অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: পানিসম্পদকে কীভাবে জীবনের জন্য নিরাপদ রাখা যায় সে সম্পর্কে লেখো। উত্তর: পানির অপর নাম জীবন। আমাদের দেশে নদ-নদী, খাল-বিল, পুকুর ইত্যাদিতে পানির অভাব নেই। কিন্তু রয়েছে নিরাপদ পানির অভাব। যে পানি পান বা ব্যবহার করলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না তাকে আমরা নিরাপদ পানি বা বিশুদ্ধ পানি বলতে পারি। এলাকার লোকজনের স্বাস্থ্যকে নিরাপদ রাখতে হলে নিরাপদ পানি পান ও ব্যবহার করতে হবে। এ ব্যাপারে এলাকার সবাইকে সচেতন করা আমাদের দায়িত্ব। পানি ফুটিয়ে পান করলে তা জীবনের জন্য নিরাপদ। তাই এলাকার সবাইকে প্রয়োজনবোধে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেব। গভীর নলকূপের পানিও নিরাপদ। এ ছাড়া পানিকে দূষিত করে এমন সব কাজ থেকে আমরা বিরত থাকব এবং এলাকাবাসীকে এ বিষয়ে সচেতন করব। অনেক সময় শহরাঞ্চলে রাস্তা কেটে আমরা ওয়াসার পানির লাইন ক্ষতিগ্রস্ত করি। ফলে দূষিত পদার্থ পানিতে মিশে যায়। আবার কখনো পানির লাইন ফেটে পানি দূষিত হয়ে পড়ে। এ ধরনের পানির ব্যবহার জীবনের জন্য মোটেও নিরাপদ নয়। যদি আমাদের এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে খবর দেওয়া আমাদের সবার দায়িত্ব।গ্রামাঞ্চলে সাধারণত পানির জন্য টিউবওয়েল বা নলকূপ ব্যবহার করা হয়। নলকূপের গোড়া অপরিচ্ছন্ন থাকলে পানি দূষিত হতে পারে। আমরা জানি পানি অত্যন্ত মূল্যবান প্রাকৃতিক সম্পদ। পানির অপব্যবহার ও পানি দূষণ আমাদের জন্য ক্ষতিকারক। তাই আমরা টিউবওয়েল ও পানি সরবরাহকারী অন্যান্য উৎসের যত্ন নেব। এতে করে এলাকার লোকজনের স্বাস্থ্য ভালো থাকবে। পানিসম্পদও রক্ষা করা সম্ভব হবে। আমাদের দেশে কোনো কোনো এলাকার পানিতে আর্সেনিক দূষণ দেখা দিয়েছে। আর্সেনিক একধরনের বিষাক্ত পদার্থ যা মাটির নিচে থাকে এবং পানির সঙ্গে মিশে পানিকে দূষিত করে। এই পানি নলকূপের মাধ্যমে ওপরে উঠে আসে। আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন ব্যবহারের ফলে হাত ও পায়ের তালুতে এক ধরনের চর্মরোগ হয়, যা পরে ক্যান্সারে রূপ নিতে পারে। আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য হুমকিস্বরূপ। অতএব এ ধরনের পানি ব্যবহার থেকে বিরত থাকার জন্য এলাকার লোকজনকে সচেতন করতে হবে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি সংস্থা আর্সেনিকযুক্ত নলকূপগুলো লাল রং দিয়ে চিহ্নিত করে। আমরা এই লাল রঙের চিহ্ন দেওয়া নলকূপের পানি পান করব না। এলাকার অন্যদেরও আর্সেনিকযুক্ত নলকূপের পানি পান করা থেকে বিরত থাকতে বলব। এভাবে এলাকাকে আর্সেনিক দূষণের হাত থেকে রক্ষা করা সম্ভব। পানিসম্পদ নিরাপদ হলে আমাদের জীবনও নিরাপদ থাকে। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল