প্রাথমিক শিক্ষা সমাপনীতে চট্টগ্রামে পাসের হার ৯৭.৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম জেলায় পাসের হার ৯৭.৩৬ শতাংশ। গতবার এই হার ছিল ৯৭.৮৭ শতাংশ। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার পাস করেছে ৯০.৬৩ শতাংশ শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ে ২০১৫ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. দৌলতুজ্জামান খান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, এবার চট্টগ্রাম জেলার ২০টি থানায় এক লাখ ৫২ হাজার ৫২৮ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে এক লাখ ৪৮ হাজার ৫০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৩৪ জন। পাসের হারে সবচেয়ে এগিয়ে রাঙ্গুনিয়া থানা। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নগরের কোতোয়ালি থানা। ইবতেদায়ি পরীক্ষায় এ বছর অংশ নিয়েছিল ২৩ হাজার ২৯৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ২১ হাজার ১১৩ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৯০ জন।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানিয়েছে, এবার চট্টগ্রাম জেলায় তিন হাজার ৯১০টি বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়। মাদ্রাসার সংখ্যা ছিল ৫৪১ টি।