অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের অধ্যায়-১২ থেকে ‘অল্প কথায় উত্তর দাও’ শীর্ষক প্রশ্নোত্তর দেওয়া হলো। অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: ম্রোদের সমাজব্যবস্থা ও উৎসবের বর্ণনা দাও। উত্তর: ম্রো সমাজে বহু দল ও গোত্র রয়েছে। ম্রো পরিবারের প্রধান হলেন পিতা। তাদের রয়েছে গ্রামভিত্তিক সমাজব্যবস্থা। ম্রোরা তাদের বাড়িকে ‘কিম’ বলে। সাধারণত বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার ওপরে তারা বাড়ি তৈরি করে। জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে ম্রোরা বিভিন্ন আচার উৎসব পালন করে। ম্রো সমাজের রীতি অনুযায়ী শিশুদের বয়স তিন বছর হলে ছেলে ও মেয়ে উভয়ের কানেই ছিদ্র করে দেওয়া হয়। প্রশ্ন: সব জাতিগোষ্ঠীর মানুষের পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন?উত্তর: বাংলাদেশে পাহাড় ও সমতলে অনেক ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে। দেশের উন্নয়নের জন্য সব জাতিগোষ্ঠীর মানুষের পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। তাই সবাই একসঙ্গে লেখাপড়া ও খেলাধুলা করব। আমরা পরস্পর পরস্পরকে বিভিন্নভাবে জানার চেষ্টা করব। সবাই সবার উৎসবে-অনুষ্ঠানে অংশগ্রহণ করব। একে অন্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে শ্রদ্ধা জানাব। বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি। এ দেশের উন্নয়নে আমরা সবাই মিলেমিশে কাজ করব। প্রশ্ন: ত্রিপুরাদের উৎসবের বর্ণনা দাও?উত্তর: বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় ত্রিপুরারা বসবাস করেন। এ ছাড়া সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম জেলায়ও কিছুসংখ্যক ত্রিপুরা বাস করে। ত্রিপুরা সমাজে জন্ম, মৃত্যু, বিয়ে উপলক্ষে নানা আচার অনুষ্ঠান পালন করা হয়। বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের প্রথম দিনে ত্রিপুরারা ‘বৈসু’ উৎসব পালন করে। তখন গ্রামবাসীরা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, আর কিশোরীরা কানে ফুল, গলায় টাকার ছড়া, পুঁতির মালা, হাতে কুচিবালা ইত্যাদি পরে আনন্দ উৎসবে মেতে ওঠে। ‘বৈসু’ উৎসবের অন্যতম প্রধান ও আকর্ষণীয় অনুষ্ঠান হলো ‘গরয়া নৃত্য’। ত্রিপুরা শিশুরা ‘খিলা’ (গিলা) বা ‘সুকুই’ নামে বিচি দিয়ে খেলতে ভালোবাসে। যাকে তারা ‘সুকুই থুংমুং’ বলে। হা-ডু-ডু, দাড়িয়াবান্ধাও তারা খেলে। প্রশ্ন: বাংলাদেশের কোন কোন অঞ্চলে ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে?উত্তর: বাংলাদেশে অনেক ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে। পার্বত্য অঞ্চলে ১১টি জাতিসত্তা অতীতকাল থেকে বসবাস করে আসছে। এরা হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, বম, পাংখুয়া, চাক, খ্যাং, খুমি এবং লুসেই। বৃহত্তর ময়মনসিংহে রয়েছে গারো, হাজং, কোচ এবং বৃহত্তর সিলেটে রয়েছে খাসি, পাত্র ও মণিপুরি জনগোষ্ঠী। আবার দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা প্রভৃতি এলাকায় রয়েছে সাঁওতাল, ওঁরাও, মাহালি, মালো, মুন্ডা, মালবাহাড়ি ইত্যাদি। এ ছাড়া কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায় বসবাস করে রাখাইন জনগোষ্ঠী।