প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের প্রাণীপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ রয়েছে বাংলা বিষয়ের প্রবন্ধ ‘সুন্দরবনের প্রাণী’। এসো তাহলে শুরু করা যাক। প্রশ্ন: বাঘ কেন সংরক্ষণ করা প্রয়োজন?উত্তর: বাঘ হিংস্র হলেও সুন্দরবনের জন্য প্রয়োজনীয় প্রাণী। ‘রয়েল বেঙ্গল টাইগার’ নামটি পৃথিবীতে সবাই জানে এবং জানে যে এ বাঘ বেঙ্গলে, অর্থাৎ বাংলাদেশেই একমাত্র দেখা যায়। যদি বাঘই না থাকে, তো রয়েল বেঙ্গল থাকবে কীভাবে? তাই বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের উচিত ও কর্তব্য।প্রশ্ন: ক্যাঙারু কোথায় দেখা যায়? উত্তর: প্রাণীজগতের এক বিচিত্র প্রাণী হলো ক্যাঙারু। একমাত্র অস্ট্রেলিয়াতেই এই প্রাণীটি দেখা যায়। এদের চারটি পা, কিন্তু পেছনের দুপা বড় আর সামনের পা দুটি ছোট। এ জন্য অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো ক্যাঙারু হাঁটাচলা করতে পারে না। পেছনের দুই পায়ে ভর দিয়ে এরা লাফিয়ে লাফিয়ে চলে। বুকের নিচে একটা থলিতে এরা তাদের বাচ্চা রাখে। এই বিচিত্র প্রাণী ক্যাঙারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হয়। প্রশ্ন: সুন্দরবনে কি গন্ডার পাওয়া যায়?উত্তর: প্রাণীজগতের আরেক বিস্ময় প্রাণী গন্ডার। এটি কালো রঙের চতুষ্পদ প্রাণী, উচ্চতায় ও লম্বায় গরুর আকারের। এদের নাকের ওপরে একটা শিং থাকে। ইংরেজ আমলের প্রথম দিকে, অর্থাৎ প্রায় তিনশ বছর আগে, সুন্দরবনে গন্ডারের সংখ্যাধিক্য ছিল। কিন্তু সেই গন্ডার এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। ইংরেজ শাসক ও দেশীয় কর্মচারী এবং স্থানীয় দক্ষ শিকারি সবাই মিলে ক্রমান্বয়ে গন্ডারের বংশ ধ্বংস করেছে।বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ভ্রাতা নলিনীভূষণ রায় ১৮৮৫ সালে সুন্দরবনে শেষ গন্ডার দেখেছিলেন বলে জানা যায়। বর্তমানে সুন্দরবনে গন্ডার সম্পূর্ণভাবে অবলুপ্ত। প্রশ্ন: বাংলাদেশে হাতি কোন অঞ্চলে দেখা যায়? উত্তর: ডাঙ্গায় বাস করে এমন প্রাণীদের মধ্যে হাতির মতো বড় দ্বিতীয় কোনো প্রাণী নেই। একসময় এই বৃহৎ প্রাণী সুন্দরবনে দেখা যেত। এখন সুন্দরবনে কোনো হাতি নেই। বর্তমানে বাংলাদেশে একমাত্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হাতি দেখা যায়। রাঙামাটি ও বান্দরবান জেলায় পাহাড়ি অঞ্চলের গভীর অরণ্যে বুনো হাতির দল ঘুরে বেড়ায়। প্রশ্ন: শকুন কীভাবে মানুষের উপকার করে? উত্তর: ক্রমেই নিশ্চিহ্ন হতে চলেছে, এমন প্রাণীদের মধ্যে অন্যতম শকুন। শকুন নানাভাবে মানুষের উপকার করে। মানুষের পক্ষে যা ক্ষতিকর, সেই সব আবর্জনা শকুন খেয়ে ফেলে এবং সে কারণেই আমাদের চারদিকের পরিমণ্ডল বসবাসের যোগ্য রয়েছে। আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হচ্ছি না। ফলে শকুন সত্যিকার অর্থে মানুষের অনেক উপকার করে।