প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শখের মৃৎশিল্পপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আজকের পড়াশোনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। বাংলা বিষয়ের ওপর পড়াশোনায় আজ তোমাদের জন্য রয়েছে শখের মৃৎশিল্প। মাটির তৈরি শিল্পকর্মকে বলা হয় মাটির শিল্প বা মৃৎশিল্প। বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় এই মাটির শিল্পে। মৃৎশিল্প আমাদের এ দেশের নিজস্ব শিল্প। তোমরা নিশ্চয়ই বৈশাখী মেলায় কিংবা নানা পার্বণে বিভিন্ন মেলায় মাটির তৈরি নানা রকম পুতুল, নকশা করা হাঁড়ি, মাটির ফল, তৈজসপত্র বিক্রি হতে দেখেছ। মাটির তৈরি এসব জিনিসই মৃৎশিল্প। গ্রামের কুমোররা নিপুণভাবে এসব তৈরি করে। প্রাচীনকাল থেকে এ দেশে মৃৎশিল্পের চর্চা হচ্ছে। ময়নামতির শালবন বিহার, বগুড়ার মহাস্থানগড়, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে দেখা যায় পোড়ামাটির ফলক। পোড়ামাটির এসব ফলককে বলা হয় টেরাকোটা। মাটির শিল্প আমাদের বাংলাদেশের ঐতিহ্য। মৃৎশিল্প সম্পর্কে কিছুটা ধারণা তো নেওয়া হলো। এবার এসো, এই প্রবন্ধের কয়েকটি প্রশ্নের নমুনা উত্তর দেখা যাক। প্রশ্ন: মাটির শিল্প বলতে কী বুঝ?উত্তর: কোনো কিছু যখন সুন্দর করে আঁকা হয়, সুন্দর করে তৈরি করা হয়, তখন তা হয়ে ওঠে শিল্প। আর শিল্পের এই কাজকে বলা হয় শিল্পকলা। আমাদের বাংলাদেশে অনেক রকম শিল্পকলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রাচীন ও অন্যতম হলো মাটির শিল্প। মাটি দিয়ে তৈরি এই শিল্পকর্মের মধ্যে রয়েছে মাটির কলসি, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠা তৈরির ছাঁচ ইত্যাদি। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। আর এই শিল্পের প্রধান শিল্পী হলো কুমোর সম্প্রদায়। কুমোর সম্প্রদায়ের হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞানে মাটি দিয়ে তৈরি শিল্পকর্মকে মাটির শিল্প বলা হয়। মাটির শিল্পের আরেক নাম হলো মৃৎশিল্প। প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি?উত্তর: শিল্প বলতে আমরা বুঝি কোন কিছু সুন্দর করে আঁকা, সুন্দর করে গাওয়া, সুন্দর করে তৈরি করা। আর শিল্পের এই কাজকে বলা হয় শিল্পকলা। আমাদের দেশে নানা শিল্পকলা রয়েছে, রয়েছে নানা ধরনের শিল্পকর্ম। এসব শিল্পকর্মের মধ্যে বাংলাদেশের প্রাচীন শিল্পকলার পরিচয় পাওয়া যায় মাটির শিল্পে। এটা এদেশের নিজস্ব শিল্প। বৈশাখী মেলায় ও নানা পার্বণে যেসব মাটির জিনিস বিক্রি হয়, সে সবকিছুই মাটির শিল্প। গ্রামের কুমোরেরা নিপুণভাবে এসব তৈরি করে। প্রাচীনকাল থেকেই এ দেশে মৃৎশিল্প বা মাটির শিল্পের চর্চা হয়ে আসছে। ময়নামতির শালবন বিহার, বগুড়ার মহাস্থানগড় ও বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে যেসব পোড়ামাটির ফলক বা টেরাকোটার নিদর্শন রয়েছে, সেসব মাটি দিয়েই তৈরি। কাজেই বলা যায়, বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম হচ্ছে মাটির শিল্প বা মৃৎশিল্প। প্রশ্ন: শখের হাঁড়ি কী রকম?উত্তর: মাটির তৈরি যেসব শিল্পকর্ম রয়েছে, তার মধ্যে শখের হাঁড়ি একটি অন্যতম শিল্পকর্ম। শখের হাঁড়ি বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো হাঁড়িতে ফুল আঁকা, কোন হাঁড়িতে পাতা আঁকা, আবার কোনো কোনো হাঁড়িতে মাছের ছবি আঁকা। অপূর্ব সুন্দর কারুকাজখচিত এসব হাঁড়ি সহজেই মানুষের দৃষ্টি কেড়ে নেয়। মানুষ শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখে। তাই এই হাঁড়িকে শখের হাঁড়ি বলা হয়। শখের হাঁড়ি দৃষ্টিনন্দন এবং শিল্প সৌকর্যে অতুলনীয়। প্রশ্ন: বৈশাখী মেলায় কী কী পাওয়া যায়?উত্তর: বৈশাখী মেলা বাংলাদেশের অন্যতম সামাজিক উৎসব। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই মেলা বসে। বৈশাখী মেলায় অনেক কিছু পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, মাটির তৈরি নানা বর্ণের নানা রঙের বিচিত্র হাঁড়ি, মাটির ঘোড়া, হাতি, ষাঁড়, পুতুল, মাছ, বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার চাঁই, খলই ইত্যাদি। বৈশাখী মেলায় আরও পাওয়া যায় বাঙ্গি, তরমুজ, মুড়ি-মুড়কি, জিলাপি, বাতাসা আর কদমা। এছাড়া বৈশাখী মেলার অন্যতম আকর্ষণ হলো নাগর.েদালা। প্রশ্ন: কয়েকটি মৃৎশিল্পের নাম লেখো। উত্তর: মৃৎশিল্প আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প। এ দেশের কুমোর সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে নানা রঙের, নানা বর্ণের ও বিভিন্ন রকমের মৃৎশিল্প। আমাদের দেশের কুমোরদের তৈরি কয়েকটি মৃৎশিল্পের নাম হলো: মাটির কলস, হাঁড়ি, সরা, মটকা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, জালা, পিঠা তৈরির ছাঁচ, পুতুল ও নানা রকম পশু, পাখি, মাছ ইত্যাদি। এ ছাড়া আমাদের দেশে একসময় গড়ে উঠেছিল অনিন্দ্যসুন্দর মৃৎশিল্প টেরাকোটা। বাংলার অনেক পুরোনো মৃৎশিল্প এই টেরাকোটা।