শহীদ তিতুমীরপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘শহীদ তিতুমীর’ প্রবন্ধ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: নারকেলবাড়িয়া কোথায়? এখানে তিতুমীর কী তৈরি করলেন?উত্তর: নারকেলবাড়িয়া বারাসাতে অবস্থিত। ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের শুরুতে তিতুমীরের ওপর অত্যাচার শুরু হয়। নিজ গ্রাম ছেড়ে তিনি বারাসাতের নারকেলবাড়িয়ায় চলে যান। নারকেলবাড়িয়ার লোকজন তাঁকে সাদরে গ্রহণ করেন। হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এখানে তিতুমীর এক দুর্ভেদ্য বাঁশের দুর্গ তৈরি করলেন। এই দুর্গ নারকেলবাড়িয়ার ‘বাঁশের কেল্লা’ নামে পরিচিত।প্রশ্ন: কত সালে তিতুমীরের কাছে ইংরেজ শক্তি পরাজিত হয়?উত্তর: নারকেলবাড়িয়ায় তিতুমীরের বাঁশের কেল্লা তৈরি এবং সেখানে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার কৌশল ও প্রস্তুতির খবর ইংরেজ শাসকেরা জেনে যায়। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয় তিতুমীরকে দমন করার জন্য। ১৮৩০ সালে আলেকজান্ডার তাঁর সিপাহি বাহিনী নিয়ে তিতুমীরের কাছে পরাজিত হন। ১৮৩০ সালে তিতুমীরের কাছে ইংরেজ শক্তি পরাজিত হওয়ার পর তিতুমীর কয়েকটি নীলকুঠি দখল করে নেন।প্রশ্ন: তিতুমীর কীভাবে শহীদ হলেন?উত্তর: ১৮৩১ সালের ১৯ নভেম্বর ভারতবর্ষের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক তিতুমীরকে শায়েস্তা করার জন্য এক বিরাট সেনাবহর এবং গোলন্দাজ বাহিনী পাঠান। এর নেতৃত্বে ছিলেন সেনাপতি কর্নেল স্টুয়ার্ড। ভোর হওয়ার আগেই স্টুয়ার্ড বাহিনী তিতুমীরের বাঁশের কেল্লা আক্রমণ করে। স্টুয়ার্ডের ছিল হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য আর অজস্র গোলাবারুদ। তিতুমীরের ছিল মাত্র চার-পাঁচ হাজার স্বাধীনতাপ্রিয় সৈনিক। এঁদের কাছে কামান, গোলাবারুদ, বন্দুক কিছুই ছিল না। তবে মনে ছিল তাঁদের পরাধীন দেশকে স্বাধীন করার অমিত তেজ। তিতুমীর আর তাঁর বীর সৈনিকেরা প্রাণপণ যুদ্ধ করলেন। কিন্তু ইংরেজ বাহিনীর সামনে টিকতে পারলেন না। কিছুক্ষণের মধ্যেই ইংরেজ সৈনিকদের গোলার আঘাতে ছারখার হয়ে গেল নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। শহীদ হলেন অসংখ্য মুক্তিকামী বীর সৈনিক। শহীদ হলেন বীর তিতুমীর।আজ থেকে প্রায় পৌনে দুশ বছর আগে তিতুমীর পরাধীন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে বীর তিতুমীরই হলেন বাংলার প্রথম শহীদ।