আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকাপঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইলো। আজ রয়েছে গণিত বিষয়ের প্রশ্নপত্রের নম্বর বিভাজন এবং অনুশীলনের জন্য প্রস্তুতির ধারাবাহিক নির্দেশনা। এসো তাহলে, শুরুতে গণিত বিষয়ের প্রশ্নের ধারা জেনে নেবো। নং প্রশ্নের ধারা (গণিত) মানবণ্টন ১. সংক্ষিপ্ত প্রশ্ন: ১০টি ১–১০=১০ ২. যোগ ও বিয়োগ/গুণ ও ভাগ/প্রাথমিক চার নিয়ম ১–১০=১০ ৩. ঐকিক নিয়ম সম্পর্কিত সমস্যা ১–১০=১০ ৪. গড় সম্পর্কিত সমস্যা ১–১০=১০ ৫. ল.সা.গু ও গ.সা.গু সম্পর্কিত সমস্যা/গাণিতিক প্রতীক ও বাক্য ১–১০=১০ ৬. সরল ১–১০=১০ ৭. সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ১–১০=১০ ৮. দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা ১–১০=১০ ৯. শতকরা সম্পর্কিত সমস্যা ১–১০=১০ ১০. পরিমাপ সম্পর্কিত সমস্যা/ লেখচিত্র/উপাত্ত বিন্যাসকরণ ১–১০=১০ ১১. সময় সম্পর্কিত সমস্যা/জমাখরচ/ক্যাশ মেমো ১–১০=১০ ১২. জ্যামিতি ৪+৬=১০ # সংক্ষিপ্ত প্রশ্ন ও জ্যামিতিসহ সর্বমোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হয়। ১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: গণিত বিষয়ে সংক্ষেপে উত্তর দাও, একটি আবশ্যিক প্রশ্ন। এই প্রশ্নের যথার্থ উত্তর প্রদানের জন্য পাঠ্যবইয়ের উদাহরণ থেকে ছোট ছোট অঙ্ক, অধ্যায়গুলো থেকে বক্স করা কথাগুলো, বিভিন্ন সূত্র ইত্যাদি ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে। ২. অনুশীলনীর প্রশ্ন-সমস্যা: অনুশীলনীর প্রশ্নগুলো সমাধানের জন্য উদাহরণের সমাধান অনুসরণ করাই উত্তম। উদাহরণের আলোকে অনুশীলনীর অঙ্কের সমাধান তোমার জন্য সহজই হবে। পাশাপাশি উদাহরণের অঙ্কগুলো আলাদাভাবে খাতায় প্রশ্নাকারে তুলে নিয়ে সমাধান করার অভ্যাস করবে। এতে যেকোনো উদাহরণ বা অনুশীলনী থেকে অঙ্ক আসুক না কেন, তুমি খুব স্বাচ্ছন্দ্যে সমাধান করতে পারবে। ৩. সরল অঙ্ক: সরল অঙ্কের ধারাবাহিকতা অনুসরণ করে সমাধান অনুশীলন করবে। যেমন প্রথম বন্ধনী ( ), দ্বিতীয় বন্ধনী { }, তৃতীয় বন্ধনী [ ], এর, ভাগ (—), গুণ (–), যোগ (+) ও বিয়োগের (-) কাজ ধারাবাহিক নিয়ম অনুসারে বারবার অনুশীলন করবে। ৪. গাণিতিক প্রতীক ও বাক্য সম্পর্কে সঠিক ধারণা অবশ্যই থাকতে হবে। সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক, বন্ধনী প্রতীক, বিশেষ প্রতীক, অক্ষর প্রতীক, সংখ্যা রাশি, সমার্থক প্রতীক ইত্যাদি যথাযথভাবে শিখতে হবে এবং লেখার অভ্যাস করতে হবে। ৫. গড়ের সূত্র সঠিকভাবে শিখতে হবে এবং অনুশীলনীর অঙ্কগুলো বারবার অনুশীলন করতে হবে। ৬. ল.সা.গু ও গ.সা.গুর পূর্ণরূপ ও প্রতিশব্দ যথাযথভাবে শিখতে হবে। যেমন, লঘিষ্ঠর প্রতিশব্দ: সবচেয়ে কম/ন্যূনতম/ক্ষুদ্রতম এবং গরিষ্ঠর প্রতিশব্দ: বৃহত্তম/সবচেয়ে বড়/সর্বাপেক্ষা ইত্যাদি। ৭. ভাজ্য, ভাজক, ভাগফল, গুণ্য, গুণক, গুণফল, বিয়োজন, বিয়োজ্য, গুণনীয়ক, গুণিতক, উত্পাদক সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে। ৮. শতকরা বলতে কী বোঝায়, শতকরা চিহ্ন ও ব্যবহার সম্পর্কে যথার্থ ধারণা নিতে হবে। লাভ, ক্ষতি, মুনাফা, আসল, সময়, মুনাফার হার ও মুনাফাসহ আসল ইত্যাদি নির্ণয়ের সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। সংখ্যা কাটার ক্ষেত্রে (উপরে-নিচে) এক (১) হলেও লিখতে হবে। ‘০’ কে ‘০’ দিয়ে কাটার অভ্যাস ত্যাগ করতে হবে।৯. দশমিকের গুণ, ভাগ, যোগ, বিয়োগের ক্ষেত্রে দশমিকের অবস্থান সম্পর্কে যথার্থ ধারণা থাকতে হবে। ১০. সময়ের ক্ষেত্রে আন্তর্জাতিক ও দেশীয় সময় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। ১১. লিটার, মিটার, গ্রাম, কেজি, কুইন্টাল, মেট্রিক টন, বর্গমিটার, হেক্টোমিটার, ফুট, বর্গফুট, ঘনলিটার, সের, মণ, দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফলের একক ইত্যাদি সম্পর্কে সঠিক ও যথার্থ ধারণা থাকতে হবে। ১২. ঐকিক নিয়মের ক্ষেত্রে একক বের করে সমাধান করা শিখতে হবে। অঙ্কে যা চাওয়া হয়েছে, তা ডান পাশে লিখতে হবে এবং প্রথম লাইনে সমান (=) চিহ্ন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ১৩. পরিমাপের অঙ্ক করার ক্ষেত্রে সূত্র ও এককের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। ক্ষেত্রফল ও বর্গের সূত্র বারবার অনুশীলন করতে হবে। ১৪. প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ও সমতুল ভগ্নাংশ সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে। অংশ লেখা এবং ১ বা সম্পূর্ণ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। ১৫. বয়সের অঙ্ক করার সময় জন্মদিন ও অবসরে যাওয়ার দিন কীভাবে বের করতে হয়, তা সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে হবে। ১৬. লেখচিত্র অঙ্কের সমাধানের ক্ষেত্রে যথাযথভাবে স্তম্ভের পরিমাপ, অঙ্কন ও ভরাটকরণ, ভূমি ও লম্বের কোন দিকে কী বোঝানো হয়েছে তা লেখা এবং গ্রাফপেপারের ব্যবহার শিখতে হবে। ১৭. প্রতিটি অঙ্কের প্রযোজ্য ক্ষেত্রে সমাধানের ডান পাশে দাগ টেনে রাফ বা ব্যাখ্যা করতে হবে। ১৮. প্রতিটি অঙ্কের সঠিক নম্বর প্রদান এবং ‘উঃ’ না লিখে ‘উত্তর’ লেখার অভ্যাস করতে হবে। উত্তর লেখার সময় একক লেখার অনুশীলন করতে হবে। যেমন: ৫০ টাকা/ ২০ জন/ সময় ৭ ঘণ্টা /২০% ইত্যাদি। ১৯. জ্যামিতির সংজ্ঞা বইয়ের ভাষায় শেখার অভ্যাস করতে হবে এবং চিত্রের ক্ষেত্রে পেনসিল, কম্পাস, স্কেল, কাঁটা কম্পাস, চাঁদা, কাঠ পেনসিল ব্যবহারের নিয়ম জানতে হবে। জ্যামিতির চিত্র পেনসিল দিয়ে চিহ্নিত করতে হবে এবং বর্ণনা কলম দিয়ে লিখতে হবে। ২০. কোণের পরিমাপ, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, সরল কোণ, ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, চতুর্ভুজ, সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ, বৃত্ত, বৃত্তের কেন্দ্র, জ্যা, চাপ, ব্যাস, ব্যাসার্ধ, অর্ধবৃত্ত ইত্যাদি সম্পর্কে সটিক ধারণা নিতে হবে এবং বারবার অনুশীলন করতে হবে।