ভালো নম্বর পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। তাই নিয়মিত পড়াশোনার পাশাপাশি তোমার শেখা পড়াটিও নিয়মিত লেখার অভ্যাস করতে হবে। লেখার সময় ঘড়ি পাশে রাখতে পারো। একটি প্রশ্নের উত্তর তুমি কত সময় ধরে লিখলে কিংবা কোনো লেখা কত সময়ের মধ্যে শেষ করা দরকার, তা হিসাব করে নিতে সুবিধা হবে। লেখা শেষ হওয়ার পর মূল উত্তরের সঙ্গে মিলিয়ে দেখবে, ভুল অংশগুলো দাগ দিয়ে রাখবে। পরবর্তী সময়ে যেন ভুল না হয়, সে জন্য ভুল বানান বা ভুল অংশটুকু বারবার খাতায় লিখবে। এভাবে নিয়মিত লেখার অভ্যাস তোমার ভুলের মাত্রা যেমন কমিয়ে আনবে, তেমনি লেখার গতিও বাড়াবে। মনে রেখো, ভালো নম্বর প্রাপ্তির ক্ষেত্রে নির্ভুল, স্পষ্ট ও সুন্দর লেখার গুরুত্ব অনেক। সমাপনী পরীক্ষার প্রশ্নের ধারা সম্পর্কে ধারণা: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে বাংলা, গণিত, ইংরেজি, পরিবেশ পরিচিতি সমাজ, পরিবেশ পরিচিতি বিজ্ঞান ও ধর্ম শিক্ষা বিষয়ের ওপর। তাই বছরের শুরু থেকে বিষয়ভিত্তিক প্রশ্নের ধারা ও মানবণ্টন সম্পর্কে তোমার সঠিক ধারণা নিতে হবে। কোন বিষয়ে কেমন প্রশ্ন হয়ে থাকে, কোন প্রশ্নের উত্তর কেমন করে লিখলে, কতটুকু লিখলে ভালো নম্বর পাওয়া যেতে পারে, সে সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে। এ ব্যাপারে তোমার শিক্ষকের সহায়তা নেওয়া ভালো। এ ছাড়া পড়াশোনার পাতা নিয়মিত পড়লেও এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। ২০১১ সাল তোমাদের সফলতায় ভরে উঠুক, এই শুভ কামনা থাকল।