আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতিঝিল, ঢাকাপঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা তোমাদেরকে। পড়াশোনার ব্যাপারে তোমরা নিশ্চয়ই এখন যথেষ্ট সচেতন। তোমাদের এই সচেতন মনকে আরও গতিশীল করার জন্য বরাবরের মতো এবারও আমাদের পড়াশোনা পাতায় থাকছে বিষয়ভিত্তিক পরামর্শ, আলোচনা, পাঠ পর্যালোচনা ও বিশেষ নির্দেশনা। সমাপনী পরীক্ষা সামনে রেখে এ সময় তোমার কী কী করণীয় এবার সে সম্পর্কে জেনে নাও।রুটিন তৈরি করা: পুরো বছরের সম্পূর্ণ সময় এখন তোমার হাতে। তাই যথাশিগগির সম্ভব তৈরি করে নেবে প্রতিদিনের পড়ার রুটিন। স্কুলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িতে পড়ার জন্য এই রুটিন তোমার অবশ্যই প্রয়োজন। বাড়িতে পড়ার জন্য প্রতিদিনের এই রুটিন তুমি নিজেই তৈরি করে নিতে পারো। আর যদি কোনো সমস্যা হয় প্রয়োজনে তোমার শিক্ষক কিংবা অভিভাবকের সহযোগিতা নিতে পারো। তবে মনে রাখতে হবে, এই রুটিনে প্রতিটি বিষয় যেন অন্তর্ভুক্ত থাকে।সমাপনী পরীক্ষার বিষয় সম্পর্কে ধারণা: সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার পাঠ্য ছয়টি বিষয়ের ওপর। আর এই ছয়টি বিষয় হলো বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ পরিচিতি সমাজ, পরিবেশ পরিচিতি বিজ্ঞান ও ধর্মশিক্ষা। তাই বছরের শুরু থেকে বিষয়ভিত্তিক প্রশ্নের ধারা ও মানবণ্টন সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে। পাশাপাশি কোন বিষয়ের কোন প্রশ্নের উত্তর কেমন লিখলে, কতটুকু লিখলে ভালো এবং যথার্থ নম্বর পাওয়া যাবে, সে সম্পর্কেও জানতে হবে। এ ব্যাপারে তোমার বিষয়-শিক্ষকের সহায়তা নেওয়াই ভালো। এ ছাড়া আমাদের পড়াশোনা পাতা নিয়মিত পড়লেও এ সম্পর্কে জানতে পারবে।নিয়মিত পড়াশোনা করা: যেকোনো বিষয়ে সাফল্যের পূর্বশর্ত হলো চর্চা ও অনুশীলন। যে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক চর্চা ও অনুশীলন যত বেশি আন্তরিক সে শিক্ষার্থীর সাফল্য শতভাগ নিশ্চিত। আর তাই বিষয়ভিত্তিক চর্চা ও অনুশীলন গতিশীল করার জন্য তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। মনে রেখো, তোমার পড়াশোনা সঠিক ও তথ্যনির্ভর হবে তখনই, যখন পাঠ্যবইয়ের ওপর তোমার সম্পূর্ণ ধারণা থাকবে। পাঠ্যবইয়ের বিকল্প হিসেবে কখনো গাইড বই নির্বাচন করা ঠিক হবে না। পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের প্রতিটি লাইন আয়ত্তে থাকলে ভালো ফলাফলের পথ সুগম হবে, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। কাজেই প্রতিটি বিষয়ে পাঠ শেখা ও পাঠ তৈরির ক্ষেত্রে পাঠ্যবইকেই প্রাধান্য দেবে।যা শিখবে তা লেখার অভ্যাস করবে: পরীক্ষায় সাফল্যের একটি বিশেষ অংশ হলো লেখা। শুধু পড়ে গেলেই চলবে না। প্রশ্নোত্তর শেখা হলে তা না দেখে বারবার লেখার অভ্যাস করতে হবে। লেখার ব্যাপারে অনেকে কখনো কখনো আলসেমি করে থাকে। এটা কখনো ঠিক নয়। মনে রাখতে হবে, পরীক্ষা মৌখিক হয় না। লেখার মাধ্যমেই হয়ে থাকে। তাই তোমার শেখা প্রশ্নোত্তর সঠিক বানানে যথার্থভাবে উত্তরপত্রে উপস্থাপন করতে হলে এবং ভালো নম্বর পেতে হলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি লেখার অভ্যাসও করতে হবে।সময় বিভাজন ও ভুল সংশোধন: লেখার সময় ঘড়ি পাশে রাখবে। একটি প্রশ্নের উত্তর কত সময় ধরে তুমি লিখলে কিংবা কোন লেখা কত সময়ের মধ্যে শেষ করা দরকার এবং তুমি কত সময়ের মধ্যে শেষ করতে পেরেছ, তা বুঝে নিতে সুবিধা হবে। লেখা শেষ হওয়ার পর তোমার শেখা মূল উত্তরের সঙ্গে মিলিয়ে দেখবে। ভুল অংশগুলো লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখবে। পরবর্তী সময় যেন ভুল না হয়, সে জন্য ভুল অংশ, ভুল বানান বারবার লিখবে। মনে রেখো, এভাবে নিয়মিত লেখার অভ্যাস তোমাকে ভুলের মাত্রা কমিয়ে আনতে যেমন সাহায্য করবে, তেমনি লেখার গতিও বাড়াবে। আর একটি কথা, সবসময় চেষ্টা করবে লেখা যেন স্পষ্ট ও পরিষ্কার হয়। হিজিবিজি কাটা কিংবা ওভাররাইটিংয়ের অভ্যাস বাদ দেবে।