হু. মু এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, আদর ও ভালোবাসা নিও। ২০০৯ সমাপনী পরীক্ষার আলোকে আজ অধ্যায় একের এলাকার উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে নিচের প্রশ্নগুলোর উত্তর পড়বে।প্রশ্ন: এলাকার উন্নয়নের জন্য আমাদের সকলের দায়িত্ব কী?উত্তর: আমাদের বসবাসের এলাকাটি যদি উন্নত না হয়, জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো যদি সেখানে না থাকে অথবা খারাপ অবস্থায় থাকে তাহলে আমাদের অনেক অসুবিধা হয়। তাই এলাকার উন্নয়নের জন্য আমাদের সবার কিছু কিছু দায়িত্ব পালন করতে হবে। এলাকার উন্নয়নের জন্য আমাদের সবার পালন করা উচিত এমন কিছু দায়িত্ব নিচে তুলে ধরা হলো:১. আমাদের চলাচলের রাস্তা যদি ভাঙা হয়, এতে যদি গর্ত থাকে তাহলে আমাদের সবার উচিত রাস্তা মেরামত করা এবং গর্ত ভরাট করা।২. আমাদের চলাচলের রাস্তায় যদি ম্যানহোলের ঢাকনা না থাকে তবে আমাদের উচিত ঢাকনার ব্যবস্থা করা। তা না করা হলে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটতে পারে।৩. পুল, সাঁকো, সেতু, কালভার্ট ইত্যাদি নষ্ট থাকলে এগুলো ঠিক করার ব্যবস্থা নিতে হবে।৪. গাছ লাগাতে হবে, পরিচর্যা করতে হবে এবং সামাজিক বনায়নে আগ্রহী হতে হবে।৫. পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।৬. নিরাপদ পানি পান ও ব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।৭. খাল খনন করে পানি নিষ্কাশন ও সংরক্ষণের সুব্যবস্থা করতে হবে।৮. নিরক্ষরতা দূরীকরণের জন্য কার্যক্রম গ্রহণ করতে হবে।৯. বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করতে হবে।প্রশ্ন: তোমার এলাকায় কিছু লোকের হাত ও পায়ের চর্মরোগ দেখা যাচ্ছে—তোমার কী করা উচিত? সে সম্পর্কে লেখ।উত্তর: হাত ও পায়ের তালুতে এক ধরনের চর্মরোগ হওয়া মানেই আর্সেনিকে আক্রান্ত হওয়ার লক্ষণ। আমাদের দেশে কোনো কোনো এলাকার পানিতে আর্সেনিক দূষণ দেখা দিয়েছে। আর্সেনিক এক ধরনের বিষাক্ত পদার্থ যা মাটির নিচে থাকে। এটা পানির সঙ্গে মিশে পানিকে দূষিত করে। এই পানি নলকূপের মাধ্যমে ওপরে উঠে আসে। এই আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন ব্যবহারের ফলে হাত ও পায়ের তালুতে এক ধরনের চর্মরোগ হয়। এই রোগ পরবর্তী সময়ে ক্যানসারে রূপ নিতে পারে।আমার যা করা উচিত: আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য হুমকিস্বরূপ। অতএব এ ধরনের পানি ব্যবহার থেকে বিরত থাকার জন্য এলাকার লোকজনকে সচেতন করে তুলব। লাল রঙের চিহ্ন দেওয়া নলকূপের পানি আমরা নিজেরাও পান করব না এবং এলাকার লোকনজকেও আর্সেনিকযুক্ত নলকূপের পানি পান করা থেকে বিরত থাকতে বলব।