প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: লালবাগ দুর্গের নিদর্শনগুলোর বর্ণনা দাও।উত্তর: ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ দুর্গ আমাদের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। ১৬৭৮ সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা ‘মোহাম্মদ আযম’ ঢাকার সুবেদার থাকাকালে এটি তৈরির কাজ শুরু হয়।লালবাগ দুর্গের উত্তর ও দক্ষিণ দিকে দুটি প্রবেশপথ রয়েছে। দক্ষিণ দিকের প্রবেশপথে অনেক সুড়ঙ্গপথ ছিল। এ দুর্গের ভেতরে ‘দিওয়ান-ই-আম’ নামের দরবার হল, তিন গম্বুজবিশিষ্ট একটি মসজিদ ও একটি পুকুর রয়েছে। এ ছাড়া রয়েছে শায়েস্তা খাঁর কন্যা পরী বিবির মাজার।লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি সম্পূর্ণ ইটের তৈরি। এর চারদিকেও ইটের তৈরি উঁচু প্রাচীর রয়েছে। এ দুর্গটির মাখঝানে খোলা জায়গা আছে। মোগল শাসকেরা খোলা জায়গায় সুন্দর সুন্দর তাঁবুতে বাস করতেন। তবে মাঝখানে একটি দোতলা ছোট সুরম্য প্রাসাদ ছিল। বর্তমানে সেখানে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।প্রশ্ন: বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন?উত্তর: বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এ দেশের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। দীর্ঘদিন থেকে এ দেশে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ বসবাস করে আসছে। অনেক শাসক রাজত্ব করেছেন। সৃষ্টি হয়েছে অনেক ঐতিহাসিক স্থান। দেশের বিভিন্ন স্থানে রয়েছে এসবের নানা নিদর্শন। এগুলোর মধ্যে মহাস্থানগড়, উয়ারী-বটেশ্বর, পাহাড়পুর, ময়নামতি, সোনারগাঁ, লালবাগ দুর্গ, আহ্সান মঞ্জিল ইত্যাদি উল্লেখযোগ্য।এসব নিদর্শন আমাদের অতীত সভ্যতা ও সংস্কৃতির পরিচয় বহন করে। আমরা এসব ঐতিহ্যে গৌরব বোধ করি। আমরা এসব ঐতিহাসিক স্থান ও নিদর্শন দেখব। এগুলো সাধ্যমতো সংরক্ষণ করব।প্রশ্ন: সোনারগাঁয়ে কোন আমলের ঐতিহাসিক নিদর্শন রয়েছে?উত্তর: নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁ আমাদের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। মধ্যযুগে মুসলমান শাসন আমলে বেশ কিছুকাল এখানে বাংলার সুলতানদের রাজধানী ছিল।সোনারগাঁ মোগল আমলের বারো ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঈশা খাঁ ও তাঁর পুত্র মুসা খাঁর রাজধানী ছিল। এটি সে আমলের প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র ছিল। সেসব গৌরবময় দিনের কিছু নিদর্শন বর্তমান সোনারগাঁয়ে ছড়িয়ে আছে। নিদর্শনগুলোর মধ্যে বিরাট আকারের দিঘি, মাটির স্তূপ, ধ্বংসপ্রাপ্ত কেল্লা, মসজিদ ও পানাম নগরের ধ্বংসাবশেষ বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়া রয়েছে সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের মাজার ও পাঁচ পীরের মাজার।সোনারগাঁয়ের গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন।প্রশ্ন: ময়নামতি কোন সময়ের এবং কোন কোন ধর্মীয় সভ্যতার পরিচয় বহন করে?উত্তর: কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ময়নামতি অবস্থিত। রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনি এই জায়গার সঙ্গে জড়িত। ময়নামতির প্রত্ন নিদর্শনগুলো আট থেকে বারো শতক পর্যন্ত প্রায় ৪০০ বছরের দক্ষিণ-পূর্ব বাংলার ঐতিহাসিক বৈশিষ্ট্যের পরিচয় বহন করে।এখানে অনেক প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে। এগুলোর মধ্যে ‘শালবন বিহার’, ‘কুটিলা মুড়া’, ‘রানির বাংলো’, ‘আনন্দ বিহার’, ‘রূপবান মুড়া’, ‘ভোজ বিহার’ ও ‘ময়নামতি টিবি’ বিশেষ উল্লেখযোগ্য। এগুলোয় বাংলার বৌদ্ধসভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেছে। এ ছাড়া এখানে জৈন ও হিন্দু দেব-দেবীর অনেক মূর্তি পাওয়া গেছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল