আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী,বাংলা বিষয়ের আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক শুভেচ্ছা সবার জন্য। আলোচ্যসূচিতে আজ রয়েছে আরব্য উপন্যাস আলিফ লায়লা থেকে সংগৃহীত এবং তোমাদের জন্য সংকলিত গল্প ‘দৈত্য ও জেলে’। আলিফ লায়লা বা আরব্য রজনীর আরবীয় কল্পকাহিনিগুলোর জন্ম প্রাচীন মিসরে। ১০০১টি কাহিনিভিত্তিক আরব্য রজনীর গল্পগুলো একসময় লোকের মুখে মুখে ফিরত। বাগদাদের খলিফা হারুন অর রশীদের আমলে (৭৬৪-৮০৯ খ্রি.) এবং ফাতেমীয় (৯৬৮-১১৭১ খ্রি.) ও মামলুক (১২৫০-১৩৮২ খ্রি.) রাজবংশের সময় এসব গল্পের অধিকাংশ সংগৃহীত হয়। যতদূর জানা যায়, এই মৌখিক লোককথাগুলো কখনো একহাতে, একসময় এমনকি এক দেশেও লেখা হয়নি। এসব গল্প প্রথম লিখিত রূপ পেয়েছে প্রাচীন পারসিক ভাষায় হাজার আকসানা বা হাজার গল্প নামে। এ কাহিনিগুলো মোগল আমলে মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেশে এসেছে। বর্তমান সময়ে আরব্য রজনীর গল্প বিশ্বসাহিত্য জগতের এক মূল্যবান সম্পদ। আমাদের আলোচ্য গল্পটি এ সম্পদেরই একটি অংশ। প্রশ্ন: জালা থেকে কী বের হয়ে আসল?উত্তর: নদীর ধারে বাস করা জেলে প্রতিদিন নদীতে পাঁচবার করে জাল ফেলত। এতে যে মাছ পেত তা বেচেই তার সংসারের খরচ চালাত। একদিন সকালে চার-চারবার নদীতে জাল ফেলেও কোনো মাছ পেল না। পঞ্চম ও শেষবার জাল ফেলে সে পেল একটা তামার জালা। জালাটার মুখ ঢাকনা দিয়ে আটকানো ছিল। জেলে নদীর পাড়ে পড়ে থাকা এক খণ্ড পাথর দিয়ে ঠুকে ঠুকে সাবধানে জালার মুখটা সরিয়ে ফেলল। ঢাকনা সরে গেলে জালা থেকে গল গল করে রাশি রাশি ধোঁয়া বের হয়ে আসতে লাগল। দেখতে দেখতে সেই ধোঁয়ার কুণ্ডলী একটা অতিকায় দৈত্যে পরিণত হলো। প্রশ্ন: দৈত্যটি দেখতে কেমন ছিল?উত্তর: দৈত্যটি দেখতে খুবই ভয়ংকর ছিল। তার মাথাটা একটা বিশাল ঝুড়ির মতো। একগাছিও চুল ছিল না মাথায়। আগুনের গোলার মতো ভয়ংকর দুটি চোখ আর দাঁত ছিল শ্বেত পাথরের টুকরো বসানোর মতো। দৈত্যের এই ভয়ংকর চেহারা দেখে জেলে খুব ভয় পেয়েছিল।প্রশ্ন: বাদশাহ কেন দৈত্যকে বন্দী করেছিলেন?উত্তর: দৈত্যটির নাম সক-হর-অল জিন। সে বাদশাহ সুলেমানের গোলাম ছিল। তার এমনই ক্ষমতা ছিল, দুনিয়ার কাউকে সে পরোয়া করত না। একদিন সে বাদশাহর হুকুম তামিল করতে অস্বীকার করে। এতে বাদশাহ রেগে যান এবং তাকে শায়েস্তা করার জন্য একটি তামার জালায় বন্দী করেন। তারপর বাদশাহর নাম খোদাই করে মুখ বন্ধ জালাটা নদীতে ফেলে দেন। প্রকৃত অর্থে অবাধ্য হওয়ার কারণেই বাদশাহ দৈত্যকে বন্দী করেছিলেন।প্রশ্ন: দৈত্য কেন জেলেকে মারতে চেয়েছিল?উত্তর: অবাধ্যতার কারণে বাদশাহ সুলেমান দৈত্যকে তামার জালায় বন্দী করে নদীতে ফেলে দিয়েছিলেন। নদীর তলায় দীর্ঘ সময় দৈত্যের বন্দিজীবন কাটে। একদিন সে শপথ করে, যদি চার শ বছরের মধ্যে তাকে কেউ এ বন্দিদশা থেকে মুক্তি দেয়, তবে সে তার মুক্তিদাতাকে অগাধ ধনরত্ন দিয়ে খুশি করবে। কিন্তু কেউ তাকে মুক্তি দিল না। চার শ বছর পর দৈত্য আবার শপথ করে। এবার যে তাকে উদ্ধার করবে, তাকে তিনটি বর দেবে। উদ্ধারকারী যা চাইবে তা-ই সে পাবে। কিন্তু এবারও কেউ তাকে উদ্ধার করতে এল না। এবার তার মেজাজ বিগড়ে যায়। রাগে দুঃখে অপমানে শপথ করে—এবার যদি কেউ তাকে উদ্ধার করে, তবে সেই হতচ্ছড়াকে সে কতল করবে। ভাগ্যের ফেরে গরিব জেলে দৈত্যের শেষ প্রতিজ্ঞার কবলে পড়ে। জেলে দৈত্যকে মুক্ত করলে দৈত্য প্রতিজ্ঞা অনুসারে জেলেকে মারতে চেয়েছিল। প্রশ্ন: জেলে কেমন করে দৈত্যের হাত থেকে নিজেকে রক্ষা করল?উত্তর: দৈত্যের কাহিনি শুনে জেলে বুঝতে পারল, আজ আর তার রক্ষা নেই। মরার ভয়ে ভীত হলেও জেলে বুদ্ধি হারাল না। সাহসের সঙ্গে বুদ্ধি খাটিয়ে সে বলল, দৈত্য তার এত বড় শরীরটা নিয়ে জালার মধ্যে ছিল এটা বিশ্বাসযোগ্য নয়। দৈত্যকে দেখে এ কথা কেউই বিশ্বাস করবে না যে, এত বড় শরীর নিয়ে এই ছোট্ট জালার মধ্যে সে থাকতে পারে, নিশ্চয়ই দৈত্য মিথ্যা কথা বলছে। জেলের কথা দৈত্যের অহমিকায় আঘাত করে। সে দাঁত কড়মড় করে মেঘের গর্জন তুলে বলল, দৈত্য যে কখনো মিথ্যা কথা বলে না, জেলে মরার আগেই তা জেনে যাবে। তারপর অহঙ্কারী দৈত্য চোখের পলকে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে জালার ভেতর ঢুকে গেল। সঙ্গে সঙ্গে জেলে জালার মুখে ঢাকনা লাগিয়ে আবার জলে ফেলে দিল। এভাবে বুদ্ধি খাটিয়ে কৌশলে জেলে দৈত্যের হাত থেকে নিজেকে রক্ষা করল।