জলপরী ও কাঠুরের গল্পপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ‘জলপরী ও কাঠুরের গল্প’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য গল্পটির বিষয়বস্তু ভালোভাবে পড়বে।প্রশ্ন: কীভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো?উত্তর: গল্পকার ঈশপ রচিত জলপরী ও কাঠুরের গল্প। এর কাহিনি গড়ে উঠেছে এক কাঠুরিয়াকে নিয়ে। গল্পে বর্ণিত কাঠুরিয়া ছিল খুবই গরিব। দৈনিক কাঠ বিক্রি করে যা রোজগার হতো তাই দিয়ে কোনো রকমে তার দিন চলত। একদিন নদীর ধারে কাঠ কাটতে গেলে হাত ফসকে তার কুড়ালটি কুমিরে ভরা খরস্রোতা নদীর গভীর পানিতে পড়ে যায়। নিরুপায় কাঠুরিয়া গাছের গোড়ায় বসে কাঁদতে থাকে। এমন সময় এক জলপরী নদীর মধ্য থেকে উঠে দাঁড়িয়ে কাঠুরিয়ার কান্নার কারণ জানতে চাইল। কাঠুরিয়া জলপরীর কাছে তার কুড়াল হারিয়ে যাওয়ার ঘটনা বর্ণনা করলে জলপরী কুড়াল খুঁজে এনে দেওয়ার আশ্বাস দিয়ে তাকে কাঁদতে বারণ করল। তারপর নদীতে ডুব দিয়ে প্রথমে একটি সোনার কুড়াল ও পরে একটি রুপার কুড়াল কাঠুরিয়াকে দেখাল। কাঠুরিয়া গরিব হলেও সৎ ছিল। সে অকপটে জানিয়ে দিল এগুলো তার নয়। তারপর জলপরী আবার ডুব দিয়ে একটি লোহার কুড়াল এনে কাঠুরিয়াকে দেখালে সে বলল, এটিই তার কুড়াল। জলপরী কাঠুরিয়ার সততায় মুুগ্ধ হয়ে তাকে তার নিজের কুড়ালটি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সোনার ও রুপার কুড়াল দুটিও উপহার দিল। এতখানি সোনা ও রুপা পেয়ে কাঠুরিয়ার অবস্থা বেশ ভালো হয়ে গেল। কেননা সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে সে অনেক টাকা পেল। এভাবে কাঠুরিয়ার অবস্থার পরিবর্তন হলো এবং সুখে-স্বাচ্ছন্দ্যে তার দিন কাটতে লাগল। প্রশ্ন: লোভী কাঠুরিয়া কেন হায় হায় করতে লাগল?উত্তর: সৎ কাঠুরিয়ার মুখ থেকে তার সুখ ও স্বাচ্ছন্দ্য-জীবনের গল্প শোনার পর আরেকজন কাঠুরিয়ার মনে বড় লোভ জন্মাল। লোভী কাঠুরিয়া একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিয়ে সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগল। তার কান্না শুনে আবার সেই জলপরী সেখানে আবির্ভূত হলো। আগের মতো এবারও জলপরী প্রথমে একটি সোনার কুড়াল তুলে লোভী কাঠুরিয়াকে জিজ্ঞেস করল এটি তার কি না। লোভী কাঠুরিয়া সঙ্গে সঙ্গে ওই সোনার কুড়ালটি তার বলে দাবি করল। এই রকম মিথ্যাবাদিতায় জলপরীর মন খারাপ হয়ে গেল। সে তৎক্ষণাৎ টুপ করে ডুব দিয়ে চলে গেল পানির গভীরে। আর উঠল না। লোভী কাঠুরিয়া এই অবস্থা দেখে নিজের কপালে নিজে চড় মারতে লাগল। মিথ্যে বলার কারণে তার এই শাস্তি হলো। সোনার ও রুপার কুড়াল পাওয়া তো দুরের কথা, নিজের কুড়ালটিও সে হারাল। তাই লোভী কাঠুরিয়া হায় হায় করতে লাগল। প্রশ্ন: সততা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। উত্তর: সততা মানব জীবনের একটি মহৎ গুণ। নিচে সততা সম্পর্কে পাঁচটি বাক্য লেখা হলো: ১. সততার মূল্য অতুলনীয়। ২. সততার পুরস্কার পাওয়া যায়। ৩. যার মধ্যে সততা আছে সমাজে তার স্থান সবার উপরে। ৪. সুন্দর জীবন গড়ার ক্ষেত্রে সততার বিকল্প নেই। ৫. সততাই মানব জীবনের সর্বোৎকৃষ্ট পন্থা।