যোগাযোগের সেকাল একালপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘যোগাযোগের সেকাল একাল’ প্রবন্ধ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর।প্রশ্ন: সংকেতের মাধ্যমে মানুষ কীভাবে যোগাযোগ করে উদাহরণসহ লেখো। উত্তর: যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর উপায়কেই বোঝায়। মানুষ সাধারণত বলে বা লিখে একে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকে। এ ছাড়া মানুষ সংকেতের মাধ্যমেও যোগাযোগ করে থাকে। যেমন, সড়কে লাল বাতি দেখে চালক গাড়ি থামিয়ে দেয়। রেফারি হুইসেল দিলেই ফুটবল খেলা শুরু হয়ে যায়। আম্পায়ার আঙুল তুললেই ব্যাটসম্যান মাঠ ছেড়ে চলে যায়। এসবই হলো সংকেতের মাধ্যমে যোগাযোগ। প্রশ্ন: দৃষ্টিগ্রাহ্য দূরত্বে আদিম মানুষের যোগাযোগের উপায় কী ছিল? উত্তর: দৃষ্টিগ্রাহ্য দূরত্বে আদিম মানুষের যোগাযোগের একটা উপায় ছিল আগুনের সংকেত। উঁচু গাছের ডগায় উঠে মশাল নেড়ে কিংবা আগুনের তীর ছুড়ে আদিম মানুষ শিকারিদের ফিরে আসার জন্য কিংবা অন্য কোনো সংকেত দিত।প্রশ্ন: কত বছর আগে কোন রাজা দূর-দূরান্তে যোগাযোগের জন্য নতুন উপায় বের করেন? উপায়টি কী? উত্তর: হাজার হাজার বছর ধরে মানুষ ধ্বনির সাহায্যেও যোগাযোগের কাজ করেছে। চিৎকার খুব বেশি দূরে শোনা যেত না বলে মানুষ অন্য উপায়ও বের করেছিল। প্রায় আড়াই হাজার বছর আগে পারস্যের সম্রাট (রাজা) সাইরাস তাঁর রাজ্যে কিছুটা দূরে দূরে অনেক টাওয়ার বসিয়ে দূর-দূরান্তে যোগাযোগের জন্য নতুন উপায় বের করেন। এ উপায়ে টাওয়ারগুলোতে প্রহরী রাখা হতো। আর যারা প্রহরী থাকত, তারা চিৎকার করে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে সংবাদ পাঠাত। প্রশ্ন: যোগাযোগের ক্ষেত্রে মুদ্রণ যন্ত্র ও ছাপাখানার ভূমিকা কী? উত্তর: যোগাযোগের অগ্রগতির ক্ষেত্রে মুদ্রণ যন্ত্র আবিষ্কার ও ছাপাখানা প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ছাপাখানা যোগাযোগ ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন ঘটায়। বই ও পত্রপত্রিকা প্রকাশের মাধ্যমে হাজার হাজার লোকের সঙ্গে যোগাযোগের রাস্তা খুলে যায়। বই ও পত্রপত্রিকা একদিকে মানুষের জ্ঞান সংরক্ষণ করার সুযোগ এনে দেয়, অন্যদিকে এককাল থেকে অন্যকালে জ্ঞান বিস্তার করাও সম্ভব হয়ে ওঠে। বইয়ের সম্ভার নিয়ে এরপর গড়ে ওঠে অনেক পাঠাগার। রবীন্দ্রনাথ ঠাকুর, লিউ তলস্তয়, শেক্সপিয়ারের মতো মহৎ লেখকদের লেখার সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে বইয়ের মাধ্যমেই। আর এই বই ছাপা সম্ভব হয়েছে মুদ্রণ যন্ত্র ও ছাপাখানার আবিষ্কারের ফলেই। কাজেই জ্ঞান সাধনা ও জ্ঞান বিস্তারে মুদ্রণ যন্ত্র ও ছাপাখানার ভূমিকা অপরিসীম।প্রশ্ন: বিদ্যুৎ আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের পালাবদল ঘটে? উত্তর: বিদ্যুতের আবিষ্কার যোগাযোগ ব্যবস্থায় বিপুল পালাবদল ঘটায়। বিদ্যুৎকে কাজে লাগিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতিনিয়ত যোগাযোগের জন্য গড়ে তোলা হয়েছে বিশ্বব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা। টেলিফোনে কথা বলা, কাউকে ই-মেইল পাঠানো, ফ্যাক্স মেশিনে বার্তা পাঠানো ইত্যাদি যোগাযোগ সম্ভব হচ্ছে বিদ্যুতের ব্যবহার করেই। কাজেই বিদ্যুৎ আবিষ্কার যোগাযোগের ক্ষেত্রকে যেমন সম্প্রসারিত করেছে, তেমনি করেছে সমৃদ্ধ।প্রশ্ন: টেলিফোন আবিষ্কারের ফলে যোগাযোগের ক্ষেত্রে কী ধরনের উন্নতি সাধিত হয়েছে?উত্তর: টেলিফোন আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থায় আজকাল এত উন্নতি হয়েছে যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে কেউ যেকোনো সময় কথা বলতে পারে। এ ক্ষেত্রে আরও অকল্পনীয় উন্নতি হয়েছে বেতার ও সেলুলার প্রযুক্তি ব্যবহার করায়। এখন পথ চলতে চলতেও মানুষ ফোনে কথা বলতে পারছে সেল ফোন বা মোবাইল ফোনে।