শখের মৃৎশিল্পপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘শখের মৃৎশিল্প’ প্রবন্ধ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: শখের হাঁড়ি কী রকম?উত্তর: মাটির তৈরি যেসব শিল্পকর্ম রয়েছে তাদের মধ্যে শখের হাঁড়ি একটি অন্যতম শিল্পকর্ম। শখের হাঁড়ি বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো হাঁড়ি ফুল আঁকা, কোনো হাঁড়ি পাতা আঁকা আবার কোনো কোনো হাঁড়ি মাছের ছবি আঁকা। অপূর্ব সুন্দর কারুকাজ খচিত এসব হাঁড়ি সহজেই মানুষের দৃষ্টি কেড়ে নেয়। মানুষ শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখে। তাই এই হাঁড়িকে শখের হাঁড়ি বলা হয়। শখের হাঁড়ি দৃষ্টিনন্দন এবং শিল্প সৌকর্যে অতুলনীয়। প্রশ্ন: টেরাকোটা কী? উত্তর: প্রাচীনকাল থেকে আমাদের এই বাংলাদেশে মৃৎশিল্পের চর্চা হয়ে আসছে। প্রাচীন মৃৎশিল্পের মধ্যে অন্যতম হলো টেরাকোটা। টেরাকোটা একটি ল্যাটিন শব্দ। ‘টেরা’ অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত। নকশা করা মাটির ফলক বা জিনিস ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো টেরাকোটা। প্রশ্ন: বৈশাখী মেলায় কী কী পাওয়া যায়?উত্তর: বাংলা নববর্ষ বাংলাদেশের অন্যতম সামাজিক উৎসব। এ উৎসব উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলা বসে। বৈশাখী মেলায় অনেক কিছু পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাটির তৈরি নানা বর্ণের নানা রঙের বিচিত্র হাঁড়ি, মাটির ঘোড়া, হাতি, ষাঁড়, পুতুল, মাছ, বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, চালুন, মাছধরার চাঁই, খলই ইত্যাদি। বৈশাখী মেলায় আরও পাওয়া যায় বাঙি, তরমুজ, মুড়ি-মুড়কি, জিলাপি, বাতাসা আর কদমা। এ ছাড়া বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ হলো নাগরদোলা। প্রশ্ন: কয়েকটি মৃৎশিল্পের নাম লেখ।উত্তর: মৃৎশিল্প আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প। এ দেশের কুমোর সম্প্রদায় যুগযুগ ধরে তৈরি করে আসছে নানা রঙের, নানা বর্ণের বিভিন্ন রকমের মৃৎশিল্প। আমাদের দেশের কুমোরদের তৈরি কয়েকটি মৃৎশিল্পের নাম হলো: মাটির কলস, হাঁড়ি, সরা, মটকা, বাসন-কোসন, পেয়ালা, সুরাই, জালা, পিঠা তৈরির ছাঁচ, পুতুল ও নানা রকম পশু-পাখি, মাছ ইত্যাদি। এ ছাড়াও আমাদের দেশে এক সময় গড়ে উঠেছিল অনিন্দ্যসুন্দর মৃৎশিল্প টেরাকোটা। বাংলার অনেক পুরনো মৃৎশিল্প এই টেরাকোটা। প্রশ্ন: বাংলাদেশের কোথায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায়?উত্তর: হাঁড়ি-কলসি ছাড়াও আমাদের দেশে এক সময় গড়ে উঠেছিল সুন্দর পোড়া মাটির ফলকের কাজ। এর অন্য নাম টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই শিল্প। বাংলাদেশের ময়নামতির শালবন বিহার, বগুড়ার মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধ স্তূপ, দিনাজপুরের কান্তজীর মন্দির ও বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায়। সম্প্রতি নরসিংদির ওয়ারী বটেশ্বরে মাটি খুঁড়ে পাওয়া গেছে নানা ধরনের সুন্দর মাটির পাত্র আর ফলক। প্রশ্ন: মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয় কেন? উত্তর: বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মাটির শিল্পে। এটা এ দেশের নিজস্ব শিল্প। হাজার হাজার বছর ধরে এ দেশে মাটির শিল্পের চর্চা হয়ে আসছে। এ দেশের মানুষের মন যে শিল্পীর মন, এই মাটির শিল্প তারই পরিচয় বহন করে। ময়নামতির শালবন বিহার, বগুড়ার মহাস্থানগড়, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে দেখা যায়, পোড়ামাটির ফলকের নিদর্শন। তাই মাটির শিল্প আমাদের ঐতিহ্য ও গৌরবের বিষয়। প্রশ্ন: কথাগুলো বুঝিয়ে লেখ: মৃৎশিল্প, শখের হাঁড়ি, টেরাকোটা, টেপাপুতুল। উত্তর: মৃৎশিল্প: মাটির তৈরি শিল্পকর্মকে বলা হয় মৃৎশিল্প। এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে সব মাটি দিয়ে এ শিল্পকর্ম হয় না। এর জন্য দরকার পরিষ্কার এঁটেল মাটি। এ ধরনের মাটি বেশ আঠালো। তাই এই মাটি দিয়ে যত্ন আর শ্রমের মাধ্যমে তৈরি হয় মৃৎশিল্প। মাটির হাঁড়ি, কলস, সরা, বাসন-কোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা ইত্যাদি উল্লেখযোগ্য মৃৎশিল্প।শখের হাঁড়ি: মানুষ শখ করে পছন্দের জিনিস যে মাটির হাঁড়িতে রাখে, সেই হাঁড়িকে শখের হাঁড়ি বলা হয়। শখের হাঁড়ি নানা রঙের, নানা বর্ণের হয়ে থাকে। কোনো শখের হাঁড়িতে আঁকা থাকে ফুল-পাতা, আবার কোনো শখের হাঁড়িতে আঁকা থাকে মাছের ছবি। টেপা পুতুল: মাটি দিয়ে কুমোরেরা অনেক জিনিস তৈরি করে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য শিল্পকর্ম হলো টেপা পুতুল। নরম এঁটেল মাটি টিপে টিপে যেসব পুতুল বানানো হয় তাকে বলা হয় টেপা পুতুল। অনেক রকম টেপা পুতুল রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—বউ-জামাই, কৃষক, নথপরা ছোট্ট মেয়ে।