অধ্যায়-৯ প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৯ থেকে রচনামূলক প্রশ্নের উত্তর দেওয়া হলো। কাঠামোবদ্ধ/রচনামূলক প্রশ্ন উত্তর:প্রশ্ন: প্রযুক্তি স্থির থাকে না, ক্রমাগত বদলে যায়—এটি উদাহরণসহ ব্যাখ্যা করো।উত্তর: সভ্যতার অগ্রগতির সঙ্গে প্রযুক্তি বদলে যায় ও বিকশিত হয়। আগে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মানুষ গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ব্যবহার করত; বর্তমানে সেখানে বহু মানুষের চলাচলের জন্য বাস, ট্রেন, অ্যারোপ্লেন ব্যবহার করা হচ্ছে। প্রাচীনকালে মানুষ বসবাসের জন্য মাটির তৈরি ঘরবাড়ি তৈরি করলেও যুগের পরিবর্তনে চাহিদার পরিপ্রেক্ষিতে এখন বহুতল দালান নির্মাণ করে আরামদায়ক জীবনযাপন করছে। ফসল উৎপাদনের জন্য আগের দিনে মানুষ লাঙল, কোদাল, কাস্তে ইত্যাদি ব্যবহার করত। কিন্তু কৃষি প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তনের ফলে ট্রাক্টর, পাওয়ার টিলার, সেচযন্ত্র, উন্নত বীজ ব্যবহারে অধিক ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। আগেকার দিনে মানুষ কবুতরের সাহায্যে ও ঘোড়ায় চড়ে চিঠি এক স্থান থেকে অন্য স্থানে পাঠাত। পরবর্তী সময়ে টেলিফোন, মোবাইল ফোন, ফ্যাক্স ইত্যাদি প্রযুক্তি উদ্ভাবনের ফলে মানুষের তথ্য আদান-প্রদানের যুগান্তকারী পরিবর্তন এসেছে। তাই যুগের পরিবর্তনের কালক্রমে প্রযুক্তি ক্রমাগত বদলে যেতে থাকে এবং উন্নততর হয়।প্রশ্ন: বিজ্ঞানের অপব্যবহারের কয়েকটি উদাহরণ দাও।উত্তর: বিজ্ঞানের আবিষ্কারকে কাজে লাগিয়ে প্রযুক্তি তৈরি করা হয়। আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য বিজ্ঞানের আবিষ্কারের যেমন সফল ব্যবহার আছে, তেমনি অপব্যবহারও রয়েছে। যেমন- ত্রুটিপূর্ণ গাড়ি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বায়ু দূষিত করছে। ফলে সৃষ্টি হচ্ছে শ্বাসকষ্টসহ নানা রকম অসুখ। শস্যের খেতে অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার বাতাস ও পানিকে দূষিত করছে। মাটির উর্বরাশক্তিও হ্রাস পাচ্ছে। রেডিও, টেলিভিশন ও কম্পিউটারের অপব্যবহার মানবদেহে নানা রকম সমস্যার সৃষ্টি করছে। এসব সমস্যার মধ্যে রয়েছে কানে কম শোনা, কাঁধ ও ঘাড়ে ব্যথা, চোখের পানি শুকিয়ে যাওয়া, দৃষ্টি কমে যাওয়া ইত্যাদি। আবার এয়ারকুলার, রেফ্রিজারেটর থেকে নির্গত সিএফসি নামক পদার্থ পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরকে নষ্ট করে দিচ্ছে। তা ছাড়া পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে বিভিন্ন শহর ধ্বংস হচ্ছে এবং সেই সঙ্গে অনেক মানুষের প্রাণহানি ঘটছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল