আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আজকের পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বাংলা বিষয়ের ওপর পড়াশোনায় আজ তোমাদের জন্য রয়েছে শখের মৃৎশিল্প।মাটির তৈরি শিল্পকর্মকে বলা হয় মাটির শিল্প বা মৃৎশিল্প। বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় এই মাটির শিল্পে। মৃৎশিল্প আমাদের নিজস্ব শিল্প। তোমরা নিশ্চয় বৈশাখী মেলায় কিংবা নানা পার্বণে বিভিন্ন মেলায় মাটির তৈরি নানা রকম পুতুল, নকশা করা হাঁড়ি, মাটির ফল, তৈজসপত্র বিক্রি হতে দেখেছ। মাটির তৈরি এসব জিনিসই মৃৎশিল্প। গ্রামের কুমোরেরা নিপুণভাবে এসব তৈরি করে। প্রাচীনকাল থেকে এ দেশে মৃৎশিল্পের চর্চা হচ্ছে। ময়নামতির শালবন বিহার, বগুড়ার মহাস্থানগড়, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে দেখা যায় পোড়ামাটির ফলক। পোড়ামাটির এসব ফলককে বলা হয় টেরাকোটা। মাটির শিল্প আমাদের বাংলাদেশের ঐতিহ্য। মৃৎশিল্প সম্পর্কে কিছুটা ধারণা তো নেওয়া হলো। এবার এসো, এই প্রবন্ধের কয়েকটি প্রশ্নের নমুনা উত্তর দেখা যাক। প্রশ্ন: মৃৎশিল্পের প্রধান উপাদান কী?উত্তর: মাটির তৈরি শিল্পকর্মকে বলা হয় মৃৎশিল্প। এ শিল্পের প্রধান উপাদান হলো মাটি। তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না। দোঁআশ মাটি তেমন আঠালো নয়, আর বেলে মাটি ঝরঝরে, তাই এগুলো দিয়ে মাটির শিল্প বা মৃৎশিল্প হয় না। মৃৎশিল্পের জন্য দরকার পরিষ্কার এঁটেল মাটি। এ ধরনের মাটি বেশ আঠালো। আবার এঁটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয়। এর জন্য দরকার অনেক যত্ন আর শ্রম। দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। প্রয়োজন কিছু ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম। মৃৎশিল্পের প্রধান উপাদান মাটি হলেও এর সঙ্গে দরকার একটা কাঠের চাকা। এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করে কুমোরেরা। প্রশ্ন: কয়েকটি মৃৎশিল্পের নাম লেখ।উত্তর: মৃৎশিল্প আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প। এ দেশের কুমোর সম্প্রদায় যুগযুগ ধরে তৈরি করে আসছে নানা রঙের, নানা বর্ণের বিভিন্ন রকমের মাটির তৈরি জিনিসপত্র। আমাদের দেশের কুমোরদের তৈরি কয়েকটি মৃৎশিল্পের নাম হলো: মাটির কলস, হাঁড়ি, সরা, মটকা, বাসন-কোসন, পেয়ালা, সুরাই, জালা, পিঠা তৈরির ছাঁচ, পুতুল ও নানা রকম পশু-পাখি, মাছ ইত্যাদি। এ ছাড়াও আমাদের দেশে এক সময় গড়ে উঠেছিল অনিন্দ্যসুন্দর মৃৎশিল্প টেরাকোটা। বাংলার অনেক পুরনো মৃৎশিল্প এই টেরাকোটা। প্রশ্ন: টেরাকোটা কী? উত্তর: প্রাচীনকাল থেকে আমাদের এই বাংলাদেশে মৃৎশিল্পের চর্চা হয়ে আসছে। প্রাচীন মৃিশল্পের মধ্যে অন্যতম হলো টেরাকোটা। টেরাকোটা একটি ল্যাটিন শব্দ। ‘টেরা’ অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত। নকশা করা মাটির ফলক বা জিনিস ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো টেরাকোটা। প্রশ্ন: বাংলাদেশের কোথায় পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায়?উত্তর: হাঁড়ি-কলসি ছাড়াও আমাদের দেশে এক সময় গড়ে উঠেছিল সুন্দর পোড়া মাটির ফলকের কাজ। এর অন্য নাম টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই শিল্প। বাংলাদেশের ময়নামতির শালবন বিহার, বগুড়ার মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধ স্তূপ, দিনাজপুরের কান্তজীর মন্দির ও বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে পোড়ামাটির প্রাচীন শিল্প দেখতে পাওয়া যায়। সম্প্রতি নরসিংদির ওয়ারী বটেশ্বরে মাটি খুঁড়ে পাওয়া গেছে নানা ধরনের সুন্দর মাটির পাত্র আর ফলক।