প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পড়াশোনা: সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ এগার অধ্যায়ের বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: পাহাড়পুরের প্রধান প্রধান প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের নাম লেখ।উত্তর: নওগাঁ জেলার বদলগাছি থানার একটি গ্রামের নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। খননের ফলে পাহাড়পুরে সোমপুর মহাবিহার নামে এক বিরাট বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই বিরাট স্থাপনার চারদিকে বসবাসের জন্য ১৭৭টি কক্ষ, বড় প্রবেশপথ, অসংখ্য নিবেদন স্তূপ ও মন্দির রয়েছে। পাহাড়পুরে আবিষ্কৃত সোমপুর বিহার পাল বংশের শাসক ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। এ ছাড়া পাহাড়পুরে বিভিন্ন সময়ে নির্মিত আরও কিছু ইমারতের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এসব ধ্বংসাবশেষের মধ্যে উল্লেখযোগ্য হলো স্নানঘাট, গন্ধেশ্বরীর মন্দির ও সত্যপীর ভিটা। প্রশ্ন: সোনারগাঁর ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি নিদর্শনের নাম উল্লেখ করো।উত্তর: ঢাকা শহর থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সোনারগাঁর অবস্থান। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। সোনারগাঁ ছিল মধ্যযুগে বাংলার মুসলিম শাসকদের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্র। সোনারগাঁয় রয়েছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। বর্তমানে যেসব নিদর্শন বিদ্যমান আছে, তার মধ্যে অধিকাংশই হচ্ছে সুলতানি ও মোগল আমলের। আর এসব নিদর্শনের বেশির ভাগই হলো ধর্মীয় ইমারত। ধর্মীয় ইমারত ছাড়া রয়েছে মোগল আমলের কয়েকটি সেতু এবং ইংরেজ আমলের আবাসিক বাসভবন। আরও রয়েছে বড় দিঘি। ধর্মীয় ইমারতগুলোর মধ্যে রয়েছে মসজিদ, মঠ, দরগাহ, সরদারবাড়ি, পানাম নগরের ধ্বংসাবশেষ এবং গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি। প্রশ্ন: লালবাগ দুর্গে কী কী ঐতিহাসিক নিদর্শন রয়েছে?উত্তর: পুরান ঢাকা নগরীর দক্ষিণ-পশ্চিম কোনে বুড়িগঙ্গা নদীর তীরে দুর্গটির অবস্থান। মোগল আমলে শাহজাদা আজম শাহ এবং সুবাদার শায়েস্তা খানের সময় নির্মিত হয় লালবাগ দুর্গ। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এ দুর্গের ঐতিহাসিক নিদর্শনের মধ্যে রয়েছে কারুকাজখচিত প্রাচীর, ফটক, দরবারহল, মসজিদ, মোগল সুবাদার শায়েস্তা খানের কন্যা পরীবিবির সমাধি সৌধ ও পুকুর। পরীবিবির সমাধি সৌধটি মোগল স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন। প্রশ্ন: বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থান সম্বন্ধে আমরা কেন জানব?উত্তর: প্রাচীনকাল থেকে এ দেশের অর্থাৎ বাংলাদেশের বর্তমান ভূখণ্ডে উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থান যেমন বগুড়ার মহাস্থান গড়, কুমিল্লার ময়নামতি, নওগাঁর পাহাড়পুর, সোনারগাঁ, লালবাগের কেল্লা, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ইত্যাদি। এগুলো প্রাচীন সভ্যতার নিদর্শন বহন করছে। আমাদের দেশের আরও অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থান রয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতিবহন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, জাদুঘর, ভাস্কর্য ইত্যাদি। সম্প্রতি নরসিংদীর ওয়ারি বটেশ্বরে বাংলার প্রাচীন নগরসভ্যতার নিদর্শন আবিষ্কৃৃত হয়েছে। আমাদের জাতীয় ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির অংশ এগুলো। এগুলো আমাদের গর্ব। আমরা এগুলো সম্পর্কে জানব। তাহলে আমাদের বাস্তব অভিজ্ঞতা অর্জিত এবং জ্ঞানসমৃদ্ধ হবে। এভাবে আমাদের জাতীয় ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে।