অধ্যায়-৩ প্রাণিজগৎপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের ৩ নম্বর অধ্যায় ‘প্রাণিজগৎ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: তিনটি ক্ষতিকর পতঙ্গের নাম লেখো। এগুলো আমাদের কী কী ক্ষতি করে?উত্তর: তিনটি ক্ষতিকর পতঙ্গ হলো—উইপোকা, তেলাপোকা, মশা।উইপোকা ঘরের বইপত্র, কাগজ, কাপড় ও আসবাবের ক্ষতিসাধন করে। তেলাপোকা খাদ্যদ্রব্য নোংরা করে, কাপড়চোপড়, বইখাতা কেটে নষ্ট করে। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগ ছড়ায়।প্রশ্ন: মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? উদাহরণ দাও।উত্তর: মেরুদণ্ডী প্রাণী: যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড থাকে, তাকে মেরুদণ্ডী প্রাণী বলে। অনেক গোল গোল চাকতির মতো হাড় একটার পর একটা সজ্জিত হয়ে সৃষ্টি হয় মেরুদণ্ড।মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ। যেমন: মানুষ, গরু, ছাগল, পাখি, মাছ ইত্যাদি।অমেরুদণ্ডী প্রাণী: যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড নেই, তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে। যেমন: কেঁচো, চিংড়ি, প্রজাপতি, তেলাপোকা ইত্যাদি।প্রশ্ন: কী কী কারণে মানুষ প্রাণিজগতের শ্রেষ্ঠ জীব হিসেবে বিবেচিত হয়?উত্তর: মানুষ প্রাণিজগতের শ্রেষ্ঠ জীব হিসেবে বিবেচিত হওয়ার কারণ নিচে দেওয়া হলো। ১। সব প্রাণীর চেয়ে মানুষের মস্তিষ্ক উন্নত।২। মানুষের কথা বলার ক্ষমতা আছে, অন্য প্রাণীর তা নেই।৩। মানুষ ভাবের আদান-প্রদান করতে পারে, অন্য প্রাণী তা পারে না।৪। মানুষের ভালো-মন্দ বোঝার ক্ষমতা আছে, অন্য প্রাণীদের তা নেই। ৫। মানুষ বিবেকসম্পন্ন, প্রাণী নির্বোধ।প্রশ্ন: ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন?উত্তর: যেসব প্রাণী জলে ও স্থলে উভয় স্থানে বসবাস করতে পারে, তাদের উভচর প্রাণী বলে। ব্যাঙ জীবনের প্রথম অবস্থায় পানিতে থাকে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আবার পরিণত বয়সে এরা ডাঙায় বাস করে এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। জলে ও স্থলে উভয় স্থানে বসবাস করে বলে ব্যাঙকে উভচর প্রাণী বলা হয়।প্রশ্ন: মৎস্য শ্রেণীভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কী?উত্তর: সব ধরনের মাছ মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী। এদের বৈশিষ্ট্য নিম্নরূপ— ১। পানিতে সাঁতার কাটার জন্য এদের পাখনা আছে।২। এরা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।৩। অধিকাংশ মাছের দেহে আঁশ থাকে, কিছু মাছের দেহে আঁশ থাকে না। ৪। মাছ ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা বের হয়।যেমন: রুই, কাতলা, শিং, মাগুর, কই, পাবদা ইত্যাদি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল